সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর বাকি সপ্তাহ তিনেক৷ তারপরই বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর আনন্দে গা ভাসাবে বাঙালি৷ আর পুজো মানে তো শুধুই মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখা আর ফুচকা খাওয়া নয়৷ পুজো মানে ছুটি, পুজো মানে পরিবার, বন্ধু-বান্ধবদের সঙ্গে জমিয়ে আড্ডা৷ অনেকে আবার পুজোর ভিড় থেকে নিজেকে সরিয়ে নিয়ে পাড়ি দেন দূরে কোথাও৷ শান্তির খোঁজে৷ এমন লম্বা ছুটি তো আর সবসময় জোটে না৷ জনপ্লাবন থেকে নিজেকে দূরে সরিয়ে প্রকৃতির কোলে ঠাঁই নিতে চাইলে এবার ছুটি কাটাতে পাড়ি দিতে পারেন ওখরেতে৷ পশ্চিম সিকিমের এই স্থান অনেক পর্যটকদের কাছেই অচেনা৷ তবে যাঁরা ট্রেকিং পছন্দ করেন, তাঁদের কাছে ওখরের জনপ্রিয়তার কথা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই৷

কী দেখবেন
পাহাড়ের কোলে ছোট্ট সাজানো এই গ্রাম থেকে হিলি এলাকার দূরত্ব ১০ কিলোমিটার৷ হিলিতে গাড়ি রেখে বার্সি পর্যন্ত ৪ কিলোমিটার দীর্ঘ পথ ট্রেকিং করেন পর্যটকরা৷
ওখরে থেকে হিলি পর্যন্ত এই ১০ কিলোমিটার পথ যাত্রাটাই সবচেয়ে মজাদার৷ যাওয়ার পথে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার শোভা আপনার মন ভরিয়ে দেবে৷ রাস্তার দু’ধারে সুবিস্তৃত রডোডেনড্রন হয়ে উঠবে আপনার সঙ্গী৷
এবার পালা ট্রেকিংয়ের৷ হিলি থেকে দুর্গম পথ পেরিয়ে বার্সি পৌঁছতে পারলে অপেক্ষারত আরও কিছু প্রাকৃতিক সৌন্দর্যের দেখা পাবেন৷ পাহাড় চূড়ায় ছোট্ট গ্রাম ললিতারে কিছুক্ষণ সময় কাটাতে পারেন৷ মন খারাপের মহল থেকে পর্যটকদের অনেক দূরে নিয়ে যেতে বরাবরই সফল হয় এই গ্রাম৷
ওখরের আরও একটি আকর্ষণীয় স্থান হল উজেন থন মেওন লিং মঠ৷ এই মঠের ভিতরেই তিব্বতি বাচ্চাদের পড়াশোনার জন্য রয়েছে একটি স্কুল৷

ওখরে থেকে হাঁটতে হাঁটতে চলে যেতে পারেন পশ্চিমবঙ্গের এক্কেবারে উত্তর প্রান্তে রিবদিতে৷ একইসঙ্গে ঢুঁ মারতে পারেন রামবাম জঙ্গলে৷
ওখরে থেকে গুরডুং হয়ে ফালুতের পথেও ট্রেকিংয়ে যান অনেকে৷
এছাড়াও কিতান জলপ্রপাত, প্রজাপতি উপত্যকাও প্রকৃতির সৌন্দর্যের অন্যতম নিদর্শন৷
কীভাবে যাবেন
হাওড়া বা শিয়ালদহ থেকে ট্রেনে নিউ জলপাইগুড়ি স্টেশন৷ সেখান থেকে জোরথাংগামী জিপে চেপে বসুন৷ ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছে যাবেন ওখরেতে৷ আকাশ পথে যেতে হলে ওখরের সবচেয়ে কাছের বিমানবন্দর হল বাগডোগরা৷ সেখান থেকেও গাড়ি পেতে অসুবিধা হবে না৷

কোথায় থাকবেন
ওখরেতে তিন ধরনের থাকার ব্যবস্থা রয়েছে৷ ডিলাক্স হোটেল, বাজেট লজ ও হোমস্টে৷ বাজেট অনুযায়ী নিজের পছন্দসই স্থানটি থাকার জন্য বেছে নিন৷ তবে পুজোর সময় আগে থেকে হোটেল বা লজ বুক করে যাওয়াই ভাল৷
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে মহা অঘটন! রুদ্ধশ্বাস টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় জার্মানির
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!