বয়স ভাঁড়ানোর অপরাধে দু’বছরের জন্য নির্বাসিত। স্বাভাবিকভাবেই আর দলে সুযোগ হবে না। এবার সেই পদক্ষেপ নিয়ে ফেলল বিসিসিআই। বাংলার বয়স ভাঁড়ানো ক্রিকেটার রোহিত যাদবকে (Rohit Yadav) অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল থেকে বহিষ্কার করল ভারতীয় ক্রিকেট বোর্ড। অথচ সেই ক্রিকেটারকেই কি না বর্ষসেরার সম্মানে ভূষিত করল বঙ্গ ক্রিকেট সংস্থা।
আরও পড়ুন:
রোহিতের আধার কার্ড হিস্ট্রি আপডেটে একাধিক বার জন্মসাল বদলানোর প্রমাণ পাওয়া গিয়েছিল। তাঁর আধার কার্ড আপডেট হয়েছে সাত-সাত বার! এর মধ্যে বয়স বদলেছে তিনবার। কখনও ২০০৬, কখনও ২০০৭, কখনও আবার ২০০৯। বোর্ডের নির্দেশিকা পাওয়ার পর সিএবি যখন স্থানীয় ক্রিকেটারদের আধার কার্ড হিস্ট্রি আপডেট নিয়ে তদন্ত শুরু করে, সে সময়ই রোহিতের ব্যাপারটা ধরা পড়ে। কিন্তু ততদিনে রোহিত বাংলা থেকে ভারতের অনূর্ধ্ব উনিশ দলে নির্বাচিত হয়ে গিয়েছেন। শ্রীলঙ্কা চলে গিয়েছেন খেলতে। শ্রীলঙ্কায় ভালো পারফর্ম করায়, তাঁকে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব উনিশ দলের বিরুদ্ধে দলে রাখা হয়।
শোরগোল পড়তেই রোহিত যাদবকে দু’বছরের নির্বাসনে পাঠায় সিএবি। তারপর ভারতীয় বোর্ডও রোহিতকে দু’বছর নির্বাসনে পাঠায়। আগামী দু’বছর কোনও ধরনের ক্রিকেট খেলতে পারবেন না তিনি। অস্ট্রেলিয়া সিরিজের দল থেকেও ‘ঘাড়ধাক্কা’ দেওয়া হল রোহিতকে। বিসিসিআই থেকে জানানো হয়েছে, ‘সৌরাষ্ট্রের আর্যন সৌসেনিকে রোহিত যাদবের বদলি হিসেবে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে দলে নেওয়া হয়েছে। রোহিতকে বয়সের গরমিলের কারণে দল থেকে বাদ দেওয়া হয়েছে।’
অথচ সিএবি থেকে সোমবার সেই ক্রিকেটারকেই পুরস্কৃত করা হয়েছে। অনূর্ধ্ব ১৯ পর্যায়ে সেরা বোলার হয়েছিলেন তিনি। এছাড়া আরেক নির্বাসিত ক্রিকেটার রবি কুমারও পুরস্কৃত হয়েছেন। রোহিত না এলেও রবি উপস্থিত ছিলেন অনুষ্ঠানে, পুরস্কারও নিলেন মঞ্চে উঠে। তাঁদের পুরস্কৃত করা প্রসঙ্গে সিএবি সচিবের যুক্তি, “দু’জনেই পরিসংখ্যানের ভিত্তিতে পুরস্কার পেয়েছে। আর যখন ওরা খেলেছে, তখন তো নির্বাসিত ছিল না।” কিন্তু যাঁদের বয়সভিত্তিক পর্যায়ে খেলাটাই বেআইনি, তাঁদের কেন সেখানে করা পারফরম্যান্সের বিচারে পুরস্কৃত করা হল? উত্তর অধরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা