Rishabh Pant

‘এটা হওয়ারই ছিল’, পন্থের প্রত্যাবর্তন নিয়ে জিন্দালের ঘোষণায় হাসির ইমোজি দিয়ে চর্চায় ওয়ার্নার

অবশেষে ‘ঘরে’ ফিরছেন ঋষভ পন্থ। বদলে দিল্লি থেকে লখনউয়ে গেলেন স্পিনার কুলদীপ যাদব। যা নিয়ে আবেগঘন বার্তা দিল্লি ক্যাপিটালসের অন্যতম কর্ণধার পার্থ জিন্দালের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০২৬, ২০:৪৪

options
link
‘এটা হওয়ারই ছিল’, পন্থের প্রত্যাবর্তন নিয়ে জিন্দালের ঘোষণায় হাসির ইমোজি দিয়ে চর্চায় ওয়ার্নার
ঋষভ পন্থ। ফাইল ছবি।

জল্পনা ছিলই। তাতে এবার সিলমোহর। লখনউ সুপার জায়ান্টসে দুঃস্বপ্নের অধ্যায় শেষ ঋষভ পন্থের (Rishabh Pant)। ২৭ কোটি টাকায় সঞ্জীব গোয়েঙ্কার লখনউয়ে আসেন তিনি। কিন্তু দু’বছরে মোহভঙ্গ। অবশেষে ‘ঘরে’ ফিরছেন ঋষভ পন্থ। বদলে দিল্লি থেকে লখনউয়ে গেলেন স্পিনার কুলদীপ যাদব। যা নিয়ে আবেগঘন বার্তা দিল্লি ক্যাপিটালসের অন্যতম কর্ণধার পার্থ জিন্দালের। তবে তাতে ডেভিড ওয়ার্নারের হাসির ইমোজি নিয়ে নেটপাড়ায় গুঞ্জন।

Advertisement

পার্থ জিন্দাল সোশাল মিডিয়ায় লেখেন, ‘প্রিয় কুলদীপ, গত পাঁচ বছরে দলের জন্য তোমার অবদানের জন্য ধন্যবাদ। তুমি আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলে। তোমাকে মিস করব। ভবিষ্যতের জন্য শুভেচ্ছা। তুমি একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার। নিজের ঘরের মাঠে ফিরে নিশ্চয়ই দারুণ খেলবে। ঋষভ, তোমাকে আবার দিল্লি ক্যাপিটালসে ফিরে পেয়ে খুশি। আশা করি, নিজের শহরে ফিরে তুমি সেরা ছন্দ ফিরে পাবে।’

Advertisement

এই পোস্টে প্রথমে হাসির ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান প্রাক্তন অস্ট্রেলীয় ওপেনার ও আইপিএলজয়ী অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এরপর তিনি মন্তব্যও করেন। যা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ওয়ার্নার লেখেন, ‘এটা হওয়ারই ছিল। নিলামে অনেক সময় দাম এত বেড়ে যায় যে পরিস্থিতি বদলে যায়। কোনও ক্রিকেটার খারাপ ফর্মে থাকলে একটি দল তাকে ছেড়ে দিতে চাইতে পারে। অন্যদিকে, এমনও হতে পারে অন্য কোনও দল আগে থেকেই তাকে দলে নিতে আগ্রহী ছিল। কিন্তু নিলামে সফল হয়নি। সেক্ষেত্রে অপেক্ষা করলেই তাকে আবার দলে পাওয়ার সুযোগ তৈরি হয়।’ এমন মন্তব্যের পর নেটিজেনরা বলছেন, একটা সময় লখনউ সুপার জায়ান্টসের কাছে টাকার যুদ্ধে হেরে গিয়েছিল দিল্লি। তবে লখনউয়ের তিক্ত অতীতের পর আবার ‘ঘরওয়াপসি’ হচ্ছে এই উইকেটরক্ষকের। ওয়ার্নার হয়তো সেকথাই বলতে চেয়েছেন।

২০২৫ আইপিএলের আগে রেকর্ড ২৭ কোটি টাকায় পন্থকে কেনে সঞ্জীব গোয়েঙ্কার লখনউ। কিন্তু পরপর দুই বছরে ব্যর্থতা। এবারও দুঃসহ মরশুম গিয়েছে পন্থের। ১৪ ইনিংসে করেছেন মাত্র ৩১২ রান। এবার আইপিএলে সবার শেষে নিজেদের অভিযান সমাপ্ত করেছে লখনউ। আইপিএল শেষ হতেই লখনউয়ের নেতৃত্ব ছাড়েন তিনি। তখনই জল্পনা শুরু হয়, হয়তো এলএসজি’র সঙ্গেও সমস্ত সম্পর্ক শেষ পন্থের। কিন্তু প্রশ্ন ছিল কোথায় যান তিনি? ট্রেড ডিলে পন্থ দিল্লিতেই ফিরছেন। এর আগে সঞ্জীব গোয়েঙ্কা নিজে বলেছিলেন, পন্থ ১৫ বছর লখনউয়ে থাকবেন। সেই সম্পর্ক থামল মাত্র ২ বছরে। তবে ২৭ কোটি বেতন পাবেন না। সেক্ষেত্রে তাঁর বেতন হবে ১৫ কোটি টাকা। অর্থাৎ ১২ কোটি টাকা গচ্চা দিতে হবে। ২০১৬ থেকে ২০২৪ পর্যন্ত দিল্লিতেই ছিলেন তিনি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.