সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক চিকেন একাধিক উপায়ে রান্না করা যায়। তাহলে আর পুজোয় একটু আলাদা রেসিপি (Durga Puja Special Recipe) কেন ট্রাই করবেন না? হ্যাঁ, বাইরে খাওয়ার অনেক অপশন আছে। বাড়িতেও তো একটু বিশ্রাম নেবেন। তখন তৈরি করে ফেলুন সরষে চিকেন (Shorshe Chicken)। সাদা ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে দারুণ লাগবে।

সরষে চিকেন তৈরির জন্য কী কী লাগবে?
পরিমাণ মতো মুরগীর মাংস
টক দই
সরষের তেল
কাঁচা লঙ্কার পেস্ট
গোটা কাঁচা লঙ্কা (যতটা ঝাল খেতে চাইবেন)
রসুন পেস্ট
সরষে বাটা (শিলনোড়ায় বেটে নিতে পারেন অথবা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন)
নুন
হলুদ গুঁড়ো
জিরে গুঁড়ো
চিনি (বাধ্যতামূলক নয়)
কীভাবে তৈরি করবেন?
একটি পাত্রে মাংসের পিসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। তাতে রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট মাখান। একটু সরষের তেল দিয়ে আবার মেখে নিন। তাতে নুন আর একটু হলুদ গুঁড়োও দিয়ে দেবেন। এবার গোটা বিষয়টাকে ভালো করে ঢাকা দিয়ে অন্তত এক ঘণ্টা রেখে দিন। তার পর আরেকটা বাটি নিয়ে তাতে দই ভালো করে ফেটিয়ে নিন।
এবার কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে গরম হতে দিন। তাতে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিন। একটু জল ছাড়বে। জল শুকিয়ে না যাওয়া পর্যন্ত কষাতে থাকুন। একটু শুকনো হয়ে গেলে দই দিয়ে দিন। নাড়তে থাকুন। হালকা আঁচে রান্নাটা করতে থাকুন। তারপর নুন, জিরে গুঁড়ো, চিনি, গোটা লঙ্কা দিয়ে মিনিট পাঁচেক রান্না করুন। শুকিয়ে গেলে একটু জল দিন। গরম জল দিলে রান্না ভালো হয়। রান্নার প্রায় শেষ পর্যায়ে সরষে বাটা দিয়ে দিন। তার কিছুক্ষণ পর গ্যাস বন্ধ করে দিন। এবার উপর দিয়ে সামান্য কাঁচা সরষের তেল দিয়ে ঢেকে দিন। ব্যস তৈরি সরষে চিকেন। একেবারে ভাত খাওয়ার সময় ঢাকনাটা খুলবেন।
সর্বশেষ খবর
-
ব্রিকসে ভারতে এসে অসুস্থ জিনপিং-সহ একাধিক রাষ্ট্রনেতা? মুখ খুলল বিদেশমন্ত্রক
-
পুরনো কুর্তি বাতিল করতে মন চায় না? গৃহসজ্জায় কাজে লাগান এই ৬ উপায়ে
-
দারুণ ক্রিকেটার ছিলেন মোদি, ছিল নিজের দলও! জন্মদিনে ফাঁস প্রধানমন্ত্রীর ‘বচপন কা প্যায়ার’
-
‘আমাদের মন্ত্র কথা কম, কাজ বেশি’, অন্নপূর্ণা দিবসে মহিলাদের বিশেষ বার্তা মোদির, বললেন, ‘আত্মবিশ্বাস বাড়ছে’
-
‘ডায়েটে আছি’, গণপতির প্রসাদ ফিরিয়ে বিতর্কে রণবীর, নিন্দুকদের তোপ, ‘ওকে গোমাংস দিন’