টালা ব্রিজ

টালা ব্রিজ বন্ধে উত্তর কলকাতায় বাড়ছে যানবাহনের চাপ, মোকাবিলায় ট্রাফিক কর্তারা

পুলিশের তরফে পথনির্দেশিকার লিফলেটও বিলি করা হচ্ছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২০, ১১:০০

options
link
টালা ব্রিজ বন্ধে উত্তর কলকাতায় বাড়ছে যানবাহনের চাপ, মোকাবিলায় ট্রাফিক কর্তারা

অর্ণব আইচ: টালা ব্রিজ বন্ধ হওয়ার কারণে উত্তর কলকাতায়  চাপ বাড়ছে যানবাহনের। যানজট নিয়ন্ত্রণে রাস্তায় নেমেছেন ট্রাফিক কর্তারা। শ্যামবাজার থেকে পাইকপাড়ার মধ্যে যাতে যানবাহনের চাপ কমাতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। 

Advertisement

সামনেই মাধ্যমিক পরীক্ষা। ছাত্র-ছাত্রীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে যাতে অসুবিধা না হয়, সেই কারণে এখন থেকেই সমীক্ষা শুরু করেছে লালবাজার। ট্রাফিক মসৃণ করার জন্য নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। পুলিশ জানিয়েছে, সকালে থাকে স্কুলের ছাত্র-ছাত্রীদের যাতায়াতের চাপ। বেলা বাড়তে ভিড় হয় অফিসযাত্রীদের। বাস ও মিনিবাস ছিলই। বাড়তে শুরু করে ছোট গাড়ির সংখ্যাও। পুলিশের দাবি, গত শনিবার যে সময়ে চিড়িয়ামোড় থেকে শ্যামবাজার আসতে প্রায় ৪০ মিনিটও লেগেছিল, সেখানে এদিন মিনিট কুড়ির বেশি লাগেনি। আবার শ্যামবাজারের দিক থেকে চিড়িয়ামোড় যাওয়ার জন্য চিৎপুরের লক গেট ফ্লাইওভারেও খুব বেশি যানজট না থাকার ফলে বিশেষ অসুবিধা হয়নি। তবে বেলা বাড়তে বেলগাছিয়া ব্রিজ ও আর জি কর হাসপাতালের দিকে বেশি গাড়ির চাপ ছিল। যানজটও সৃষ্টি হয়। সন্ধের পরও যাতে যানজট না হয়, সেদিকেও পুলিশ সচেষ্ট ছিল। টালা ব্রিজের বদলে গাড়ি কোন দিক দিয়ে যাবে, তা জানানোর পুলিশের পক্ষে পথনির্দেশিকার লিফলেট বিলি করা হয়। ট্রাফিক পুলিশের কর্তারাও ছিলেন রাস্তায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

লালবাজারের সূত্রে জানা গিয়েছে, দিনের বেলায় দক্ষিণমুখী ও সন্ধেয় উত্তরমুখী যান চলাচল মসৃণ রাখার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেশ কিছু নতুন স্ট্র‌্যাটেজিও নিয়েছেন ট্রাফিক কর্তারা। বেলগাছিয়া ব্রিজ, চিৎপুর লক গেট ফ্লাইওভারে স্টপ লাইনের অন্তত একশো ফুট দূরে গাড়ি দাঁড় করিয়ে দেওয়া হয়, যাতে ব্রিজ থেকে নেমে গাড়ি ঘোরার সময় যানজট না হয়ে যায়। গাড়ি চলাচলের সময় বাড়াতে বেলগাছিয়া, চিড়িয়ামোড় ও বাগবাজারে সিগন্যালের সময় পালটানো হয়েছে। প্রায় তিনগুণ সময় পর্যন্ত সবুজ সিগন্যাল চালু রাখা হচ্ছে, যাতে বেশি সংখ্যক গাড়ি চলাচল করতে পারে। টালা ব্রিজের পাশ দিয়ে যে রাস্তা চলে গিয়েছে, পথচারীরা সেই রাস্তা ধরে গিয়ে যাতে রেললাইন পার হয়ে যাতায়াত করতে পারেন, তার জন্য তাড়াতাড়ি ফুটব্রিজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়ে রাজ্য সরকার ও কলকাতা পুলিশ রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে।

Advertisement

[আরও পড়ুন: ‘দিলীপের মতোই উন্মাদ মুকুল’, বিজেপি নেতাদের কড়া আক্রমণ জ্যোতিপ্রিয়র]

পুলিশের মতে, এই ফুটব্রিজ তৈরি হলে ওই এলাকার স্কুল ও অফিসযাত্রীদেরও সুবিধা হবে। বিশেষ করে যাঁরা এতদিন টালা ব্রিজ পার হয়ে পাইকপাড়া থেকে বাগবাজারের দিকে যাতায়াত করতেন, তাঁদের সুবিধা হবে। এক ট্রাফিককর্তা জানিয়েছেন, যেহেতু সামনেই মাধ্যমিক পরীক্ষা, তাই কোন রাস্তা দিয়ে কীভাবে গেলে ছাত্র-ছাত্রীরা তাড়াতাড়ি পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারবে, তা নিয়ে সমীক্ষা শুরু হয়েছে। সেইমতো রুটও তৈরি হচ্ছে। তবে এখন চিৎপুর লক গেট ফ্লাইওভার-সহ ওই এলাকার গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে দিনের বেলায় ভারী ও মাঝারি ধরনের মালবাহী গাড়ির যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। তার ফলে বাস, মিনিবাস ও ছোট গাড়ি তুলনামূলকভাবে সহজে যেতে পারছে বলে জানিয়েছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.