চলন্ত ট্রেনে চুরি, হাওড়ার হোটেল থেকে পাকড়াও এক ডজন দুষ্কৃতী

উদ্ধার নগদ দু’লক্ষ টাকা, সোনা ও মোবাইল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০১৮, ১৯:৫৮

options
link
চলন্ত ট্রেনে চুরি, হাওড়ার হোটেল থেকে পাকড়াও এক ডজন দুষ্কৃতী

সুব্রত বিশ্বাস: দুষ্কৃতী অভিযানে বড়সড় সাফল্য রেলপুলিশের। শুক্রবার রাতে হাওড়ার একটি হোটেল থেকে চলন্ত ট্রেনের চুরির গ্যাংকে ধরল আরপিএফ। হাওড়া জেলা পুলিশ ও আরপিএফের নেতৃ্ত্বে স্টেশন লাগোয়া বাসস্ট্যান্ড এলাকার একটি হোটেলে অভিযান চলে। হোটেলর ঘর থেকেই হাতেনাতে ধরা পড়ে ১২ জন দুষ্কৃতী। তাদের কাছ থেকে নগদ দু’লক্ষ টাকা, প্রচুর সোনার গয়না ও বেশকিছু মোবাইল ফোন উদ্ধার হয়েছে। ১২ জনকেই জেলা পুলিশের হাতে তুলে দিয়েছে আরপিএফ। ধৃতদের জেরা করা হচ্ছে।

Advertisement

[ছুটির দিনে বন্ধুদের নিয়ে বাইক রেসিং, শহরে প্রাণ গেল যুবকের]

জেরায় জানা গিয়েছে, দুষ্কৃতী দলটি হরিয়ানা ও দিল্লির বাসিন্দা। বেশ কয়েকবছর ধরেই তারা এই দুষ্কর্ম চালাচ্ছে। হাওড়া স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সংরক্ষিত কামরায় উঠে পড়ে। তখন সবে ট্রেন ছেড়েছে। সিট নম্বর খুঁজে লাগেজ গোছাতেই ব্যস্ত থাকেন যাত্রীরা। এই সুযোগই নেয় ১২জন। নিজেরাও টিকিট কেটেই ট্রেনের কামরায় উঠে যায়। কাঁধে থাকে ব্যাগ। সময় সুযোগ মতো যাত্রীর ব্যাগের সঙ্গে শুধু নিজেদের ব্যাগটি বদলে নেওয়া। কাজ হয়ে গেলেই টিকিয়াপাড়া কারশেডের কাছে টুক করে ট্রেন থেকে নেমে পড়া। তারপর সোজা কারশেড এলাকায় ঢুকে জিনিসপত্র গুছিয়ে হোটেলের আস্তানায় ফেরা। এদিকে সিটের নিচে ব্যাগ ঢুকিয়ে টিকিট চেকিং পর্ব সেরে যাত্রীরা সবে থিতু হয়েছেন। ততক্ষণে হ্যান্ডব্যাগের খোঁজ পড়েছে। কিন্তু কোথায় ব্যাগ? ট্রেন তখন দ্রুত বেগে ছুটে চলেছে। দু’পাশে ফেলে যাচ্ছে লোকাল ট্রেনের প্ল্যাটফর্ম। আরপিএফের কাছে প্রথা মাফিক অভিযোগ জানানো ছাড়া তখন আর কার্যত কিছুই করার নেই। দিনের পর দিন এভাবেই হাত সাফাই করে সম্পদ বাড়াচ্ছিল দুষ্কৃতী দলটি। অন্যদিকে না বুঝেই বেড়াতে যাওয়ার মুখে সহায় সম্বলহীন হয়ে পড়ছিলেন যাত্রীরা। তবে অভিযোগ জানিয়েও রেলপুলিশ তেমন কিছু করে উঠতে পারেনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[মোবাইলের শোকে আত্মঘাতী একাদশ শ্রেণির ছাত্রী, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ]

এদিকে টিকিয়াপাড়া কারশেডে দুষ্কৃতীরাজ নিয়ে সম্প্রতি খবর প্রকাশিত হয় সংবাদ প্রতিদিন-এ। সেই খবর দেখেই আরপিএফ কর্তাদের টনক নড়ে। শুরু হয় তদন্ত। গোপনসূত্রে খবর আসে বাসস্ট্যান্ড লাগোয়া হোটেলেই রয়েছে দুষ্কৃতীরা। শুক্রবার রাতে জেলা পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে অভিযান চালায় আরপিএফ। চুরির সামগ্রী সমেত ধরা পড়ে ১২ জন দুষ্কৃতী। উদ্ধার হয়ে দু’লক্ষ টাকা, সোনার গয়না ও মোবাইল ফোন। জেরায় দুষ্কৃতীরা জানিয়েছে, আপ ও ডাউন দুই ট্রেনেই চলত কাজ। কারশেড ঢোকার মুখে রাতে গাড়ির গতি কমে গেলেই তারা উঠে পড়ত। স্টেশন কাছ এগিয়ে এসেছে দেখে যাত্রীরা ততক্ষণে ব্যাগ গোছাচ্ছেন। চুপচাপ তারই দুএকটা তুলে নিয়ে টুক করে নেমে পড়ে অন্ধকারে মিলিয়ে যেত। ঠিক একইভাবে ট্রেন চলতে শুরু করার পরেও চলত হাত সাফাই। যখন চুরির দ্রব্যসামগ্রীর পরিমাণ বেড়ে যেত। তখন ভাগাভাগি করে যে যারটা নিয়ে হরিয়ানা বা দিল্লির বাড়িতে কয়েকটা দিন থেকে আসত। ফের হাওড়ায় ফিরে শুরু হত অভিযান। এনিয়ে হোটেলের মালিককেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.