নতুন নজির গড়তে জাপানে ৪৯৯ ভারতীয় অ্যাথলিট! কোথায় দেখা যাবে এশিয়াড?
৩৬টি ডিসিপ্লিনে নামতে জাপানে পৌঁছে গিয়েছেন ভারতীয় অ্যাথলিটরা।
কিছু ইভেন্ট ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বাস্কেটবল, ফুটবল, ভলিবল, ক্রিকেট, মডার্ন পেন্টাথলনের মতো খেলায় ১০ সেপ্টেম্বর থেকেই প্রাথমিক পর্বের প্রতিযোগিতা শুরু হয়েছে। শনিবার ভারতীয় সময় দুপুর ২.৩০ থেকে বিকেল ৪.৩০ মিনিট পর্যন্ত হবে উদ্বোধনী অনুষ্ঠান। আইচির পালোমা মিজুহো স্টেডিয়ামে ভারতের পতাকা বহন করবেন অলিম্পিক পদকজয়ী মনু ভাকের এবং দু’বারের এশিয়ান গেমস সোনাজয়ী তেজিন্দরপাল সিং তুর।
আরও পড়ুন:
এবারের এশিয়াডের মূল কেন্দ্র আইচি-নাগোয়া হলেও প্রতিযোগিতা সীমাবদ্ধ থাকছে না এক জায়গায়। আইচি প্রিফেকচার ও নাগোয়া শহরের পাশাপাশি গিফু, শিজুওকা, ওসাকা এবং টোকিওতেও হবে বিভিন্ন ইভেন্ট। নাগোয়া বন্দরের কাছে থাকছে ক্রীড়াবিদদের থাকার ব্যবস্থা ও মিডিয়া সেন্টার। টোকিওর পরিকাঠামো ব্যবহার করা হবে সাঁতার প্রতিযোগিতার জন্য। গিফুতে হবে হকির মতো নির্দিষ্ট কিছু ইভেন্ট।
হাংঝৌয়ের তুলনায় এবার ১২টি খেলা কমে ৪৩টি ডিসিপ্লিন রাখা হয়েছে। তবে তার মধ্যেই থাকছে বেশ কিছু নতুন আকর্ষণ। প্রথম বার এশিয়ান গেমসের মঞ্চে দেখা যাবে ফ্রিস্টাইল বিএমএক্স, মিক্সড মার্শাল আর্টস, প্যাডেল, সার্ফিং, টেকবল এবং ভার্চুয়াল তায়কোয়ান্দোর মতো খেলা। ফলে চেনা খেলার পাশাপাশি নতুন প্রজন্মের জনপ্রিয় কিছু ডিসিপ্লিনও যে বাড়তি নজর কাড়বে, সে কথা বলাই বাহুল্য।
আরও পড়ুন:
কোথায় দেখা যাবে এশিয়াড? ভারতীয় দর্শকরা এশিয়ান গেমসের খেলা সরাসরি দেখতে পারবেন Sony LIV ও Sony Sports Network-এ। Sony LIV-এ খেলা দেখতে প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্রয়োজন হবে। টেলিভিশনে Sony Sports 1 ও Sony Sports 5-এ ইংরেজি ধারাভাষ্য, Sony Sports 3-এ হিন্দি ধারাভাষ্য এবং Sony Sports 4-এ তামিল, তেলুগু ও কন্নড় ভাষায় সম্প্রচার হবে। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ ইভেন্ট DD Sports-এও দেখা যেতে পারে।
ক্রীড়া মন্ত্রক এবং ‘টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম’-এর দেওয়া তথ্য অনুযায়ী, গত তিন বছরের প্রস্তুতি পর্বে এশিয়ান গেমসকে সামনে রেখে খরচ হয়েছে প্রায় ৮০০.৭ কোটি টাকা। ভারতের থেকে জাপান সাড়ে তিন ঘণ্টা এগিয়ে। তাই কোনও কোনও প্রতিযোগিতা ভারতীয় সময় সকাল ৫.৩০ বা সকাল ১০.৩০ থেকেই শুরু হবে। ফলে ভারতীয় ক্রীড়াবিদদের ইভেন্ট দেখতে হলে দর্শকদের নজর রাখতে হবে সময়সূচিতে।
এশিয়াডে ভারতের অংশগ্রহণের ইতিহাস অনেক পুরনো। ১৯৫১ সালে দিল্লিতে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়। এখনও পর্যন্ত সব ক’টি এশিয়ান গেমসে অংশ নেওয়া সাতটি দেশের মধ্যে ভারতও রয়েছে। হাংঝৌ এশিয়াডে ভারত প্রথমবার ১০০টির বেশি পদক জেতে। ২৮টি সোনা, ৩৮টি রুপো এবং ৪১টি ব্রোঞ্জ-সহ মোট ১০৭টি পদক জিতে চতুর্থ স্থানে শেষ করে। এখনও পর্যন্ত এশিয়ান গেমসে এটাই ভারতের সর্বোচ্চ মোট পদকজয়ের রেকর্ড।
এশিয়াডে ভারতের পদকের ইতিহাসে অ্যাথলেটিক্স, শুটিং, কুস্তি, বক্সিং গুরুত্বপূর্ণ। ১৯৯০ সালে কাবাডি অন্তর্ভুক্ত হয়েছে। ভারত এই ইভেন্ট থেকে পদক প্রত্যাশা করে। এবার ৪৯৯ জনের দল নিয়ে আইচি-নাগোয়ায় নামছে ভারত। হাংঝৌয়ের রেকর্ড ভাঙা সম্ভব হবে কি না, তার উত্তর মিলবে আগামী ৪ অক্টোবর। উল্লেখ্য, অলিম্পিকের তুলনায়ও বেশি সংখ্যক ক্রীড়াবিদের অংশগ্রহণ করে এশিয়াডে। এবার ৪৫টি দেশের ১১ হাজারেরও বেশি ক্রীড়াবিদ অংশ নেবেন।