প্রথম পাতা খেলা দেশ বিদেশ ই-পেপার
Evening snacks

বর্ষায় চায়ের সঙ্গে বিস্কুট বেমানান, ঝটপট বাড়িতেই বানিয়ে নিন সহজ ৫ স্ন্যাকস

বাড়িতে অতিথি এলেও সান্ধ্যকালীন ভোজনে চায়ের সঙ্গত হিসেবে পরিবেশন করতে পারেন এই সমস্ত স্ন্যাকস। বলা বাহুল্য, আগত মেহমান তারিফ করবে গৃহস্থের বুদ্ধিমত্তার।

Advertisement ad
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২২, ২০২৬, ২০:১৮

options
link
বর্ষায় চায়ের সঙ্গে বিস্কুট বেমানান, ঝটপট বাড়িতেই বানিয়ে নিন সহজ ৫ স্ন্যাকস zoom
চায়ের সঙ্গে বিস্কুট যদি একঘেয়ে লাগে, তবে বানানো যায় সহজ মুখরোচক খাবার।

সকাল-সন্ধে চা ছাড়া যাদের চলেই না, তাঁরা জানেন, চায়ের সঙ্গে ‘টা’ কতখানি জরুরি। রকমারি বিস্কুট তো চাইলেই কিনে রাখা যায়। তবে বিস্কুট খেতে খেতে এক সময় একঘেয়ে লাগতেই পারে সব। তাই দরকার এমন কোনও মুখরোচক খাবারের (Evening snacks), যা পেট ভারী করে দেয় না তবে ছোটখাটো খিদেতে দিব্যি লাগে। রান্নাবান্নার বিরাট ঝক্কি নেই, তাই বানাতেও বিরক্ত লাগে না।

5 easy homemade snacks to go with evening tea
ব্রেড টোস্ট। চিঁড়ের পোহা।

মশলা বাদাম
চানাচুরের চাইতে অনেক স্বাস্থ্যকর এই ইভিনিং স্ন্যাকটি। শুকনো খোলায় কাঠবাদাম ভেজে নিতে হবে। বাটিতে ঢেলে নিয়ে, উপরে ছড়িয়ে দিতে হবে লবণ, লঙ্কাগুঁড়ো আর চাট মশলা। বাটি চাপা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে তারপর।

কর্ন চাট
ভুট্টার দানা ভাপিয়ে নিতে হবে গরম জলে। তারপর একটা পাত্রে ঢেলে, মিশিয়ে নিতে হবে লবণ, ব্ল্যাক সল্ট, পাতিলেবুর রস, ধনেপাতা কুচি, লঙ্কাগুঁড়ো আর চাট মশলা। চাইলে এভাবেই খাওয়া যায় চায়ের সঙ্গে। অথবা শশা, পিঁয়াজ, টোম্যাটোর কুচি মিশিয়ে নেওয়া যায় সঙ্গে। স্বাদ ও গন্ধে তুলনাহীন এই চাট।

চিঁড়ের পোহা
শুকনো কড়ায় একে একে দিতে হবে চিঁড়ে, কাঠবাদাম, কারিপাতা। নাড়াচাড়া করতে হবে সমানেই। মেশাতে হবে লবণ, লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ। তৈরি হতে খুব বেশি সময় লাগে না। মুচমুচে এই পোহা শুধু শুধুই খাওয়া চলে চায়ের সঙ্গে। অথবা এর সঙ্গেও মেশানো যায় শশা, পিঁয়াজ, টোম্যাটোর কুচি।

ব্রেড টোস্ট
হাতে অল্প সময় থাকলে হাত বাড়ানো যায় পাউরুটির দিকে! পাউরুটির খণ্ডের দুইপাশেই মাখন মাখিয়ে নিতে হবে। একপিঠে ছড়িয়ে দিতে হবে লবণ, গোলমরিচ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো। মিহি করে কুচানো পিঁয়াজ-টোম্যাটো ছড়িয়ে দিতে হবে তারপর। তাওয়া অথবা স্যান্ডউইচ মেকারে বসিয়ে দিতে হবে খণ্ডটি। একেবারে খড়মড়ে ভাজা হবে, নরম ভাব থাকবে না। চায়ের সঙ্গে অতি উপাদেয় এই টোস্ট, তা বুঝি আর বলার অপেক্ষা রাখে না।

5 easy homemade snacks to go with evening tea
কিউকাম্বার স্যান্ডউইচ। মশলা বাদাম।

কিউকাম্বার স্যান্ডউইচ
এই স্যান্ডউইচ তুলনামূলক সময়সাপেক্ষ। দুই খণ্ড সেঁকে রাখা পাউরুটির মাঝে মাখন অথবা মেয়োনিজ মাখিয়ে নিতে হবে। তারপর পাতলা ফালি করে কাটা শশা বিছিয়ে দিতে হবে মাঝে। চাইলে চিজ গ্রেট করে দেওয়া যায়। লবণ, গোলমরিচ ছড়িয়ে দিলেই তৈরি। পাউরুটি গরম থাকতেই বানিয়ে ফেলতে পারলে, চিজ গলতে শুরু করে। ফলে স্বাদ বেড়ে যায় কয়েকগুণ।

বাড়িতে অতিথি এলেও সান্ধ্যকালীন ভোজনে চায়ের সঙ্গত হিসেবে পরিবেশন করতে পারেন এই সমস্ত স্ন্যাকস। বলা বাহুল্য, আগত মেহমান তারিফ করবে গৃহস্থের বুদ্ধিমত্তার।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন