প্রথম ডেট। গঙ্গার ধার কিংবা ঝাঁ-চকচকে রেস্তরাঁয় অল্প সময় কাটিয়েছেন একসঙ্গে। কথা বলেছেন, হেসেছেন, ভাগ করে নিয়েছেন ছোটখাটো অভিজ্ঞতার কথা। আর তাতেই অনুভব করছেন, উলটোদিকে বসা মানুষটাকেই জীবনসঙ্গী (finding soulmate) হিসেবে চান! এই কি তবে সেই মানুষ, যার জন্য আপনি অপেক্ষা করে ছিলেন ‘যুগে যুগে দিনরাত্রি ধরি’?
আরও পড়ুন:
মনোবিদরা অবশ্য বলছেন অন্য কথা। তাঁদের মতে, যদি এমন অল্প সময় দেখেই কাউকে ‘মনের মানুষ’ ভেবে বসেন, তবে তার পিছনে প্রেম ছাড়াও বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে। সময় থাকতে তা না বুঝে সম্পর্কে এগোলে, কমদিনের মধ্যেই তা ভেঙেও যেতে পারে।

১। একজন মানুষকে কিছুক্ষণ দেখেই মনে হতে পারে, নতুন নয়। বহু যুগ ধরে যেন চেনা এই কথা বলার ধরন, ঠাট্টা-ইয়ার্কি। কিন্তু তার মানেই সে যে মানুষ আপনার ‘সোল-মেট’, তেমন দাগিয়ে দেওয়া যায় না। মনোবিদরা জানাচ্ছেন, কাউকে খুব চেনা লাগার অর্থ তার মানসিক প্যাটার্নটি আপনার চেনা। ভেবে দেখলেই বোঝা যাবে যে, এই প্যাটার্ন জীবনে আগে কখনও দেখেছেন আপনি। হয়তো শৈশবের কোনও পছন্দের মানুষের মধ্যে, অথবা কোনও প্রাক্তন সঙ্গীর মধ্যে।
তা যদি হয়, তবে অচিরেই নতুন মানুষটির প্রতি আপনার প্রত্যাশাও সেই অনুযায়ী প্রভাবিত হতে থাকে। এক সময় তা পূরণ না হলে, সম্পর্কে ভাঙন ধরে।
২। যদি কেবল মেসেজের ভিত্তিতে উলটোদিকের মানুষকে ‘মনের মানুষ’ ভেবে বসেন, তবে তা নির্বুদ্ধিতাই! কারণ টেক্সট মেসেজে মানুষ ততটাই প্রকাশ করে, যতটা সে বাইরের কাউকে জানাতে চায়। বাস্তবে কোনও মানুষ কেমন, তা কেবল সামনে থাকলে তবেই বোঝা যায়। মনোবিদরা বলেন, টেক্সট মেসেজ করা এক ধরনের স্কিল বিশেষ। ফলে সেখানে হাজারও কথা বলা গেলেও, সামনাসামনি মানুষটির সঙ্গে বলার মতো হয়তো তেমন কোনও কথাই খুঁজে পাওয়া যাবে না।
৩। কোনও মানুষ যখন কারণ অকারণে ভূয়সী প্রশংসা করতে শুরু করে, তখন আপনা থেকেই আমরা দুর্বল হয়ে পড়ি তার প্রতি। আপনা থেকেই এমন কাউকে ‘মনের মানুষ’ ভাবতে শুরু করি আমরা। আমরা প্রত্যেকেই কমবেশি প্রশংসার প্রত্যাশী। কেবল প্রশংসা পাওয়ার ফলেই মানুষ ভাবতে শুরু করে যে উলটোদিকের মানুষটিই বুঝি সবথেকে বেশি বোঝে তাকে। কিন্তু তার মানে এই নয় যে সত্যিই সে মানুষ জীবনসঙ্গী হওয়ার উপযোগী।

প্রথম ডেটেই অন্যজনকে ভালো লাগা অস্বাভাবিক নয়। তবে এই অনুভূতির ভিত্তিতে বড় কোনও সিদ্ধান্ত নেওয়া যায় না। দু’জনের বোঝাপড়ায় আরও অনেক সময় দিন। যদি সত্যিই সে আপনার ‘সোল-মেট’ হয়, তবে তা সঠিক সময়ে বুঝবেন অবশ্যই।
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’