Taratala

তারাতলায় মৃত বেড়ে ৫, শ্রমিক নিয়োগকারীকে জিজ্ঞাসাবাদের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

বুধবার সন্ধ্যায় এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। রাতভর উদ্ধারকাজ চলবে বলেই জানান তিনি।

Advertisement ad
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০২৬, ২১:৪৯

options
link
তারাতলায় মৃত বেড়ে ৫, শ্রমিক নিয়োগকারীকে জিজ্ঞাসাবাদের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর zoom
তারাতলা বিপর্যয়ে আহতদের দেখতে এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু। ছবি: অপ্রতীম পাল

তারাতলায় গুদাম বিপর্যয়ে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্য়া। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ জনের। আটকে থাকাদের খোঁজে রাতভর তল্লাশি চলবে। বুধবার সন্ধ্যায় এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। অতিরিক্ত পুলিশ কমিশনারকে শ্রমিক নিয়োগকারীকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন তিনি।

দুশ্চিন্তাগ্রস্ত পরিজনদের জন্য নবান্নে বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে চারটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরগুলি হল: ১০৭০, ৮৬৯৭৯৮১০৭০, (০৩৩) ২২১৪ ৩৫২৬, (০৩৩) ২২৫৩ ৫১৮৫।

শুভেন্দু অধিকারী জানান, এখনও পর্যন্ত মোট ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ১৮ জন বিপন্মুক্ত। ২ জনের অবস্থা সংকটজনক। বাকি ৫ জনের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, “কর্মরতদের বেশিরভাগই বিহার ও মুঙ্গেরের বাসিন্দা। ঠিক কতজন শ্রমিক ওই ধ্বংসস্তূপের নিচে কাজ করছিলেন, তার হিসাব পেতে লালবাজারকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। শ্রমিক সরবরাহকারীকে অবিলম্বে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে। তাহলেই জানা যাবে ঠিক কতজন শ্রমিক কাজ করছিলেন। কতজন নিখোঁজ হয়ে গিয়েছেন। আর কতজন উদ্ধার হয়েছেন তা স্পষ্ট হবে।”

Taratala-Army
তারাতলায় রাতেও চলছে উদ্ধারকাজ। ছবি: সুমন দাস

উদ্ধারকাজ এবং চিকিৎসায় কোনও খামতি থাকছে না বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, “উদ্ধারকাজে সার্বিক তদারকি করবেন মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব। তাঁদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য দপ্তরের সচিব। পুলিশের সঙ্গে সংযোগ রেখে আমাদের টিম কাজ করছে। ক্ষয়ক্ষতি অনেক বেশি হতে পারত, কিন্তু তৎপরতার কারণে তা আটকানো গিয়েছে। আমাদের এখন প্রধান লক্ষ্য, যদি এখনও কেউ ভিতরে জীবিত অবস্থায় আটকে থাকেন, তাঁদের দ্রুত উদ্ধার করা।” 

এদিকে, এখনও পর্যন্ত তারাতলায় ঘটনাস্থলে শ্রমিক পরিবারের ভিড়। ভিড় বাড়ছে এসএসকেএম হাসপাতাল চত্বরেও। কেউ খুঁজছেন তাঁর বাবাকে। কেউবা পাচ্ছেন না ভাই কিংবা দাদাকে। দুশ্চিন্তাগ্রস্ত পরিজনদের জন্য নবান্নে বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে চারটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরগুলি হল: ১০৭০, ৮৬৯৭৯৮১০৭০, (০৩৩) ২২১৪ ৩৫২৬, (০৩৩) ২২৫৩ ৫১৮৫।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন