Kolkata Metro

৫ মাসেও কঙ্কালসার কবি সুভাষ! কবে ফের গোটা রুটে মেট্রো পরিষেবা চালু? প্রশ্ন যাত্রীদের

গত ২৮ জুলাই থেকে বন্ধ ব্লু লাইনের প্রান্তিক স্টেশন কবি সুভাষ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২, ২০২৬, ১৮:২৯

options
link
৫ মাসেও কঙ্কালসার কবি সুভাষ! কবে ফের গোটা রুটে মেট্রো পরিষেবা চালু? প্রশ্ন যাত্রীদের
গত একবছর ধরে বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন।

নব্যেন্দু হাজরা: প্ল্যাটফর্মের পিলারে ফাটল-সহ একাধিক পরিকাঠামোগত সমস্যার কারণে গোটা স্টেশনটিকে ভেঙে নতুন করে গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছিল। বলা হয়েছিল, ৮-৯ মাসের মধ্যে স্টেশনটি নতুন করে তৈরি হবে। কিন্তু স্টেশন বন্ধ হওয়ার প্রায় মাস ছয়েক হতে চলল। তবু কাজে কোনও গতি আসেনি। কার্যত কঙ্কালসার হয়ে পড়ে রয়েছে কবি সুভাষ স্টেশন। কোথাও কোথাও গজিয়েছে জঙ্গলও। এককথায়, পরিত্যক্ত অবস্থায় একসময়ের অন্যতম ব্যস্ত স্টেশন। এখনও ভাঙাই হয়নি স্টেশন!

Advertisement

সোশাল মিডিয়ায় বেশ কিছু ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যা নিয়ে বিড়ম্বনায় মেট্রো কর্তৃপক্ষও। এই অবস্থায় ব্লু লাইনে আবার কবে যাত্রীরা কবি সুভাষ পর্যন্ত মেট্রোয় চড়ে যেতে পারবেন, তা অজানা। পাশাপাশি শহিদ ক্ষুদিরাম স্টেশনের ক্রসওভার তৈরির কাজও এখনও ঝুলে। কবে সে কাজ শেষ হবে তাও সঠিক জানাচ্ছেন না মেট্রো কর্তারা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কলকাতা মেট্রোর ব্লু লাইনে দক্ষিণ প্রান্তের সর্বশেষ স্টেশন হিসাবে যার পরিচিতি ছিল সেই কবি সুভাষ স্টেশন পাঁচ মাসের বেশি সময় ধরে বন্ধ। পিলারে ফাটল দেখা দেওয়ায় নিরাপত্তার স্বার্থে গত ২৮ জুলাই থেকে ওই স্টেশন পর্যন্ত মেট্রো যাচ্ছে না। ব্লু লাইনের দক্ষিণ প্রান্তে শেষ স্টেশন হিসাবে এই মেট্রো স্টেশনটি গড়িয়ার বিস্তীর্ণ এলাকা সংযোগকারী। এখানে প্রচুর মানুষের যাতায়াত। স্টেশনটি বন্ধ হওয়ায় তাঁরা সমস্যায় পড়েছেন দীর্ঘদিন ধরেই। নিকটবর্তী মেট্রো স্টেশন শহিদ ক্ষুদিরাম থেকে দু’বার অটো বদলাতে একদিকে যেমন খরচ বাড়ছে, বেশি লাগছে সময়ও। যাত্রীদের মনে প্রশ্ন, ফের কবে চালু হবে এই মেট্রো স্টেশনটি।

Advertisement

এনিয়ে কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছিল, আট-ন’মাসের মধ্যে স্টেশন তৈরির কাজ শেষ হয়ে ফের মেট্রো ছুটবে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত। কিন্তু তারপর কেটে গিয়েছে পাঁচ মাসের বেশি সময়। সেখানে কাজের যা গতি, তাতে আর মাস তিনেকের মধ্যে স্টেশন ভেঙে আবার গড়ার কাজ শেষ হবে তা আশা করছেন না মেট্রোর কোনও কর্তাই। কিন্তু কী কারণে কাজে ঢিলেমি তা নিয়ে মুখ খুলছে না কর্তৃপক্ষ। এক আধিকারিক জানান, স্টেশন ভাঙার কাজই এখনও হয়নি। কবে স্টেশন পুরো ভেঙে আবার নতুন করে তৈরি হবে, তা এখনই বলা সম্ভব নয়। তবে মাস তিনেকের মধ্যে তা কোনওভাবেই সম্ভব নয়। এখন প্ল্যাটফর্মের মাথার উপরের ছাউনি খোলার পর পড়ে রয়েছে প্ল্যাটফর্মের কাঠামো।

এই স্টেশনটি মাটির উপরে প্রায় ২১টি পিলারের উপর তৈরি। গত ২৮ জুলাই চারটি পিলারে ফাটল স্পষ্ট হয়। বসে যেতে থাকে স্টেশন। ফলে রাতারাতিই মেট্রো চলাচল বন্ধ করে তা মেরামতির কাজ শুরু হয়। স্টেশনের কাঠামো ফের পরীক্ষা করতে সমীক্ষা শুরু করে দায়িত্বপ্রাপ্ত একটি সংস্থা। গোটা কাজে খরচ হবে প্রায় সাড়ে ৯ কোটি টাকা মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কান্নান বলেন, “গোটা পরিস্থিতি খোঁজ নিয়ে দেখা হবে। কবে এই কাজ শেষ হবে তা এভাবে বলা সম্ভব নয়।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.