স্টাফ রিপোর্টার: গ্রেফতারি এড়াতে কলকাতা হাই কোর্টে আবেদন জানালেন নারদা কর্তা ম্যাথু স্যামুয়েল৷ সোমবার ম্যাথুর আইনজীবী অরুণাভ ঘোষ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করেন৷ নারদাকর্তাকে তলব করেছে কলকাতা পুলিশ৷ কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে তিনি লালবাজারে যাননি৷ পুলিশের আবেদনের ভিত্তিতে ব্যাঙ্কশাল কোর্ট ইতিমধ্যে ম্যাথুকে লালবাজারে যাওয়ার নির্দেশ দিয়েছে৷ জেরার পর তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি৷ এদিন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে ম্যাথুর আইনজীবী আবেদন করেন৷ যদিও সেই আবেদন গৃহীত হয়নি৷ নারদা কর্তার বক্তব্য নতুন করে আবেদন করার কথা বলেছে আদালত৷ বুধবার মামলাটির শুনানি হতে পারে৷
প্রসঙ্গত, কলকাতা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায় ম্যাথুর বিরুদ্ধে নিউমার্কেট থানায় এফআইআর করেছিলেন৷ মেয়রের স্ত্রীর অভিযোগ, তাঁর স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে৷ সেই অভিযোগের প্রেক্ষিতেই মামলা দায়ের করে পুলিশ৷ বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার এস এম এইচ মির্জাকে এই মামলায় দু’বার লালবাজারে ডাকা হয়েছে৷ ডেকে জেরা করা হয়েছে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ইকবাল আহমেদকেও৷ কলকাতায় এসে নারদা কর্তা যে ট্যাক্সিটি ব্যবহার করেছিলেন তার চালককেও জেরা করেছে পুলিশ৷ আদালতে মামলাটি বিচারাধীন, এই কারণ দেখিয়ে ম্যাথু বারবার জেরা এড়িয়ে গিয়েছেন৷
আদালতের নির্দেশে সাতদিনের মধ্যে হাজিরা না দিলে তাঁকে যাতে গ্রেফতার করা যায় তার আবেদন করার কথা ভাবছিল পুলিশ৷ সেই আবেদনের আগেই আদালতের দ্বারস্থ হন ম্যাথু৷ এদিন তাঁর আইনজীবী বলেন, ম্যাথুর দেওয়া তথ্য এখন ভিন রাজ্যে ফরেনসিক পরীক্ষাগারে আছে৷ সেই রিপোর্ট এখনও আসেনি৷
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের