Kunal Ghosh

কালীঘাটে কুণালকে ডিম! মমতার বাড়ির সামনেই আক্রান্ত বেলেঘাটার বিধায়ক

কী বলছেন কুণাল?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৫, ২০২৬, ১৯:৪০

options
link
কালীঘাটে কুণালকে ডিম! মমতার বাড়ির সামনেই আক্রান্ত বেলেঘাটার বিধায়ক
কালীঘাটে কুণালকে ডিম! মমতার বাড়ির সামনে আক্রান্ত বেলেঘাটার বিধায়ক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের বাড়ির ঠিক সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর ডিম হামলা। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আচমকা চন্দন নামে এক যুবক তাঁর মাথা লক্ষ্য করে ডিম ছোড়েন। ঘটনাস্থলে দাঁড়িয়ে বলেন, “অনেক অত্যাচার করেছে।” এরপরই এলাকা ছাড়েন যুবক।  এপ্রসঙ্গে কুণাল বলেন, “আমি দাঁড়িয়ে ছিলাম। হাতের কাছে পেয়ে ডিম মেরে পালিয়েছে। এক মাঘে শীত যাবে না।”

Advertisement

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শুরু। প্রথম সোনারপুরে নিহত কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে ডিম হামলার শিকার হন তিনি। পরিস্থিতি এতটাই জটিল হয়েছিল যে হাসপাতালেও ছুটতে হয়েছিল সাংসদকে। তারপর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে ডিম থেরাপি। তৃণমূলের বিধায়ক, চেয়ারম্যান থেকে কাউন্সিলর, হাতের নাগালে যাকে পাচ্ছেন ডিম নিয়ে তাঁর দিকে ছুটে যাচ্ছে উত্তেজিত জনতা। সেই ঘটনার পুনরাবৃত্তি এবার কালীঘাটে। সোমবার বিকেলে কালীঘাটে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। সাড়ে ছ’টা নাগাদ সেখান থেকে বেরোন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরতেই এক যুবক কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়েন। তিনি নিজেকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করলেও মাথায় লাগে ডিম।

Advertisement

জানা যায়, অভিযুক্ত যুবকের নাম চন্দন। তিনি নিজেকে এলাকারই বাসিন্দা বলে দাবি করেছেন। অভিযুক্তের কথায়, “অনেক অন্যায় করেছে। এটা ওনার প্রাপ্য ছিল। উনি কী কী করেছেন সবাই জানে। নতুন করে আর কিছু বলার নেই।” এরপরই তিনি এলাকা ছাড়েন। এ প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, “মমতাদির বাড়ি থেকে বেরনোর পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার জন্য দাঁড়িয়ে ছিলাম। দুটি ছেলে আমার হাতের নাগালেই ছিল। আমি নিরস্ত্র ছিলাম। একজন ডিম ছুড়ল, পালিয়ে গেল। কেউ কোনও প্রতিবাদ করল না, বাধা দিল না, ওদের ধরার চেষ্টাও করল না।” অত্যাচারের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “কে অত্যাচার করেছে? আমি করেছি? মমতাদি করেছে? করলে থানা-পুলিশ করেছে। তার দায় আমার? ওকে জিজ্ঞেস করুন ওর চাকরি কে দিয়েছে?” এই ঘটনায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন কুণাল। বলেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রী জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। তাঁর বাড়ির ১০ মিটারের মধ্যে এই ঘটনা, তাহলে নিরাপত্তা কোথায়।” সেই সঙ্গে তিনি মনে করিয়ে দিলেন, “এক মাঘে শীত যাবে না।” এরপর হেঁটে এলাকা থেকে বেরিয়ে যান কুণাল।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.