‘মুসাফির ক্যাফে’র অনুভূতি এবার দার্জিলিং-কালিম্পঙেই, বর্ষায় ঘুরে আসুন এই ৫ ঠিকানায়
পাহাড়ের কোলে হাতে এক কাপ চা বা কফি, আর কী চাই!
কালিম্পংয়ের থানা দারা স্কোয়ারের কাছে পাহাড়ের কোলে রয়েছে ‘আর্টে ক্যাফে’। প্রবেশ ছেত্রী ও যচনা রিজাল এটির মালিক। ‘মুসাফির ক্যাফে’-র মতোই এখানে নিয়মিত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যা হতেই গরম চা-কফির সঙ্গে গানে মেতে ওঠেন পর্যটকরা। মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার পাশাপাশি এখানকার বিশেষ আকর্ষণ পিৎজা ও ক্যারট কেক। চেখে দেখতে ভুলে গেলে কিন্তু মিস করবেন। ঠিকানা কালিম্পংয়ের থানা দারা, শর্মা বিল্ডিং (ওভারসিস ব্যাঙ্কের উপরে)।
আরও পড়ুন:
দার্জিলিংয়ের মল রোডের ঠিক উপরেই রয়েছে ‘দ্য সানডেক রুফটপ ক্যাফে’। চারপাশে পাহাড় দেখতে দেখতে, খোলা আকাশের নিচে বসে উপভোগ করতে পারবেন চা। এছাড়া মেনুতে রয়েছে গরম গরম মোমো, চিকেন সসেজ রামেন ও চিকেন বারবিকিউ-এর মতো খাবার। উপরি পাওনা মিউজিক। এই ক্যাফেতে সময় কাটাতে সঙ্গীরও প্রয়োজন নেই। বই নিয়ে বসলে কখন যে সময় কেটে যাবে, বুঝতেও পারবেন না। চক বাজারে গর্ভনর প্যালেসের উলটোদিকে রয়েছে এই ক্যাফেটি।
দার্জিলিংয়ের চৌরাস্তায় রয়েছে ‘এয়ার ক্যাফে’। এখানে বসে যতদূর চোখ যাবে দেখতে পাবেন পাহাড় আর পাহাড়। সন্ধ্যায় দূরে পাহাড়ের কোলের গ্রামে-বাজারে যখন আলো জ্বলে ওঠে তা যেন চোখ জুড়িয়ে দেয়। সঙ্গীর সঙ্গে বা একা, সময় কাটানোর জন্য এই ক্যাফে আদর্শ। মুসাফির ক্যাফের মতো আমেজের পাশাপাশি পাবেন সুস্বাদু খাবার, আন্তরিক আতিথেয়তা। ঠিকানা হল, দার্জিলিংয়ের চৌরাস্তা, শাংরিলা মলের তিনতলায়।
হিমালয়ের কোলে বসে বার্গার উপভোগ করতে চান? তাহলে অবশ্যই ঘুরে আসুন ‘বার্গার কার্টেল’-এ। দার্জিলিংয়ের চৌরাস্তা থেকে হাঁটাপথের দূরত্বে রয়েছে এই ক্যাফে। এখানকার বার্গার, লোডেড ফ্রাই, মিল্কশেক বিখ্যাত। এখানকার পরিবেশ, কর্মীদের ব্যবহার ও খাবারের মান আর পাঁচচি ক্যাফের থেকে আলাদা করে তুলেছে এটিকে। দার্জিলিংয়ের চক বাজারে হোটেল সেভেন সিস বিল্ডিংয়ে রয়েছে এটি।