Aroop Biswas

সময় দিতে নারাজ পুলিশ, মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে সোমবারই ফের তলব, বাড়ছে গ্রেপ্তারির সম্ভাবনা

ভাই স্বরূপ বিশ্বাস আগেই জেলে ঢুকেছেন। এবার কি রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পালা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৭, ২০২৬, ১৯:৪২

options
link
সময় দিতে নারাজ পুলিশ, মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে সোমবারই ফের তলব, বাড়ছে গ্রেপ্তারির সম্ভাবনা
মেসির পাশে অরূপ বিশ্বাস। ফাইল ছবি।

ভাই স্বরূপ বিশ্বাস আগেই জেলে ঢুকেছেন। এবার কি রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের (Aroop Biswas) পালা? মেসিকাণ্ডে হাজিরা দেওয়ার জন্য সপ্তাহ দু’য়েক সময় চেয়েছিলেন অরূপ। কিন্তু সেই সময়সীমা দিতে নারাজ বিধাননগর পুলিশ। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে সোমবারই বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

গত ১৭ মে শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় অরূপের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহতির ৩(৫)/ ৩০৮ (২)/ ৩১৮(৪)/৩৫১(২)/৬১(২) ধারা অর্থাৎ টিকিটে কালোবাজারি, চাঁদাবাজি, অপরাধমূলক ভীতি প্রদর্শন, মেসির ইভেন্টের নিরাপত্তায় গাফিলতি, প্রতারণা ইত্যাদির অভিযোগ এনেছেন মেসির গোট টুরের আয়োজক শতদ্রু। তাঁর অভিযোগ, মেসি ইভেন্টের জন্য প্রায় ২২ হাজার টিকিট কালোবাজারি করেছেন প্রাক্তন মন্ত্রী। এর পাশাপাশি শতদ্রুর অভিযোগ, গা জোয়ারি করে, প্রভাব খাটিয়ে মেসির কাছাকাছি চলে এসেছিলেন তিনি। বিনা অনুমতিতে মেসির গায়ে হাতও দিয়েছিলেন।

Advertisement

সেই অভিযোগের ভিত্তিতে অরূপকে ৪ জুন বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল পুলিশ। তবে তার আগেই বিধাননগর দক্ষিণ থানার সঙ্গে যোগাযোগ করেন প্রাক্তন মন্ত্রী। অরূপ জানান, তিনি অসুস্থ। তাই আগামী দু’সপ্তাহের মধ্যে হাজিরা দেওয়া সম্ভব নয়। কিন্তু অরূপকে সেই সময়টাও দিতে নারাজ পুলিশ। দু’দিনের মাথায় শনিবার আবার বিধাননগর দক্ষিণ থানার পুলিশ নোটিস পাঠিয়ে হাজিরার নির্দেশ দিয়েছে অরূপকে। ৮ জুন অর্থাৎ সোমবার সকাল ১১টার মধ্যে অরূপকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

বলে রাখা দরকার, এই মেসি বিভ্রাট কাণ্ডে বারাসত আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন অরূপ। সেই আবেদন খারিজ হয়েছে। পরে তিনি আবেদন করেছেন কলকাতা হাই কোর্টে। সেই মামলার শুনানি রয়েছে ৯ জুন। হাই কোর্টের শুনানিতে আগাম জামিনের আশায় বসে প্রাক্তন মন্ত্রী। অথচ তার আগেই তাঁকে ফের তলব করল পুলিশ। স্বাভাবিকভাবেই প্রাক্তন মন্ত্রীর গ্রেপ্তারির একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এখন দেখার অরূপ কী করেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.