সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় এগিয়ে এল সেই দিনটা। আগামী ৯ নভেম্বর নোট বাতিলের বর্ষপূর্তি। দিনটা দেশের ইতিহাসে যুগান্তকারী না কি কালো দিন তা রাজনৈতিক দলগুলির তরজার বিষয়। তার চেয়ে দেশবাসীর চিন্তার বিষয় অন্য। নোট বাতিলের বর্ষপূর্তির কয়েকদিন আগেও ফেরত আসা বাতিল গুনতে ও যাচাই করতে ব্যস্ত রিজার্ভ ব্যাঙ্ক। তথ্য জানার অধিকার আইনে প্রশ্নের উত্তরে আরবিআই জানিয়েছে, ৫০০ ও ১০০০ টাকার যত বাতিল নোট কেন্দ্রীয় ব্যাঙ্কে ফেরত এসেছে তা সবই কারেন্সি ভেরিফিকেশন পদ্ধতির মাধ্যমে যাচাই প্রক্রিয়াভুক্ত রয়েছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১,১৩৪ কোটি ৫০০ টাকার নোট ও ৫২৫ কোটি ১০০০ টাকার বাতিল নোট যাচাই করেছে আরবিআই। যার মূল্য প্রায় ৫.৬৭ ও ৫.২৪ লক্ষ কোটি টাকা। তার মানে সবমিলিয়ে ১০.৯১ লক্ষ কোটি টাকার বাতিল নোট প্রক্রিয়াকরণ করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এর থেকেই কেন্দ্রীয় সরকারের বিমুদ্রাকরণ নীতি ও তার ফলাফলের প্রকৃত রূপ জনমানসে প্রকাশ পাচ্ছে।
[বাতিল নোট কতটা ফিরল? অবশেষে তথ্য প্রকাশ আরবিআই-এর]
আরবিআই জানিয়েছে, বাতিল নোটগুলি দুবার করে ভেরিফিকেশন মেশিনগুলিতে যাচাই করা হচ্ছে। এখবর পিটিআই সূত্রে পাওয়া। তাহলে কবে গণনাপর্ব শেষ হবে, ডেডলাইন নিয়ে কপালে চিন্তার ভাঁজ কেন্দ্রীয় ব্যাঙ্কের কর্তাদের। আরটিআই-এর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাঙ্কের কাছে এখনও পর্যন্ত জমা হওয়া বাতিল নোটের সংখ্যা জানতে চাওয়া হয়েছে। এসবের উত্তরে আরবিআই জানিয়েছে, এখনও প্রক্রিয়া চলছে। তাই বাতিল নোটের সংখ্যার পূর্ণাঙ্গ হিসাব এখনই তারা জানাতে অপারগ। তবে কেন্দ্রীয় ব্যাঙ্কের সাফাই, ৬৬টি কারেন্সি ভেরিফিকেশন মেশিন নোট বাতিলের পর বিভিন্ন ব্যাঙ্কে প্রধান শাখায় বসিয়ে দেওয়া হয়েছে। মোদ্দা বিষয়, নোট বাতিলের বর্ষপূর্তিতেও বাতিল নোট নিয়ে হিমশিম অবস্থা রিজার্ভ ব্যাঙ্কের। ২০১৬-২০১৭ আর্থিক বর্ষের একটি রিপোর্টে গত ৩০ আগস্ট আরবিআই জানায়, ১৫.২৮ লক্ষ কোটি অর্থাৎ ৯৯ শতাংশ বাতিল নোটই ফের ব্যাঙ্কে ফেরত এসেছে।
এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা সাধে বিরোধী দলগুলি। নোট বাতিলের যৌক্তিকতা নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়ে বিজেপি। ড্যামেজ কন্ট্রোলের অনেক চেষ্টা করেন মোদি ও জেটলি। কিন্তু বিরোধীরা সরব থাকে। কংগ্রেস ও তৃণমূল-সহ একাধিক বিরোধী দল আগামী ৯ নভেম্বর নোট বাতিলের বর্ষপূর্তিতে কালা দিবস পালন করার ডাক দিয়েছে। তারই পালটা বিজেপির ঘোষণা, ওইদিন দেশ জুড়ে গেরুয়া শিবির কালো টাকা বিরোধী দিবস পালন করবে।
সর্বশেষ খবর
-
ফের ‘মা’ ফ্লাইওভারে চিনা মাঞ্জায় আহত বাইকচালক, কেন বারবার দুর্ঘটনা? ঘটনাস্থলে পৌঁছে প্রশ্ন মন্ত্রীর
-
ঢাকার অদূরে পোশাক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, অগ্নিকাণ্ডে মৃত ৭, আহত অন্তত ৪০ শ্রমিক
-
হেরিটেজ ট্যুরিস্ট সার্কিটে বাগবাজার গৌড়ীয় মঠ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
রাতের বাইপাসে ভয়ংকর দুর্ঘটনা, বাইকে ধাক্কা অ্যাপ ক্যাবের, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ২
-
রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে জয়শংকর, ভাষণ দেবেন শনিবার