এবারও হচ্ছে না নতুন চ্যাম্পিয়ন, ইটালি-জার্মানিকে ছোঁয়ার লক্ষ্য মেসিদের, বিশ্বকাপে সফল কারা কারা?
এ পর্যন্ত বিশ্বজয়ের খেতাব পেয়েছে মোট আটটি দল। এবারও সেই আট দলের বাইরে যাচ্ছে না খেতাব।
অতীতে যে ২২ বার বিশ্বকাপের আসর বসেছে, তাতে মোটে ৮টি দল চ্যাম্পিয়ন হয়েছে। এর মধ্যে পাঁচটি দেশই ইউরোপের। ৩টি দেশ লাটিন আমেরিকার। এশিয়া-আফ্রিকার মতো এত বৃহৎ জনসংখ্যার মহাদেশগুলির কোনও দলই এ পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়ন হয়নি। এমনকী এই দুই মহাদেশের কোনও দেশ এ পর্যন্ত রানার্স আপও হয়নি। আফ্রিকার কোনও কোনও দেশ মাঝে মাঝে চমক দেয় বটে। কিন্তু এশিয়ার কপালে সেটাও জোটে না।
আরও পড়ুন:
এ পর্যন্ত বিশ্বকাপে সবচেয়ে সফল দল ব্রাজিল। এ পর্যন্ত পাঁচবার চ্যাম্পিয়নের খেতাব উঠেছে তাঁদের হাতে। সেই পেলে, জিকোদের যুগ থেকে রোনাল্ডিনহো, রোনাল্ডো পর্যন্ত। বিশ্ব ফুটবলে দীর্ঘদিন দাপট দেখিয়েছে ব্রাজিল। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ এবং ২০০২ সালে বিশ্বজয় করেছে তাঁরা। তবে ২০০২ সালের পর সেই দাপট কিছুটা ফিকে। ওই শেষবার চ্যাম্পিয়ন হয় সাম্বা বয়েজ। তারপর আর ফাইনালেও উঠতে পারেনি তাঁরা।
সফল দলের তালিকায় দ্বিতীয় নাম জার্মানির। সেই বিশ্বকাপের শুরুর দিক থেকে এই মেগা টুর্নামেন্টে দাপট দেখিয়ে আসছেন জার্মানরা। গার্ড মুলার বেকনবাউয়ার থেকে মুলার, ক্লোজে পর্যন্ত জার্মানদের কিংবদন্তি সংখ্যা কম নয়। এ পর্যন্ত ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ এবং ২০১৪ সালে বিশ্বজয় করেছে জার্মানি। এর মধ্যে ২০১৪ বিশ্বকাপের ব্রাজিলকে ৭-১ ব্যবধানে হারানোর ম্যাচ ভোলার নয়। তবে শেষ ৩ বিশ্বকাপে জার্মানির পারফরম্যান্স আশানুরূপ নয়।
একা জার্মানি নয়। আরও একটি দল চারবার বিশ্বকাপ জিতেছে। প্লাতিনি, দেল পিয়েরো, পির্লোদের দেশ ইটালি। ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ এবং ২০০৬ সালে চ্যাম্পিয়ন হয় ইটালি। সে দেশের ফুটবলের আলাদা ঘরানা রয়েছে। রক্ষ্মণাত্মক অথচ সুন্দর ফুটবল খেলতেন পির্লোরা। যদিও শেষ দু'দশেক ইটালিয়ান ফুটবল চরম দুর্দশায়। শেষ ৩ বিশ্বকাপে সুযোগও পায়নি তারা।
আরও পড়ুন:
এ পর্যন্ত ৩ বার বিশ্বকাপ পেয়েছে আর্জেন্টিনা। ১৯৭৮, ১৯৮৬ এবং ২০২২। এর মধ্যে ১৯৮৬'র বিশ্বকাপ পরিচিত মারাদোনার টুর্নামেন্ট হিসাবে। আরও ২০২২ পরিচিত লিওনেল মেসির বিশ্বকাপ হিসাবে। মেসির কাছে অবশ্য এ বছরও সুযোগ রয়েছে বিশ্বজয় করার। আর্জেন্টিনা টুর্নামেন্টের সেমিতে। এবার জিততে পারলে অতীতের জার্মানি এবং ইটালিকে ছুঁয়ে ফেলবে আর্জেন্টিনা।
গত প্রায় এক দশকে বিশ্ব ফুটবলের অন্যতম সফল দেশটির নাম ফ্রান্স। ২০১৮ বিশ্বকাপ ফ্রান্স জেতে। ২০২২ সালে তারা রানার্স আপ। এ বারও সেমিফাইনালে খেলছে টুর্নামেন্টের হট ফেভারিটরা। এর আগে ১৯৯৮ সালেও জিনেদিন জিদানের আমলে বিশ্বজয়ী হয় ফরাসিরা। ২০০৬ সালে রানার্স আপও হয়। জিনেদিন জিদানের সেই লিগ্যাসি বয়ে নিয়ে বেড়াচ্ছেন এমবাপেরা।
আরও একটি দেশের নামের পাশে দু'বার বিশ্বজয়ের কৃতিত্ব রয়েছে। সেটা উরুগুয়ে। সেই ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপেই মারাকানা স্টেডিয়ামে ইতিহাস গড়েছিল উরুগুয়ে। ফের ১৯৫০ সালে উরুগুয়ে ফের চ্যাম্পিয়ন হয়। কিন্তু তারপর দীর্ঘ ৭ দশক সেভাবে বিশ্ব ফুটবলে সাড়া ফেলতে পারেনি তারা। শেষবার ২০১০ সালে দিয়েগো ফোরল্যানের টিম উরুগুয়ে সেমিফাইনালে উঠেছিল।