Rohit Sharma

হাজির মা-বাবা, রবিবার লর্ডসেই শেষ ম্যাচ রোহিতের? জল্পনা নিয়ে মুখ খুললেন বিসিসিআই সচিব

কী জানালেন বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২৬, ১০:০৪

options
link
হাজির মা-বাবা, রবিবার লর্ডসেই শেষ ম্যাচ রোহিতের? জল্পনা নিয়ে মুখ খুললেন বিসিসিআই সচিব
অনুশীলনে রোহিত শর্মা। ফাইল ছবি।

রবিবারই কি টিম ইন্ডিয়ার জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলবেন রোহিত শর্মা? জল্পনা চলছিল, হিটম্যানকে নাকি ইতিমধ্যে বিসিসিআই থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তাঁকে নাকি ২০২৭-র ওয়ানডে বিশ্বকাপের জন্য ভাবা হচ্ছে না। এর মধ্যে লর্ডসে রোহিতের মা-বাবাও খেলা দেখতে আসছেন। তাই চর্চা আরও বেড়েছে। অবশেষে এই নিয়ে মুখ খুললেন বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া।

Advertisement

তিনি কিন্তু স্পষ্ট বলে দিলেন, রোহিতকে নিয়ে বোর্ড এরকম কিছু আলোচনাই করেনি। সইকিয়া বলেন, “রোহিতের ভবিষ্যৎ নিয়ে সোশাল মিডিয়ায় প্রচুর জলঘোলা চলছে। আমি নিশ্চিত করে জানাতে চাই, রোহিত রবিবার লর্ডসে শেষ ম্যাচ খেলবে, এরকম কোনও আলোচনা বোর্ডের অন্দরে হয়নি।” তাঁর সংযোজন, “রোহিত ভারতের ওয়ানডে দলের নিয়মিত সদস্য। যতদিন ও দলের পরিকল্পনায় আছে, ততদিন দেশের হয়ে খেলবে। সোজা কথা হল, লর্ডসে রোহিত শেষ ওয়ানডে খেলছে না।”

Advertisement

লর্ডসে ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ রবিবার। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, বোর্ডের নির্বাচন কমিটি নাকি ‘হিটম্যান’কে জানিয়ে দিয়েছে তাঁকে আর দলে না রাখার সিদ্ধান্তের ব্যাপারে। বোর্ড নাকি গত সপ্তাহে গৌতম গম্ভীর ও রোহিতকে নিয়ে আলাদা বৈঠক করেছিল। তখনই বিষয়টা পরিষ্কার করে দেওয়া হয়। নির্বাচকরা চাইছেন যশস্বী জয়সওয়ালদের মতো তরুণদের দলে সুযোগ দিতে। ২০২৭ বিশ্বকাপে তাঁরা যে রোহিতকে দলে দেখছেন না তা তাও পরিষ্কার করে দেওয়া হয়েছে। এমন জল্পনাও শুরু হয়, রবিবার খেলাশেষে রোহিত নিজেই অবসর ঘোষণা করে দেবেন।

Advertisement

তবে পরে টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ শীতাংশু কোটাক সাংবাদিক সম্মেলনে এলে তাঁকে রোহিতের ফর্ম নিয়ে প্রশ্ন করা হয়। রোহিত কি কোনওরকম চাপে রয়েছেন? শীতাংশু কোটাক সটান বলে গেলেন, “রোহিতের উপর কোনওরকম চাপ নেই। ও এত বড় মাপের ক্রিকেটার যে কোনও চাপে কোনও প্রভাব ফেলতেই পারে না। আমি নিশ্চিত রবিবার লর্ডসে অন্য রোহিতকে দেখব।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.