রাখিবন্ধন উৎসবে শামিল সোনাগাছির যৌনকর্মীরাও, হাজির মদনও

সোনাগাছির অন্দরে মঞ্চ বেঁধে রাখিবন্ধন উৎসব পালন করলেন যৌনকর্মীরা, দেখুন ভিডিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৭, ২০১৭, ১২:২৭

options
link
রাখিবন্ধন উৎসবে শামিল সোনাগাছির যৌনকর্মীরাও, হাজির মদনও

শুভময় মণ্ডল: পৃথিবীর আদিমতম পেশার সঙ্গে যুক্ত তাঁরা। তবুও সমাজের মূলস্রোতে তাঁরা অনেকেই ব্রাত্য। উৎসবে শামিল হওয়ার কথা শুনলে অনেকেই নাক সিটকান। তাঁরা যৌনকর্মী। শরীরসম্বল পেশায় তাঁদের দিন গুজরান। কিন্তু সরকার এখনও তাঁদের পেশাকে সামাজিক স্বীকৃতি দিতে নারাজ। তাঁদের হয়েই লড়াই চালাচ্ছে দুর্বার মহিল সমন্বয় সমিতি। এই স্বেচ্ছাসেবী সংগঠনের ছাতার তলায় এসে ধীরে ধীরে সমাজের মূলস্রোতে ফিরে এসেছেন যৌনকর্মীরা। এশিয়ার বৃহত্তম নিষিদ্ধপল্লির বাসিন্দারা তাই শামিল হলেন রাখিবন্ধন উৎসবেও। কয়েকবছর ধরেই সোনাগাছির অন্দরে মঞ্চ বেঁধে রাখিবন্ধন উৎসব পালন করেন যৌনকর্মীরা। এবারও অন্যথা হয়নি। নেতা-তারকা থেকে শুরু করে পথচলতি মানুষকে এদিন রাখি পরিয়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিলেন যৌনকর্মীরা।

Advertisement

[রাখিতে ভাইকে দিদির উপহার নিজের কিডনি]

তাঁদের কেউ কেউ এখন পেশায় রয়েছেন, কেউ বা বয়সের ভারে পেশা ছেড়েছেন। কিন্তু দুর্বারের দেখানো পথেই সমাজে অন্যদের মতো নিজের স্বীকৃতি আদায় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তা অনেকটাই সম্ভব হয়েছে। তাই দুর্বারের উদ্যোগে আয়োজিত এই উৎসবে কোমর বেঁধে শামিল হয়েছেন সব যৌনকর্মীরাই। কেউ পথচলতি মানুষের হাতে রাখি পরিয়ে দিচ্ছেন। আবার কেউ মিষ্টি খাইয়ে ভ্রাতৃত্বের বার্তা ছড়াচ্ছেন। সোমবার সোনাগাছির অবিনাশ কবিরাজ স্ট্রিটে পালিত হয় রাখিবন্ধন উৎসব। বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করেই উৎসবে শামিল হতে হাজির সব যৌনকর্মীরা। বছরের এইদিনগুলিতেই তাঁদের খুব আনন্দ। আর পাঁচজনের মতো তাঁরা সেদিন খুশিতে মেতে ওঠেন। যৌনকর্মীদের হাত থেকে রাখি পরতে উপস্থিত হন প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা মদন মিত্র। পরলেন রাখি, করলেন মিষ্টিমুখ। তারপর তাঁর রাজনৈতিক উত্থানের নেপথ্যে সোনাগাছি অঞ্চলের অবদান স্মৃতিচারণায় বর্ণনা করলেন। ছিলেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিষ কুমারও। তাঁকেও রাখি পরিয়ে, মিষ্টি খাইয়ে উৎসবে শামিল করলেন যৌনকর্মীরা।

Advertisement

Advertisement

হয়তো উৎসব শেষ হয়ে যাবে। ফের পেশার তাগিদে কাজে নামবেন যৌনকর্মীরা। আর কয়েকদিন পরই পুজো। এবারও সোনাগাছির অন্দরেই দুর্গাপুজো করবেন নিষিদ্ধপল্লির বাসিন্দারা। তখন ফের উৎসবে শামিল হওয়ার দিন আসবে। ততদিন আবার অপেক্ষায় থাকা। পেশা না হোক কিন্তু নিজেদের অধিকারের লড়াই তাঁরা চালিয়ে যাবেনই। অঙ্গীকার দুর্বারের।

[চটজলদি রান্নায় মুখরোচক হোক রাখি, রইল তেমনই কয়েকটি রেসিপি]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.