Mushfiqur Rahim

লারাকে টপকে রেকর্ড গড়া সেঞ্চুরি মুশফিকুরের, পাকিস্তানকে ফের চুনকাম করার পথে বাংলাদেশ

৩৯ বছর বয়সেও টেস্টে নয়া রেকর্ড গড়ছেন মুশফিকুর রহিম। বাংলাদেশি ব্যাটার এদিন সেঞ্চুরি গড়ে ছাপিয়ে গেলেন ব্রায়ান লারাকে। বাংলাদেশ ক্রিকেটেও নতুন নজির গড়লেন মুশফিক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৮, ২০২৬, ২০:৫০

options
link
লারাকে টপকে রেকর্ড গড়া সেঞ্চুরি মুশফিকুরের, পাকিস্তানকে ফের চুনকাম করার পথে বাংলাদেশ
সেঞ্চুরির পর বাংলাদেশি ব্যাটার মুশফিকুর রহিম।

৩৯ বছর বয়সেও টেস্টে নয়া রেকর্ড গড়ছেন মুশফিকুর রহিম (Mushfiqur Rahim)। বাংলাদেশি ব্যাটার এদিন সেঞ্চুরি গড়ে ছাপিয়ে গেলেন ব্রায়ান লারাকে। বাংলাদেশ ক্রিকেটেও নতুন নজির গড়লেন মুশফিক। সেই সঙ্গে ফের পাকিস্তানকে টেস্টে চুনকাম করার রাস্তা ফের খুলে দিলেন।

Advertisement

বছর দুয়েক আগে পাকিস্তানে গিয়ে তাদের চুনকাম করে এসেছিল বাংলাদেশ। এবার একই সুযোগ নিজেদের দেশের মাটিতে। ঢাকায় প্রথম টেস্ট হাসতে হাসতে জিতেছেন নাজমুল হোসেন শান্তরা। এবার সিলেটে বড় কোনও অঘটন না ঘটলে দ্বিতীয় টেস্টেও বাংলাদেশের জয় নিশ্চিত। প্রথম ইনিংসে লিটন দাসের সেঞ্চুরিতে ‘টাইগার’রা করে ২৭৮ রান। জবাবে পাকিস্তান করে ২৩২ রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করে ৩৯০ রান। পাকিস্তানের জন্য লক্ষ্য ৪৩৭ রান। হাতে দুই দিন।

Advertisement

মুশফিকুর একাই করেন ১৩৭ রান। তাঁর শতরানটি এল ৩৯ বছর ৭ দিন বয়সে। লারা ২০০৬ সালে ৩৭ বছর ১৯৩ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন। সেই নজর ভেঙে দিলেন বাংলাদেশি উইকেটকিপার-ব্যাটার। এই শতাব্দীতে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসাবে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট শতরান করলেন মুশফিকুর। ঘটনাচক্রে ২০২৪-এ চুনকাম করার সিরিজেও মুশফিকুর রাওয়ালপিন্ডি টেস্টে সেঞ্চুরি করেছিলেন।

Advertisement

টেস্টে এটা তাঁর ১৪তম শতরান। পিছনে ফেলে দিলেন মোমিনুল হককে। সেই সঙ্গে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের নজির স্পর্শ করলেন মুশফিকুর। তাঁর পিছনে আছেন বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান তামিম ইকবাল।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.