office lunch

হাতে একদম সময় নেই, অফিসের জন্য চটপট বানান প্রোটিনে ভরপুর এই ৫ পদ

রুটির সঙ্গে আলু-সোয়াবিন বা পনিরের তরকারি কি রোজ রোজ মুখে রোচে? ব্রাত্য রয়ে যায় শরীরে পর্যাপ্ত প্রোটিনের যোগানও। কোন ধরনের খাবার নেওয়া চলে অফিসের লাঞ্চে?

Advertisement ad
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৫, ২০২৬, ২০:১৩

options
link
হাতে একদম সময় নেই, অফিসের জন্য চটপট বানান প্রোটিনে ভরপুর এই ৫ পদ zoom

সকালে চোখ খুলতেই সারাদিনের ব্যস্ততা শুরু! সময়ে অফিস পৌঁছতে হবে, অফিসে দুপুরে খাওয়ার মতো কিছু সহজ রান্নাও সেরে ফেলতে হবে। রোজ বাইরের খাবার খাওয়া পেট ও পকেট দুইয়ের পক্ষেই ক্ষতিকর। আর এতসব ভাবনার মাঝে একেবারে ব্রাত্য রয়ে যায় শরীরে পর্যাপ্ত প্রোটিনের যোগান। রুটির সঙ্গে আলু-সোয়াবিন বা পনিরের তরকারি কি রোজ রোজ মুখে রোচে? আজ রইল ৫ সহজ, স্বাদু খাবারের (office lunch) হদিশ, যা অফিসের ব্যস্ত কাজের মাঝে শরীরকে এনার্জি দেয়। বানানেও সময় লাগে না।

5 easy high protein packed office lunch ideas
সোয়াবিনের কিমা। সবজি-ভরা ওমলেট।

সোয়াবিনের কিমা

এক গ্রাম মুরগির মাংসের চাইতে এক গ্রাম সোয়াবিনে বেশি প্রোটিন থাকে। সিদ্ধ সোয়াবিন ব্লেন্ড করে নিন। কড়াইতে অল্প তেলে কষিয়ে নিন আদা বাটা, মটরশুটি আর কাঁচা লঙ্কার কুচি দিয়ে। পর্যাপ্ত নুন, হলুদ, জিরে গুঁড়ো দিন তাতে। রুটি দিয়ে অথবা শুধু মুখেই খাওয়া যায় এই কিমা।

ওটস-মুগের দোসা

আটা-ময়দা ‘ক্যানসেল’! ভিজিয়ে রাখা মুগ ডাল আর ওটস ব্লেন্ড করে মাখো মাখো ব্যাটার তৈরি করুন। নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিন তার মধ্যে। ছড়ানো তাওয়ায় দোসা বানানোর মতো করে ছড়িয়ে দিন ব্যাটার। হালকা রঙ ধরলে, মাঝে কুঁচিয়ে রাখা পিঁয়াজ, টমেটো, ধনে পাতা দিয়ে দিন। চাটনি অথবা রায়তার সঙ্গে অসামান্য খেতে লাগবে।

সবজি-ভরা ওমলেট

পাত্রে ডিম ফাটিয়ে, তাতে মেশান মিহি করে কুঁচিয়ে রাখা পিঁয়াজ, টমেটো, বিন, গাজর, মটরশুটি, কাঁচা লঙ্কা, বাদাম। নুন, গোলমরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর তাওয়ায় ঢেলে ওমলেট বানিয়ে ফেলুন। বানাতে পারেন ডিমের ভুজিয়াও। হাতরুটি অথবা পাউরুটির সঙ্গে দিব্যি জমে যাবে!

5 easy high protein packed office lunch ideas
পনিরের স্টার-ফ্রাই। ওটস-মুগের দোসা।

ছোলার স্যালাড

কাবলি ছোলা আর সাধারণ ছোলা একসঙ্গে ভিজিয়ে রাখুন রাতভর। অঙ্কুর বেরলে, তার খাদ্যগুণ এক ধাক্কায় কয়েক গুণ বেড়ে যায়। অতিরিক্ত সিদ্ধ না করে, সামান্য ভাপিয়ে নিন। কাঁচা ছোলা সরাসরি খেলে অ্যাসিডিটি হতে পারে। এর সঙ্গে মিশিয়ে নিন কুচানো পিঁয়াজ, টমেটো, গাজর, মটরশুটি, কাঁচা লঙ্কা। উপরে নুন, গোলমরিচ, চাট মশলা ছড়িয়ে দিলেই স্যালাড রেডি।

পনিরের স্টার-ফ্রাই

বড় টুকরোতে পনির কেটে নিন। অল্প তেলে ভেজে সরিয়ে রাখুন। বাকি তেলটুকুতে আদা-রসুন পেস্ট ও ডুমো করে কাটা পিঁয়াজ দিয়ে দিন। দিতে পারেন ক্যাপসিকামও। নুন, গোলমরিচ দিন, অল্প সোয়া সস দিলে স্বাদ দ্বিগুণ হয়। একেবারে শেষে পনির দিয়ে ভালোমতন স্টার-ফ্রাই করুন। রুটি অথবা পরোটার যোগ্য সঙ্গত এই প্রোটিনে ভরা খাবার।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন