Jasprit Bumrah

শ্রীলঙ্কা সফরে ঘোষিত বুমরাহর পরিবর্ত, টেস্ট সিরিজের আগে জোড়া চিন্তায় গিলরা

এখন দেখার, প্রথম টেস্টে প্রথম প্রথম একাদশে কারা জায়গা পান। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩, ২০২৬, ১৬:৫৬

options
link
শ্রীলঙ্কা সফরে ঘোষিত বুমরাহর পরিবর্ত, টেস্ট সিরিজের আগে জোড়া চিন্তায় গিলরা
জশপ্রীত বুমরাহ। ফাইল ছবি।

‘ফিট ঘোষণা’র ৪৮ ঘণ্টার মধ্যে ছিটকে গিয়েছেন জশপ্রীত বুমরাহ। ফলে শ্রীলঙ্কা সিরিজের আগে বড়সড় ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া। বুমরাহ ছিটকে যাওয়ার পর শোনা যাচ্ছিল, তাঁর পরিবর্ত হিসাবে দলে সুযোগ পাবেন জম্মু-কাশ্মীরের আকিব নবি। সেই জল্পনাই এবার সত্যি হল। শ্রীলঙ্কা সফরে বুমরাহর বদলি হিসাবে যাচ্ছেন তিনি। এমনিতেই বুমরাহর চোট চিন্তায় রাখছে টিম ইন্ডিয়াকে। তার উপর শোনা যাচ্ছে, প্রথম টেস্টে নাও খেলতে পারেন ওয়াশিংটন সুন্দর। ফলে দল গড়তে হিমশিম খেতে হবে গিলদের। 

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ানডে সিরিজের মাঝে চোট পেয়েছিলেন বুমরাহ। যার ফলে সিরিজের শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি। শ্রীলঙ্কা সিরিজের দলে তাঁকে রাখা হয় বটে। তবে ভারতীয় বোর্ডের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে, বুমরাহর খেলার বিষয়টি নির্ভর করছে সিওই-র ছাড়পত্রের উপর। অর্থাৎ সিওই থেকে ফিট সার্টিফিকেট দিলে, তবেই শ্রীলঙ্কা সিরিজের বিমানে উঠবেন তিনি। দিন দু’য়েক আগে বুমরাহকে তারা ফিট ঘোষণা করেছে বলেই জানা গিয়েছিল। তবে সূত্রের খবর, তারপর ফের হাঁটুতে অস্বস্তি অনুভব করেছেন এই ভারতীয় পেসার। তাঁকে নিয়ে কোনওরকম ঝুঁকির রাস্তায় হাঁটতে নারাজ বোর্ড। কারণ সামনে এশিয়ান গেমস, বর্ডার-গাভাসকর ট্রফির মতো সিরিজ হয়েছে। আগামী বছরের শেষদিকে হবে ওয়ানডে বিশ্বকাপও।

Advertisement
জশপ্রীত বুমরাহ ও আকিব নবি।

এমনিই বুমরাহর ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’ নিয়ে বাড়তি তৎপর থাকে টিম ম্যানেজমেন্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তিনটে ম্যাচে মাঠে নামেন তিনি। তাই ফের হাঁটুতে অস্বস্তি হওয়ার কথা জানাজানি হওয়ার পর বুমরাহকে ছাড়াই শ্রীলঙ্কা যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে। এবার তাঁর পরিবর্ত হিসাবে নেওয়া হল আকিব নবিকে। তিনি রনজি ট্রফিতে শেষ দুই মরশুম মিলিয়ে শতাধিক উইকেট নিয়েছেন। গত রনজি ট্রফিতে সর্বাধিক উইকেটশিকারিদের তালিকায় ছিলেন তিনি। ৪৩টি প্রথম শ্রেণির ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ১৬২টি উইকেট। সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন।

Advertisement

সূচি অনুযায়ী, ৪ আগস্ট মঙ্গলবার দ্বীপরাষ্ট্রে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে টিম ইন্ডিয়া। সেখানে তিন দিনের একটা প্রস্তুতি ম্যাচও খেলবেন শুভমান গিলরা। তবে প্রশ্ন হল, ভারতীয় স্কোয়াডে জায়গা পেলেও কি প্রথম একাদশে সুযোগ পাবেন আকিব নবি? কারণ এঈ সিরিজের দলে রয়েছেন মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং গুরনুর ব্রার। দেশের হয়ে টেস্ট খেলেননি গুরনুরও। ভারত যদি তিন পেসার খেলায়, একমাত্র তখনই একাদশে ঢুকতে পারেন নবি। কিন্তু শ্রীলঙ্কার পরিস্থিতির কথা মাথায় রেখে ভারত তিন পেসার নিয়ে মাঠে নামার সম্ভাবনা কম। সেক্ষেত্রে প্রথম দুই পছন্দ সিরাজ এবং কৃষ্ণ। সুতরাং, শ্রীলঙ্কায় নবির অভিষেক না হওয়ার সম্ভাবনাই প্রবল। এখন দেখার, প্রথম টেস্টে প্রথম প্রথম একাদশে কারা জায়গা পান। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.