Chinese Robots

লাঠি হাতে সৌদির ঐতিহ্যবাহী পোশাকে দুরন্ত নাচ চিনা রোবটের! ভিডিও দেখে অবাক নেটপাড়া

পিপলস রিপাবলিক অফ চায়নার ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপনে চিনা দূতাবাসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই সৌদি-নাচ দেখাল বেজিংয়ের রোবট।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০২৬, ১৯:০৪

options
link
লাঠি হাতে সৌদির ঐতিহ্যবাহী পোশাকে দুরন্ত নাচ চিনা রোবটের! ভিডিও দেখে অবাক নেটপাড়া
সৌদির ঐতিহ্যবাহী তরবারি-নাচ আরদাহ দেখাল চিনা রোবট।

কল্পবিজ্ঞান সময়ের থেকে এগিয়ে থাকে। হলিউডের ১৯৯৯ সালের ‘দ্য বাইসেন্টিনিয়াল ম্যান’ ছবিতে মেধাবী, কথা-বলা গৃহ পরিচারক রোবটকে চাক্ষুষ করেছিল দর্শক। পরবর্তীকালে তাঁর মানবিক উত্তরণ ঘটে। ততদূর না পৌঁছলেও পিপল্‌স রিপাবলিক অফ চায়না গঠনের ৭৭তম বার্ষিকী উপলক্ষে সৌদি আরবের চিনা দূতাবাসে বিশেষ ধরনের নাচ দেখাল বেজিংয়ের তৈরি একদল রোবট। যা দেখে তাক লেগে যায় অনুষ্ঠানে উপস্থিত দুই দেশের রাষ্ট্রনেতা এবং অন্যান্যদের। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই আশ্চর্য নাচের ভিডিও। এই ঘটনা যেমন প্রযুক্তিবিশ্বে চিনের দাপটকে চেনাল, অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশটিকে বন্ধুত্বের বার্তাও দিল শি জিনপিং সরকার।

Advertisement

সৌদির ঐতিহ্যবাহী তরবারি-নাচ আরদাহ। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বিশেষ ধরনের সাজ-পোশাক পরে মধ্যপ্রাচ্যের দেশটির সেই ঐতিহ্যবাহী নাচ দেখাচ্ছে একদল চিনা রোবট। যদিও তরবারির বদলে হাতে ছিল লাঠি। রাজধানী রিয়াধের চিনা দূতাবাসের এই বিশেষ অনুষ্টানে উপস্থিত ছিলেন রিয়াধের মেয়র, চিনের রাষ্ট্রদূত এবং অন্য অতিথিরা। আবহ সঙ্গীতের তালে তালে রোবটগুলির নিখুঁত নাচ দেখে মুগ্ধ হন উপস্থিত সকলেই।

চিনা দূতাবাস রোবট নাচের ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করে লেখে, ‘‘পিপলস রিপাবলিক অফ চায়নার ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপনে আমাদের দূতাবাস একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল। আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য ধন্যবাদ। চিনে তৈরি রোবটগুলি চমৎকার কাজ করেছে। উপস্থিত দর্শকেরা তাতে খুশি।’’ উল্লেখ্য, অতীতেও নিজেদের রোবটগুলির দক্ষতা প্রদর্শন করেছে চিন। যদিও আন্তর্জাতিক কূটনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, প্রযুক্তির প্রদর্শনের চেয়েও বেশি সৌদির সঙ্গে গভীর বন্ধুত্বের বার্তা দিল বেজিং।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.