উত্তর কলকাতার সাবেকি পুজো থেকে দক্ষিণ কলকাতার নাম করা থিমের পুজো। পুজোয় রাতভর ঠাকুর দেখার প্ল্যান করছেন তো? চিন্তা নেই। দর্শনার্থীদের কথা মাথায় রেখে পুজোর পাঁচ দিন রাতভর বাস চালাবে সরকার। উত্তর ও দক্ষিণ কলকাতা, শহরতলির একাধিক রুটে সারারাত বাস পরিষেবা পাবেন যাত্রীরা। সূত্রের খবর, প্রতিবারের মতো রাতভর পাতালপথও সচল থাকবে পুজোর পাঁচ দিন।
পরিবহণ দপ্তর সূত্রে খবর, পুজোর আগেই নতুন ৯০টি সরকারি বাস নামতে চলেছে শহরের রাস্তায়। সুতরাং,পুজোয় সারাদিন বাস পরিষেবার পর রাতেও বাস চালাতে কোনও অসুবিধা হবে না বলেই আশার কথা শুনিয়েছে পরিবহণ দপ্তর। পরিবহণ মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, “পুজোয় রাতভর অনেকেই ঠাকুর দেখার প্ল্যান করেন। অনেকের প্রাইভেট গাড়ি থাকে। অনেকে গাড়ি ভাড়া করে ঠাকুর দেখতে বেরোন। তবে যারা হোলনাইট ঠাকুর দেখতে গণপরিবহণের ভরসায় থাকেন, তাদের জন্য পুজোর পাঁচদিনই সারারাত সরকারি বাস পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হবে। যাতে উত্তর-দক্ষিণ কলকাতা জুড়ে প্যান্ডেল হপিং, বা ঠাকুর দেখে বাড়ি ফিরতে কোনও সমস্যায় না পড়তে হয় দর্শনার্থীদের।”
কোন কোন রুটে হোল নাইট বাস পরিষেবা? এই প্রশ্নের উত্তরে পরিবহণ মন্ত্রীর বক্তব্য, “উত্তর ও দক্ষিণ কলকাতার নামকরা পুজোগুলি রয়েছে, এমন রুটেই বিশেষত রাতভর বাস পরিষেবা দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। তবে এখনই নির্দিষ্ট করে কোনও রুট বলা যাচ্ছে না। পুজোর আগেই পর্যায়ক্রমে সিদ্ধান্ত নিয়ে সমস্তটা জানিয়ে দেওয়া হবে।” মেট্রোরেল সূত্রে খবর, পুজোয় হোলনাইট হপিংয়ের কথা মাথায় রেখে রাতভর মেট্রো পরিষেবাও সচল থাকবে। প্রতিবারের মতো এবারও ভোর পর্যন্ত মেট্রো চালানোর চিন্তাভাবনা করছে কর্তৃপক্ষ।
শুধু তাই নয়, পালাবদলের বঙ্গে প্যান্ডেল ঘুরিয়ে ঠাকুর দেখানোর বন্দোবস্তও করেছে রাজ্য সরকার। শহর থেকে শহরতলি, উত্তর থেকে দক্ষিণ, ঐতিহ্যের বনেদি বাড়ি থেকে নামকরা বারোয়ারি। সরকারি বাসে-ট্রামে-লঞ্চে ঠাকুর দেখার সুযোগ পাবেন রাজ্যবাসী। নির্ঝঞ্ঝাটে পুজো দেখার সঙ্গে দর্শনার্থীদের জন্য থাকবে খাবার-দাবারের ব্যবস্থাও। পরিবহণ দপ্তরের তালিকায় উল্লেখ সংশ্লিষ্ট বাস স্টপেজ অথবা পরিবহণ দপ্তরের নম্বরে যোগাযোগ করে নিজের সিট বুকিং করে সারাদিনের জন্য বেরিয়ে পড়তে পারবেন পুজো হপিংয়ে।
সর্বশেষ খবর
-
রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিউটাউনে দু’টি বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর
-
দিনের পর দিন টাট্টু ঘোড়ার সঙ্গে যৌনতা! জেলে ব্রিটিশ কিশোর
-
রাজ্যবাসীকে ‘ফেস্টিভ প্যাকেজ’ উপহার খাদ্যমন্ত্রীর! ৫০ শতাংশ ছাড়ে মিলবে রেশন সামগ্রী
-
খুদে দুর্গা গড়েই চমক! দেশ-বিদেশে পাড়ি কৃষ্ণনগরের কৃশানুর অভিনব শিল্পকর্ম
-
‘তার মানে বিচার হবে’, অভয়া সৎকার মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পর বললেন মা রত্না