যেন রানের ফুলঝুরি ছোটালেন! আর যিনি ফুলঝুরি ছোটালেন, তাঁর নাম অভিষেক শর্মা। তাঁর ব্যাট যেদিন চলে, সেদিন বিপক্ষ বোলাররা কেবল দর্শকের ভূমিকায় থাকে। এদিন দিল্লিতে দেখা গেল সেই চিত্র। আফগান বোলারদের পাড়ার বোলারে পরিণত করে টিম ইন্ডিয়ার বাঁহাতি তারকা ‘পেশির জোর’ দেখিয়ে মাত্র ৩০ বলে সেঞ্চুরি পুরণ করলেন। ‘শর্মাজি কা বেটা’র ব্যাট দিয়ে এল টেস্ট খেলিয়ে দেশের মধ্যে দ্রুততম সেঞ্চুরি।
আরও পড়ুন:
শুরু থেকেই ঝড়। পাওয়ার প্লে-তে আফগানিস্তানের বোলারদের কার্যত উড়িয়ে দিলেন অভিষেক। সঙ্গী সঞ্জু স্যামসনকে নিয়ে মাত্র ছ’ওভারেই ভারত তুলে নিল ১০০ রান। আর সেই তাণ্ডবের মূলে বাঁহাতি ওপেনার। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান। তাঁর সিদ্ধান্তকে ভুল প্রমাণিত করেন ভারতের দুই ওপেনার। তবে অভিষেক ছিলেন তুরীয় মেজাজে। মাত্র ১৬ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। এরপর আরও ভয়ংকর হয়ে ওঠেন।

শেষ পর্যন্ত মাত্র ৩০ বলে সেঞ্চুরি পূরণ করেন অভিষেক। এর সঙ্গে তৈরি হয়ে গেল নতুন ইতিহাস। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে কোনও ভারতীয়ের দ্রুততম শতরানের রেকর্ড এখন অভিষেকের। এত দিন ৩৫ বলে শতরান করে সেই রেকর্ড ছিল রোহিত শর্মার দখলে। ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৭ বলে শতরান করে তালিকায় এর পরেই ছিলেন অভিষেক নিজেই। এবার সমস্ত রেকর্ড একার হাতে ভেঙে দিলেন বাঁহাতি তারকা। কেবল ভারতীয় ক্রিকেট নয়, পূর্ণ সদস্য দেশের ক্রিকেটারদের মধ্যেও দ্রুততম টি-টোয়েন্টি আন্তর্জাতিক শতরানের রেকর্ড নিজের নামে করে নিলেন অভিষেক। এর আগে ৩৩ বলে শতরান করে রেকর্ডটি ছিল ফিন অ্যালেনের।
সামগ্রিক ভাবে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির তালিকায় তিন নম্বরে উঠে এলেন অভিষেক। তাঁর আগে রয়েছেন এস্তোনিয়ার সাহিল চৌহান ও তুরস্কের মহম্মদ ফাহাদ। ২০২৪ সালে সাইপ্রাসের বিরুদ্ধে মাত্র ২৭ বলে শতরান করেছিলেন সাহিল। পরের বছর বুলগেরিয়ার বিরুদ্ধে ২৯ বলে তিন অঙ্কে পৌঁছন ফাহাদ। বৃহস্পতিবার তাঁদের পরেই জায়গা করে নিলেন অভিষেক। একই সঙ্গে ভারতীয়দের মধ্যে এক টি-টোয়েন্টি ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার তালিকাতেও দ্বিতীয় স্থানে উঠে এলেন। শীর্ষস্থানটিও অবশ্য তাঁর দখলে। গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩টি ছক্কা মেরেছিলেন অভিষেক। বৃহস্পতিবার তাঁর ব্যাট থেকে এল ১১টি ছয়। ২০১৭ সালে রোহিত শর্মা মেরেছিলেন ১০টি ছক্কা। একই সংখ্যক ছক্কা রয়েছে সঞ্জু স্যামসন, তিলক বর্মা ও ঈশান কিষানও।
ছক্কার হাঁকানোর দিক থেকে এ বছরেও নজর কেড়েছেন অভিষেক। এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি ছক্কা মারা ভারতীয়দের তালিকায় তিনি দ্বিতীয় স্থানে। ২০২৬ সালে এখনও পর্যন্ত তাঁর ব্যাট থেকে এসেছে ৯৬টি ছক্কা। গত বছর ১০৮টি ছক্কা মেরে নিজেরই নজির গড়েছিলেন অভিষেক। ফলে চলতি বছরে এখনও যে পরিমাণ টি-টোয়েন্টি ম্যাচ বাকি, তাতে নিজের সেই রেকর্ডও ভেঙে দেওয়ার হাতছানি রয়েছে বাঁহাতি এই ব্যাটারের সামনে।
A MAGNIFICENT MILESTONE! 💯
Relive the moment Abhishek Sharma brought up a record-breaking hundred 🎥👏#TeamIndia | #AFGvINDpic.twitter.com/SMbmXrtziL
— BCCI (@BCCI) September 17, 2026
তবে শতরানের পর বেশিক্ষণ ক্রিজে থাকা হল না অভিষেকের। দশম ওভারে রশিদ খানের বলে থামলেন তিনি। ৩৪ বলে ১০৮ রানের ইনিংসে ছিল চার-ছক্কার বন্যা। মারলেন ৯টি চার, ১১টি বিশাল ছক্কা। অভিষেক যখন চার-ছক্কার ফুলঝুরি ছোটাচ্ছিলেন, সেই সময় অনেকটাই নিশ্চিন্তে খেলছিলেন সঞ্জু স্যামসন। প্রয়োজনে আগ্রাসী হয়েছেন। অভিষেককে স্ট্রাইক রোটেড করেছেন। তবে শুরুতে সময় নিয়ে খেললেও পরে তিনিও যোগ দেন বাউন্ডারির উৎসবে। তিনি করলেন ৩৫ বলে ৫০ রান। তাঁর ব্যাটে রান আসায় স্বস্তিতে গৌতম গম্ভীরের ভারত।
অভিষেক যখন আউট হলেন, তখন ভারতের রান ছিল ৯.৫ ওভারে ১৪২। মনে হচ্ছিল ভারতের রান ‘আরামসে’ আড়াইশো পেরিয়ে যাবে। কিন্তু সে গুড়ে বালি। তিনি আউট হতেই ভারতের রানের ‘পারদ পতন’ ঘটল। তিলক বর্মা (২), শ্রেয়স আইয়ার (২৯), শিবম দুবে (১০), ঈশান কিষানরা (১০) ব্যর্থ হলেন। ভারত থামল ৭ উইকেটে ২২১ রানে। মিডল অর্ডারের এমন ব্যর্থতা চিন্তায় রাখবে টিম ইন্ডিয়াকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা