Alaska

আলাস্কার আকাশে চার সূর্য! মহাজাগতিক ‘ম্যাজিকে’র ভিডিও ভাইরাল

সকাল সাতটা নাগাদ ওই দৃশ্য দেখে তাক লেগে গিয়েছে নেটিজেনদের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১৩:৫৪

options
link
আলাস্কার আকাশে চার সূর্য! মহাজাগতিক ‘ম্যাজিকে’র ভিডিও ভাইরাল

কথায় বলে এক আকাশে কখনও দু’টো সূর্য থাকতে পারে না। কিন্তু আলাস্কার আকাশে উঁকি দিল চার-চারটি সূর্য! কয়েকদিন আগে এই দৃশ্যের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। মহাজাগতিক এই সৌন্দর্য মন জিতেছে মহাকাশপ্রেমীদের।

Advertisement

মহাবিশ্ব অপার রহস্য আর ঘটনার ঘনঘটায় ভরা। সেখানে কখন কী ঘটে যায়, বেশিরভাগটাই থাকে আড়ালে। যা কিছু জ্যোতির্বিজ্ঞানীদের হাত ধরে সাধারণ মানুষ জানতে পারে, তা যৎকিঞ্চিৎ। তবে এক্ষেত্রে যা দেখা গিয়েছে তা… বলাই বাহুল্য, চারটি সূর্য নিশ্চয়ই সত্যি সত্যি দেখা দেয়নি। আমাদের সৌরমণ্ডলের কর্তা আসলে একজনই ছিলেন, তিনিই আছেন। কিন্তু তাহলে এক সূর্যের চার রূপ কোথা থেকে এল? আসলে এর পিছনে রয়েছে দৃশ্যবিভ্রম। যার স্পষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। একে বলে ‘কমপ্লেক্স সানডগ’। মেঘের ভিতরে থাকা ষড়ভুজাকৃতি বরফ স্ফটিকের ভিতর দিয়ে সূর্যের আলো প্রতিসৃত হলে এই দৃশ্য তৈরি হয়। মূল সূর্যের পাশাপাশি আকাশে আরও একাধিক উজ্জ্বল আলোকবিন্দু বা প্রতিচ্ছবি দেখা যায়। দেখলে মনে হবে, বোধহয় সব ক’টিই আসল সূর্য।

Advertisement

এক সূর্যের চার রূপ কোথা থেকে এল? আসলে এর পিছনে রয়েছে দৃশ্যবিভ্রম। যার স্পষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। একে বলে ‘কমপ্লেক্স সানডগ’।

গত রবিবার স্থানীয় সময় সকাল সাতটা নাগাদ ওই দৃশ্য দেখা গিয়েছিল। ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। অনেকেই বলেছেন, এমন দৃশ্য দেখে সাইফি ছবির কথা মনে পড়ছে। প্রসঙ্গত, বিখ্যাত হলিউডি ছবি ‘স্টার ওয়ার্স’-এ এক আকাশে জোড়া সূর্য দেখা গিয়েছিল। একজন নেটিজেন লিখেছেন, ‘আলাস্কায় একটি ভিডিওতে একই সঙ্গে চারটি সূর্যের আবির্ভাবের অস্বাভাবিক দৃশ্য ধরা পড়েছে। ঠান্ডা বাতাসে বরফের স্ফটিকের মধ্য দিয়ে সূর্যের আলো প্রতিসৃত হওয়ার ফলেই এমনটা দেখা যায়।’ আরও নানা মন্তব্য জমা পড়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.