Malai Soya Chaap Recipe

বর্ষাদিনের হালকা স্ন্যাক্স, এয়ার ফ্রায়ারে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো মালাই সোয়া চাপ

হাতরুটি বা পরোটার সঙ্গে খাওয়া যায়, আবার এমনি সন্ধ্যেবেলার স্ন্যাক্স হিসেবেও দিব্যি জমে যায় এই রেস্তরাঁ-স্টাইল সোয়া চাপ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০২৬, ০৯:৪৫

options
link
বর্ষাদিনের হালকা স্ন্যাক্স, এয়ার ফ্রায়ারে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো মালাই সোয়া চাপ
সুস্বাদু এই মালাই সোয়া চাপ বানানো যায় বাড়িতেই।

মালাই সোয়া চাপ খাওয়ার ইচ্ছে, কিন্তু রেস্তরাঁর কথা ভাবলেই মন পিছু হাটে। খরচের প্রশ্ন তো রয়েছেই, সঙ্গে পরিচ্ছন্নতা নিয়েও প্রশ্ন থেকে যায়। অথচ মালাই সোয়া চাপ বানানো এমন কিছু কঠিন কাজ নয়। সমস্ত উপকরণ হাতের নাগালে থাকলে, বানিয়ে ফেলা যাবে বাড়িতেই। আর এয়ার ফ্রায়ার যদি থাকে রান্নাঘরে, তাহলে তো আর চিন্তাই নেই! সামান্য প্রয়াসেই তৈরি হবে স্বাস্থ্যকর রেস্তরাঁ-স্টাইল মালাই সোয়া চাপ (Malai Soya Chaap Recipe)। এর জন্য প্রয়োজন পড়বে—

Advertisement

সোয়া চাপ বানানোর উপকরণ
এই রেসিপির জন্য ৬–৮টি সোয়া চাপ দরকার। দোকান থেকে রেডিমেড সোয়া চাপ কিনতে পাওয়া যায়। অথবা বানিয়ে নেওয়া যায়। তার জন্য দু’মুঠো সোয়াবিন জলে ভিজিয়ে রাখতে হবে দীর্ঘ সময়। নরম হলে, ব্লেন্ডারে দিয়ে ঘন মিশ্রণ তৈরি করতে হবে। তারপর তা আইসক্রিমের কাঠির গায়ে জড়িয়ে নিতে হবে লম্বাটে আকারে। মিশ্রণ বসে গেলে, কাঠি সমেত তা ফোটাতে হবে গরম জলে। দীর্ঘ সময় এভাবে ফুটবে, চাপ শক্ত হয়ে বসে যাবে। তখন আলতো হাতে ভিতর থেকে কাঠি টেনে বের করে নিতে হবে। প্রয়োজনমতো কেটে নেওয়া যাবে সোয়া চাপটি।

Advertisement

Air Fryer Malai Soya Chaap Recipe Restaurant Style At Home

Advertisement

ম্যারিনেড তৈরির উপকরণ
• অর্ধেক কাপ জল ঝরানো টক দই
• তিন টেবিলচামচ ফ্রেশ ক্রিম
• ২ টেবিলচামচ কাজুবাদাম বাটা
• ১ টেবিলচামচ আদা-রসুন বাটা
• ১ চা-চামচ গোলমরিচ গুঁড়ো
• ½ চা চামচ গরম মশলা
• ১ চা চামচ চাট মশলা
• ১ চা চামচ গুঁড়ো করা কাসুরি মেথি
• ১ টেবিলচামচ লেবুর রস
• স্বাদমতো লবণ
• ১ টেবিলচামচ মাখন

প্রণালি
একটি বড় পাত্রে টক দই, ফ্রেশ ক্রিম, কাজুবাটা, আদা-রসুন বাটা, গোলমরিচ, গরম মশলা, চাট মশলা, কাসুরি মেথি, লেবুর রস ও লবণ একসঙ্গে ভালোভাবে ঘেঁটে, মসৃণ মিশ্রণ তৈরি করুন।

প্রতিটি সোয়া চাপে ভালোভাবে ম্যারিনেড মাখিয়ে অন্তত ১ ঘণ্টা ফ্রিজে রাখুন। স্বাদ বাড়াতে ৩–৪ ঘণ্টা বা সারা রাত রেখে দিতে পারেন।

এয়ার ফ্রায়ার ১৮০ ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করুন। বাস্কেটে হালকা তেল স্প্রে করুন। সোয়া চাপগুলো এক স্তরে সাজিয়ে রাখুন। একসঙ্গে বেশি চাপ রাখবেন না। ১০–১২ মিনিট রান্না করুন। ৬ মিনিট নাগাদ উল্টে দিন। অন্যপাশে মাখন ব্রাশ করুন। যতক্ষণ না চাপের গায়ে হালকা বাদামি রং আসছে, ততক্ষণ রান্না করতে হবে।

পুদিনা-ধনেপাতার চাটনি, লাচ্ছা পিঁয়াজ, লেবুর টুকরোর সঙ্গে পরিবেশন করুন। উপরে ছড়িয়ে দিন চাট মশলা আর কুচি করা ধনেপাতা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.