ED

পুর দুর্নীতিতে কলকাতায় তল্লাশি ইডির, ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড়! চলছে নোট গোনা

ইডি সূত্রে খবর, কয়েক কিলো সোনার গয়নাও উদ্ধার হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৯, ২০২৫, ১৪:০১

options
link
পুর দুর্নীতিতে কলকাতায় তল্লাশি ইডির, ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড়! চলছে নোট গোনা

অর্ণব আইচ: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে শহরে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাতেই শহরে ফের টাকার পাহাড়ের হদিশ! তারাতলায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার বিপুল নগদ। ইডি সূত্রে জানা গিয়েছে, শুধু টাকা নয় লেকটাউনের অফিস থেকে উদ্ধার হয়েছে কয়েক কিলো সোনাও।

Advertisement

তারাতলার ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দেন তদন্তকারীরা। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় জওয়ানরা। বাড়িতে তল্লাশি চালাতেই মিলতে থাকে নগদ। আলমারীতে সাজানো ছিল নোট। বিপুল টাকা গোনার জন্য টাকা গোনার মেশিন নিয়ে আসেন তদন্তকারীরা। জানা গিয়েছে, কোটি টাকারও বেশি নগদ মিলেছে ওই ব্যবসায়ীর বাড়ি থেকে। শুধু টাকা নয়, মিলেছে কয়েক কিলো সোনাও। এখনও তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা।

Advertisement

মঙ্গলবার সকাল থেকেই পুর নিয়োগ দুর্নীতে তদন্তে অ্যাকশন মোডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার বেলেঘাটা-সহ শহরের বেশ কয়েকটি জায়গায় হানা দেন ইডি আধিকারিকরা। জানা গিয়েছে, পুর নিয়োগ মামলায় বেশ কিছু নতুন তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। বেশ কয়েকটি সংস্থার নাম সামনে এসেছে। সেই তদন্তে এবার ফের মিলল টাকার পাহাড়ের হদিশ!

Advertisement

উল্লেখ্য, পুর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অয়ন শীল-সহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে। তাঁদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে ধীরে ধীরে রহস্যের শিকড়ের কাছাকাছি পৌঁছচ্ছেন তদন্তকারীরা। সেই সূত্রে ধরে চলতি মাসের শুরুতেই কলকাতার একাধিক জায়গায় হানা দেন ইডির অফিসাররা। এমনকী মন্ত্রী সুজিত বসুর সল্টলেকের অফিস এবং তাঁর ছেলের রেস্তরাঁতেও অভিযান চলে। দীর্ঘ সময় ধরে চলে এই অভিযান। যদিও ইডির এই অভিযানকে বিশেষ গুরুত্ব দেননি সুজিত বসু। তাঁর কথায়, “প্রত্যেকবার ভোটের আগেই ওরা এটা করে। বাড়ি, অফিস সব জায়গায় যায়। আগেও রেড করে কিছু পায়নি। ভোটের আগে চাপ তৈরি করতে এসব করে।” 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.