Kolkata Police

সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ

পুলিশ জানিয়েছে, ওই ব্যবসায়ী উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা। আমদানি-রপ্তানির ব্যবসার সঙ্গে যুক্ত।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: জুন ২৮, ২০২৬, ০০:৫৯

options
link
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
ফাইল ছবি।

সিআইডি অফিসার সেজে অস্ত্র দেখিয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে ডাকাতি। শুধু তাই নয়, চলন্ত গাড়িতে ব্যবসায়ীর কাছ থেকে অপহরণকারীরা এক কোটি টাকা মুক্তিপণ দাবি করেও বলে অভিযোগ। মুক্তিপণ না পেয়ে আক্রান্ত ওই ব্যবসায়ীর কাছ থেকে ৭০ হাজার টাকা ও সোনার চেন ডাকাতি করে চম্পট দেয়। ঘটনায় রীতিমতো আতঙ্কিত ওই ব্যবসায়ী। এরপরেই পূর্ব কলকাতার ফুলবাগান থানায় এই সংক্রান্ত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

তল্লাশির নাম করে তাঁকে একটি কালো রঙের স্করপিও গাড়িতে তুলে নেয় অপহরণকারীরা। তাঁকে বাঁচাতে আসা সঙ্গীদেরও মারধর করা হয় বলে অভিযোগ।

পুলিশ জানিয়েছে, ওই ব্যবসায়ী উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা। আমদানি-রপ্তানির ব্যবসার সঙ্গে যুক্ত। ফুলবাগানের একটি শপিং মলে দুই সঙ্গীকে নিয়ে আসেন। সেখানে তাঁরা অন্য এক ব্যবসায়ীর সঙ্গে বৈঠকও করেন। মল থেকে বের হওয়ার পরেই কয়েকজন নিজেদের সিআইডি আধিকারিক বলে পরিচয় দেয়। তল্লাশির নাম করে তাঁকে একটি কালো রঙের স্করপিও গাড়িতে তুলে নেয় অপহরণকারীরা। তাঁকে বাঁচাতে আসা সঙ্গীদেরও মারধর করা হয় বলে অভিযোগ। চলন্ত গাড়িতে তাঁর মাথায় পিস্তল ঠেকিয়ে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। ওই টাকা দিতে না পারায় চলন্ত গাড়িতেই তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

Advertisement

শুধু তাই নয়, দুষ্কৃতীরা তাঁর কাছ থেকে নগদ ৭০ হাজার টাকা ও তিন লাখ টাকা সোনার চেন ডাকাতি করে বলে দাবি। এর মধ্যেই ডাকাতরা জানতে পারে যে, ব্যবসায়ীর সঙ্গীরা পুলিশকে খবর দিয়েছে। তারা উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের কাছে ব্যবসায়ীকে গাড়ি থেকে ঠেলে ফেলে পালিয়ে যায়। ঘটনায় আতঙ্কগ্রস্থ ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফুলবাগানের শপিং মলের কাছে বসানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের খোঁজার চেষ্টা করা হচ্ছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.