Abhishek Banerjee

চোখের চিকিৎসায় বিদেশ যেতে পারবেন অভিষেক? ‘সুপ্রিম’ নির্দেশে বুধেই শুনানি হাই কোর্টে

সোমবার সেই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চে।

গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: আগস্ট ৪, ২০২৬, ১৫:০৫

options
link
চোখের চিকিৎসায় বিদেশ যেতে পারবেন অভিষেক? ‘সুপ্রিম’ নির্দেশে বুধেই শুনানি হাই কোর্টে
ফাইল ছবি।

সুপ্রিম কোর্টে গিয়ে কোনও লাভ হয়নি। অভিষেকের বিদেশযাত্রা এখনও আটকে আইনি জটে। চোখের চিকিৎসা করাতে আদৌ যেতে পারবেন কি না, তা স্পষ্ট নয়। এবার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দ্রুত শুনানি করার পথে কলকাতা হাইকোর্ট (Calcutta HC)। আজ, মঙ্গলবার ডায়মন্ড হারবারের সাংসদের আইনজীবী বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই বিষয়ে দ্রুত শুনানির জন্য আবেদন জানান। এরপরই বুধবার এই মামলা শুনানির জন্য ধার্য করে হাই কোর্ট। শুনানিতে দুপক্ষের আইনজীবীকে উপস্থিত থাকার কথা বলেন।

Advertisement

পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায়, “আমরা হাই কোর্টকে অনুরোধ করব মামলাটি এক সপ্তাহের মধ্যে শুনানি করে নিষ্পত্তি হোক।” এরপরই এদিন এই বিষয়ে হাই কোর্টে আবেদন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী।

চোখের চিকিৎসার জন্য আমেরিকা যেতে চান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কিন্তু তাঁর বিরুদ্ধে এখানে বেশ কিছু মামলা থাকায় আদালতের নির্দেশ ছাড়া দেশ ছাড়তে পারবেন না। তাই বিদেশযাত্রার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। জুলাইয়ের ২৯ তারিখ আমেরিকা যাওয়ার কথা ছিল। কিন্তু ২০ জুলাই কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলার শুনানিতে এই বিদেশযাত্রা নিয়ে স্পষ্ট আপত্তি করা হয়। আদালত প্রশ্ন তোলে, বিদেশে গিয়েই কেন চোখের চিকিৎসা করতে হবে? কলকাতায় চোখের চিকিৎসার জন্য একাধিক হাসপাতাল রয়েছে। এসএসকেএম হাসপাতালেই তিনি চোখের চিকিৎসা করাতে পারেন। প্রয়োজনে এসএসকেএম হাসপাতালে অভিষেকের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করার নির্দেশ দেবেন বলেও জানান বিচারপতি। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান অভিষেক।

Advertisement

সপ্তাহের শুরুতেই অর্থাৎ সোমবার সেই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চে। তৃণমূল সাংসদের হয়ে সওয়াল করেন আইনজীবী গোপাল শংকরনারায়ণ। কিন্তু মামলা কার্যত শুনতেই চাননি প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ। পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায়, “আমরা হাই কোর্টকে অনুরোধ করব মামলাটি এক সপ্তাহের মধ্যে শুনানি করে নিষ্পত্তি হোক।” এরপরই এদিন এই বিষয়ে হাই কোর্টে আবেদন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। এখন দেখার বুধবার আদালত এই বিষয়ে কি নির্দেশ দেয়? আদৌও কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাওয়ার ছাড়পত্র পাবেন?

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.