সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশের অ্যাসিস্ট্যাণ্ট সাব-ইন্সপেক্টরের মেয়েটি বড় হয়ে আইনজীবী হতে চেয়েছিলেন৷ পড়তেন কল্যানীর আইন কলেজে৷ তাঁরই গুলিবিদ্ধ মুখ থুবড়ে পড়ে থাকা দেহ উদ্ধার হল কলেজের তিন কিলোমিটার দূরে৷ বৃহস্পতিবার রাতে এক বাইকআরোহী তাঁকে গুলি করে খুন করেছে বলে জানতে পেরেছে পুলিশ৷ মৌমিতা বিশ্বাস নামে ওই ছাত্রীর হত্যাকাণ্ডে গ্রেফতার হয়েছে দু’জন৷ একজন তাঁর প্রেমিক বাসুদেব বিশ্বাস৷ দ্বিতীয়জন নিখিল সেন, যাঁকে ভালবেসে বিয়ে করেছিলেন মৌমিতা মাত্র সাত মাস আগে এবং সেই সম্পর্ক ভেঙেও যায়৷ বাসুদেবের বাড়ি কল্যাণীর মাঝেরচরে৷ নিখিল টিটাগড়ের বাসিন্দা৷ মৌমিতার বাড়ি বারাকপুরে৷ তাঁর বাবা বিমান বিশ্বাস খড়দহ থানার এএসআই৷ পুলিশের অনুমান, সম্পর্কের জটিলতা প্রাণ নিয়েছে একুশ বছরের মেয়েটির৷ খবর পেয়েই কল্যাণী পৌঁছে গিয়েছেন বিমানবাবু৷ তাঁর ধারণা, পরিকল্পিতভাবে পরিচিত কেউ এই খুন করেছে৷ গতকাল সন্ধ্যা ছ’টা নাগাদ শেষ ফোনে কথা হয়েছিল মেয়ের সঙ্গে৷ বলেছিল বাড়ি ফিরছে৷ তার পর থেকে মোবাইল ফোন বন্ধ ছিল৷ ফলে উদ্বিগ্ন ছিলেন বাড়ির লোকজন৷ রাতে মর্মান্তিক খবরটি পান তিনি৷
মৌমিতার স্বপ্ন ছিল আইনের পথে মানুষকে ন্যায্য বিচার পাইয়ে দেওয়ার৷ ভর্তি হয়েছিলেন কল্যাণীর স্নেহাংশুকান্তু আচার্য ল কলেজে৷ যার ক্যাম্পাস কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মধ্যেই৷ সেখানে প্রতিদিন বারাকপুরের বাড়ি থেকে যাতায়াত করতেন তিনি৷ বিকেলে ক্লাস শেষ হওয়ার পর ফিরে আসার কথা ছিল তাঁর৷ বাড়ি ফিরলেন শুক্রবার, তবে নিথর রক্তাক্ত দেহ হয়ে৷ বৃহস্পতিবার রাত আটটা নাগাদ ল কলেজের তিন থেকে চার কিলোমিটার দূরে একটি বিএড কলেজের সামনে খুন হন তিনি৷ সেখানে গুলির শব্দ পেয়ে নিরাপত্তারক্ষীরা খবর দেন কর্তৃপক্ষকে৷ খবর যায় থানায়৷ পুলিশ এসে দেখে, মুখ থুবড়ে পড়ে আছেন মৌমিতা৷ গুলি ফুঁড়ে দিয়েছে মাথা৷ রক্তে ভেসে গিয়েছে দেহ৷ ভিজেছে পোশাক৷ তাঁর মোবাইল ফোন উদ্ধার হয়েছে৷ খতিয়ে দেখা হচ্ছে কললিস্ট৷ আপাতত সেই কল লিস্ট এই তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে জানাচ্ছে পুলিশ৷ এবং তাঁর বন্ধুর সংখ্যা যে কম ছিল না তা-ও বলছেন তদন্তকারীরা৷
সর্বশেষ খবর
-
আমেরিকা-ইরান সংঘাতে এবার অনমনীয় ‘বাহুবলী’র প্রবেশ! পেজেস্কিয়ানের বার্তায় চমক তেহরানের
-
এবার পানীয় জলের উৎসসন্ধানে ভারত-ফ্রান্স যৌথ মহাকাশ অভিযান, আকাশে উড়ে জল খুঁজবে ‘তৃষ্ণা’
-
বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কিশোরীকে ‘অত্যাচার’! ধৃত ২ অভিযুক্ত
-
বাংলা দলে ডাক পোড়েলকে, ধর্ষণ মামলায় জামিনে থাকা ক্রিকেটারকে নিয়েই শুরু রনজির প্রস্তুতি
-
বিজেপির রক্তদান শিরিবে হামলা তৃণমূলের! দু’পক্ষের সংঘর্ষে উত্তপ্ত শিবপুর, থানায় বিক্ষোভ