দীপঙ্কর মণ্ডল: রাজ্য সরকারকে হেয় করার অভিযোগ উঠল স্কুলশিক্ষা দপ্তরের আধিকারিকদের একাংশের বিরুদ্ধে। ইদ উপলক্ষে শনিবার রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। কিন্তু অদ্ভুতভাবে এইদিনেই অফিস খুলে রাখার নির্দেশ এসেছে। তা নিয়েই চাঞ্চল্য।
শুক্রবার পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন প্রত্যেক জেলার প্রজেক্ট অফিসারকে চিঠি দিয়ে নির্দেশ দেয় ২১ জুন পর্যন্ত ছুটির দিনেও অফিস খুলে রাখতে হবে। দিল্লিতে প্রজেক্টের কাজ চলছে। কোনও তথ্য চাইলে যাতে তা দ্রুত পাঠানো যায় তা নিশ্চিত করতেই এই নির্দেশ। কিন্তু ইদ উপলক্ষে শনিবার গোটা দেশেই ছুটি। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের কোনও বিভাগেই কর্মীরা আসেননি। স্বাভাবিকভাবেই এ রাজ্যে সর্বশিক্ষা মিশনের যে কর্মীরা অফিসে গিয়েছেন, তাঁদের সবাইকে বসে থাকতে হয়েছে। কলকাতা জেলা সর্বশিক্ষা মিশনের কোঅর্ডিনেটর সম্রাট পুরকাইত এ প্রসঙ্গে অভিযোগ করেন, “ইদ উপলক্ষে দিল্লিতে ছুটি থাকলেও আমদের থাকতে বলা হয়েছিল। সবাই উপস্থিতও ছিলাম। রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করতে স্কুলশিক্ষা দপ্তরের কয়েকজন আধিকারিক চক্রান্ত করছেন।”
[রাতবিরেতে ছাদে চড়ে তাণ্ডব মানসিক ভারসাম্যহীন যুবকের, নাজেহাল বাসিন্দারা]
কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ও সর্বশিক্ষা অভিযান প্রকল্প একজায়গায় মিশে ‘সমগ্র শিক্ষা অভিযান’ নামে নতুন প্রকল্প তৈরি হচ্ছে। গোটা দেশে তার কাজ চলছে। রাজ্যে কর্মরত কর্মীদের ‘অ্যাপ্রেইজাল’ পাঠানো হয়েছে কেন্দ্রে। তারপরও ছুটির দিনে অফিস খুলে রাখার নির্দেশ। এই নির্দেশ মোতাবেক সবাই ছুটির দিনে অফিসে এসেছিলেন। কর্মীদের মধ্যে ক্ষোভ লক্ষ্য করা গিয়েছে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির-সহ সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল এই নির্দেশের তীব্র নিন্দা করেন। তিনি এ প্রসঙ্গে বলেন, “সরকারের এই ভুল সিদ্ধান্তের নিন্দা জানানোর ভাষা নেই। ইদের দিনে অফিস খুলে রাখার সিদ্ধান্তকে কোনওভাবেই সমর্থন করা যায় না।”
সর্বশেষ খবর
-
মূলস্রোতের স্কুলে পড়বে দিব্যাঙ্গ শিশুরাও! পরিকাঠামো উন্নয়নে নজর রাজ্যের
-
ষষ্ঠ বিদেশি সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল, এক বছরের জন্য লাল-হলুদে আইভোরি কোস্টের স্ট্রাইকার
-
ফুচকার লোভ দেখিয়ে নাবালিকাকে ‘ব্যাড টাচ’! গ্রেপ্তার প্রতিবেশী ‘দাদু’, উত্তরপাড়ায় হুলস্থুল
-
চূড়ান্ত হয়ে গেল কলকাতা লিগের ডার্বির দিনক্ষণ, বারাসতে মুখোমুখি হবে মোহন-ইস্ট
-
বুধে বালুরঘাটে সুকান্তের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী, মেনুতে থাকছে কোন বিশেষ মাছ?