মেডিক্যাল ভিসা নিয়ে বাংলাদেশ থেকে কলকাতায়। হরিদেবপুরে বাড়ি ভাড়া নিয়ে বাস। ভিসা নেওয়ার সময় নিজেকে অসুস্থ বলে প্রমাণ করলেও শহরে চিকিৎসার জন্য আসা নয়। আসল উদ্দেশ্য কলকাতা থেকে বাংলাদেশে চোরাই মোবাইল পাচার। এক মোবাইল চোরের সূত্র ধরেই এবার লালবাজারের গোয়েন্দাদের হাতে ধরা পড়ল চোরাই মোবাইল পাচারচক্রের সিন্ডিকেটের মাথা বাংলাদেশের ‘ডলার’।
আদালত ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘ডলার’-এর আসল নাম সৈয়দ মহম্মদ সালাউদ্দিন। বাড়ি ঢাকার মামুদপুরে। বাংলাদেশে নিজেকে আমদানি-রফতানি ব্যবসায়ী বলে পরিচয় দিত। তার পাসপোর্ট বা ভিসায় পুলিশ কোনও জালিয়াতিও পায়নি। মাঝেমধ্যেই আসত কলকাতায়। সঙ্গে রাখত বাংলাদেশের চিকিৎসকের ভুয়া প্রেসক্রিপশন। তার হৃদযন্ত্র বা কিডনির কোনও ব্যামো নেই। কলকাতায় এসে দালালের মাধ্যমে কিছুদিনের জন্য বাড়ি ভাড়া নিত হরিদেবপুর অঞ্চলে। শহরে আসার পর থেকেই সালাউদ্দিন ওরফে ডলার শহরের একাধিক ল্যাপটপ-মোবাইল চোর ও চোরাই মালের এজেন্টদের সঙ্গে যোগাযোগ করত। তার নজরে মূলত থাকত আই ফোন ও দামী মোবাইল। অপেক্ষাকৃত কম দামে সেই মোবাইলগুলি কিনে মজুত করে রাখত। এ ছাড়াও অন্যান্য কিছু জিনিসও কিনত সে। সেগুলির সঙ্গে চোরাই মোবাইল ও ল্যাপটপ রেখে সেগুলি পাচার করত বাংলাদেশে। ঢাকায় চোরাই মোবাইল সিন্ডিকেটের কাছে চড়া দামে বিক্রি করত ডলার।
কিছুদিন আগে মধ্য কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক যুবক। তঁার দু’টি পকেট থেকে উঁকি দিচ্ছিল দু’টি মোবাইল। তার মধে্য একটি আই ফোন। পকেট থেকে দু’টি মোবাইলই একসঙ্গে তুলে নিয়ে পালায় দুষ্কৃতী। এই ব্যাপারে ওই যুবক বউবাজার থানায় অভিযোগ দায়ের করেন। লালবাজারের গোয়েন্দারা সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত করে দুষ্কৃতীকে শনাক্ত করেন। গ্রেপ্তার হয় মহম্মদ আরবাজ ওরফে ভিকি। জেরার মুখে সে জানায়, সে একজন এজেন্টকে বিক্রি করেছে দু’টি মোবাইল। সেই সূত্র ধরেই গোয়েন্দা পুলিশ নিউ মার্কেট এলাকায় ফঁাদ পাতে। চোরাই মোবাইলের সন্ধানে ওই এলাকায় আসতেই ডলার ধরা পড়ে গোয়েন্দাদের হাতে। হরিদেবপুরে তার ভাড়া বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একাধিক মোবাইল। ডলারকে জেরা করে পুরো সিন্ডিকেটের সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।
সর্বশেষ খবর
-
‘বেনোজল’ বের করে তবে ভোট হবে টলিউডে! কাজটা সহজ নয়
-
চারদিনে দ্বিতীয়বার মাঠেই অজ্ঞান মুসিয়ালা, জটিল রোগে ২৩-এই কেরিয়ার শেষ জার্মানি তারকার?
-
নিউমার্কেট অগ্নিকাণ্ডে তৃণমূলকে তোপ অগ্নিমিত্রার, তদন্তভার সিট’কে
-
পিরিয়ডস হলেও খোঁটা দিত প্রেমিক! ‘টক্সিক’ সম্পর্ক থেকে বেরিয়ে এসে স্বস্তি অনুপমার
-
তৃতীয় সন্তানের জন্মে এক বছর মাতৃত্বকালীন ছুটি! বিরাট ঘোষণা তামিলনাড়ু সরকারের