Doda Barfi

অঙ্কুরিত গম দিয়ে ঘরেই তৈরি করুন সুস্বাদু ‘ডোডা বরফি’! ভুলে যাবেন দোকানের মিষ্টি

বাজারের মিষ্টিতে ভেজালের ভয় ইদানীং স্বাস্থ্যসচেতনদের ঘুম কেড়েছে। স্বাদের সঙ্গে আপস না করে পুষ্টির খোঁজ করছেন কি? সেরা বিকল্প হতে পারে পঞ্জাবের ঐতিহ্যবাহী ‘ডোডা বরফি’। তবে সাধারণ গম নয়, এই বিশেষ মিষ্টির স্বাদ নির্ভর করে অঙ্কুরিত গমের ওপর। কীভাবে বানাবেন? বিশদে জানুন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৯, ২০২৬, ১৬:৪৮

options
link
অঙ্কুরিত গম দিয়ে ঘরেই তৈরি করুন সুস্বাদু ‘ডোডা বরফি’! ভুলে যাবেন দোকানের মিষ্টি
কীভাবে বানাবেন দানাদার 'ডোডা বরফি'? জেনে নিন। ছবি: সংগৃহীত

উৎসবের মরশুম হোক বা ঘরোয়া অনুষ্ঠান। মিষ্টি ছাড়া বাঙালির ভূরিভোজ অসম্পূর্ণ। কিন্তু বাজারের মিষ্টিতে ভেজালের ভয় ইদানীং স্বাস্থ্যসচেতনদের ঘুম কেড়েছে। স্বাদের সঙ্গে আপস না করে পুষ্টির খোঁজ করছেন কি? সেরা বিকল্প হতে পারে পঞ্জাবের ঐতিহ্যবাহী ‘ডোডা বরফি’। তবে সাধারণ গম নয়, এই বিশেষ মিষ্টির স্বাদ নির্ভর করে অঙ্কুরিত গমের ওপর। সামান্য কসরতে বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন দোকানের মতো দানাদার ডোডা বরফি।

Advertisement
ছবি: সংগৃহীত

কী কী লাগবে?
১ কাপ অঙ্কুরিত গম
২ লিটার দুধ
১.৫ কাপ চিনি/ গুড়
১.৫ কাপ দেশি ঘি
২-৩ চামচ দই
১ টেবিল চামচ কোকো পাউডার
প্রয়োজন মতো কাজু, পেস্তা প্রভৃতি
১ চা চামচ এলাচ গুঁড়ো

Advertisement

কীভাবে বানাবেন?
এই মিষ্টি তৈরির মূল কারিকুরি লুকিয়ে আছে গমের প্রস্তুতিতে। শুকনো গম ভিজিয়ে প্রথমে অঙ্কুরিত করে নিতে হয়। এরপর সেই অঙ্কুরিত গম শুকিয়ে মিক্সিতে আধভাঙা করে নিন। মনে রাখবেন, এটি যেন আটার মতো মিহি না হয়। বরং দালিয়ার মতো যেন দানাদার থাকে। এরপর একটি ভারী পাত্রে লিটার দুয়েক দুধ জ্বাল দিতে হবে। দুধ ফুটে উঠলে তাতে ওই গমের মিশ্রণ দিয়ে মাঝারি আঁচে অনবরত নাড়তে হবে যতক্ষণ না দুধ অর্ধেকের কম হয়ে আসছে।

Advertisement

ডোডা বরফির বিশেষ দানাদার টেক্সচার আনতে গেলে সামান্য টক দই মেশানো প্রয়োজন। দই দিলে দুধ পুরোপুরি ছানা হবে না, কিন্তু ছোট ছোট দানা তৈরি হবে যা এই মিষ্টির আসল আকর্ষণ। এরপর মিশ্রণে দেড় কাপ চিনি বা গুড় এবং রঙের জন্য এক চামচ কোকো পাউডার মিশিয়ে নিন। মিশ্রণটি ঘন হয়ে এলে তাতে আধ কাপ দেশি ঘি ঢালুন। ঘি দিলে মিশ্রণ কড়াইয়ের গা ছেড়ে আসবে। স্বাদেও হবে অনন্য। একদম শেষে এলাচ গুঁড়ো এবং কুচোনো কাজু, বাদাম ও পেস্তা মিশিয়ে নাড়তে হবে।

ছবি: সংগৃহীত

যখন দেখা যাবে পুরো মিশ্রণটি মণ্ড পাকিয়ে আসছে, তখন গ্যাস বন্ধ করে ঘি মাখানো একটি থালায় সমানভাবে ছড়িয়ে দিতে হবে। ওপর থেকে আরও কিছু শুকনো ফলের কুচি ছড়িয়ে দিয়ে হালকা চেপে দিন। চার-পাঁচ ঘণ্টা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলেই সেট হয়ে যাবে ডোডা বরফি। এরপর নিজের পছন্দমতো চৌকো বা বরফি আকারে কেটে পরিবেশন করুন। অঙ্কুরিত গমের এই মিষ্টি যেমন পুষ্টিকর, তেমনই এর প্রতিটি কামড়ে পাওয়া যাবে হালুইকরদের হাতের সেই চিরাচরিত স্বাদ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.