Kolkata

ভর সন্ধ্যায় যাদবপুরে যুবতীকে গুলি, ‘প্রেমিকে’র কাণ্ডে তীব্র চাঞ্চল্য

অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৭, ২০২৫, ২২:২১

options
link
ভর সন্ধ্যায় যাদবপুরে যুবতীকে গুলি, ‘প্রেমিকে’র কাণ্ডে তীব্র চাঞ্চল্য
প্রতীকী ছবি

অর্ণব আইচ: ভর সন্ধ্যায় গুলি চলল যাদবপুরের বিজয়গড় এলাকায়। যুবতীকে লক্ষ্য করে গুলি ‘প্রেমিকে’র। যদিও তা লক্ষ্যভ্রষ্ট হলে কোনও রকমে প্রাণে বেঁচে যান ওই যুবতী। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ঘটনার খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। যদিও অভিযুক্ত যুবককে ধরা সম্ভব হয়নি। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। কি কারণে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়। পুলিশের প্রাথমিক অনুমান, প্রেমিকের ডাকে সাড়া দেননি ওী যুবতী। তার জেরেই এই ঘটনা বলে দাবি। 

Advertisement

পুলিশ জানিয়েছে, ওই যুবতী আগে বেঙ্গালুরুতে চাকরি করতেন। তাঁর সঙ্গে অভিযুক্ত যুবকের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু বেঙ্গালুরুতে থাকাকালীনই দু’জনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। তারই জেরে বেঙ্গালুরুতে ওই যুবতীর উপর ওই যুবক হামলাও চালায়। তখনও কোনওমতে প্রাণে বেঁচে যান যুবতী। এর পর থেকে মাঝেমাঝেই যুবক পিছু নিত যুবতীর। অনেকটাই ভয়ে বেঙ্গালুরু থেকে চাকরি ছেড়ে কলকাতায় চলে আসেন ওই যুবতী। এখানেই কাজ করতে শুরু করে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা যায়, এদিন সন্ধ্যায় যাদবপুরের বিজয়গড়ের বাসিন্দা ওই যুবতীর পিছু নেয় যুবক। শুধু তাই নয়, অভিযুক্ত ওই যুবক জোর করে একটি গলির কাছে নিয়ে যায় ওই যুবতীকে। নতুন করে সে প্রেম নিবেদন করে বলে দাবি। এমনকী সম্পর্ক ঠিকঠাক করে তাঁর কাছে ফিরে আসতে সে জোর করে বলেও অভিযোগ। কিন্তু সেই প্রস্তাবে ওই যুবতী রাজি হননি। বাড়ির দিকে যেতে চাইলেই পকেট থেকে আগ্নেয়াস্ত্র বের করে প্রথমে তাঁকে ভয় দেখায় অভিযুক্ত যুবক। আতঙ্কে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন।

Advertisement

শুধু তাই নয়, পালানোর চেষ্টা করলেই ওই যুবতীকে লক্ষ্য করে গুলি চালায় ওই যুবক। যদিও সেটি তাঁর শরীরে লাগেনি। কোনওমতে তাঁর শরীরের পাশ দিয়ে একটি দেওয়ালে গিয়ে লাগে। দেওয়াল ফুটো হয়ে যায়। গুলির শব্দ পেয়ে এলাকার বাসিন্দারা সেখানে দৌড়ে আসেন। বেগতিক বুঝে যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। যদিও দক্ষিণ কলকাতারই বাসিন্দা যুবককে পুলিশ চিহ্নিত করেছে। তার সন্ধানে তল্লাশি চালানো শুরু হয়। কীভাবে সে রিভলভারটি পেল, তা জানার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.