Sourav Ganguly on Mohammed Shami

‘১০ হাজার রান করেও বাদ পড়েছিলাম’, শামিকে উৎসাহ দিতে নিজের উদাহরণ টানলেন সৌরভ

শামির পাশাপাশি পূর্বাঞ্চল অধিনায়ক ঈশান কিষাণের প্রশংসা করেছেন সিএবি সভাপতি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৬, ১৭:৪৭

options
link
‘১০ হাজার রান করেও বাদ পড়েছিলাম’, শামিকে উৎসাহ দিতে নিজের উদাহরণ টানলেন সৌরভ
শামির পাশে সৌরভ। ছবি সংগৃহীত।

চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অন্যতম কারিগর। অথচ সেই মহম্মদ শামিই (Mohammed Shami) এখন জাতীয় দলের বাইরে। বয়স ৩৬ পেরিয়েছে। চোট-পরবর্তী প্রত্যাবর্তনের পর ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত খেলছেন। তবু ভারতীয় দলে ‘ব্রাত্য’ তারকা পেসার। তা হলে কি ধীরে ধীরে নির্বাচকদের ভাবনা থেকে মুছে যাচ্ছেন শামি? ‘সাহসপুর এক্সপ্রেস’ অবশ্য এখনও পরিশ্রমকেই মূলধন করে সবকিছুই ‘উপরওয়ালা’র হাতে ছেড়ে দিয়েছেন। এই পরিস্থিতিতে শামিকে উৎসাহ দিতে নিজের উদাহরণ টানলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

Advertisement

বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে সাংবাদিক সম্মেলনে ভারতীয় ক্রিকেটে শামির অবদানের কথা মনে করিয়ে সৌরভ বলেন, “দেশের হয়ে শামি যথেষ্ট ক্রিকেট খেলেছে। ওর মতো ক্রিকেটারকে চ্যাম্পিয়ন বলাই যায়।” জাতীয় দলে জায়গা না পেলেও ঘরোয়া ক্রিকেটে শামির নিয়মিত খেলার মানসিকতার প্রশংসা করেছেন সৌরভ। ৩৬ বছরের পেসার ঘরোয়া ক্রিকেটেও সফল। প্রায় দেড় দশক পর ইস্ট জোনের দলীপ ট্রফি জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শামির পেশাদারিত্বে মুগ্ধ সৌরভ বলেন, “সবচেয়ে ভালো লাগছে, শামি এখনও ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব দিয়ে প্রতিদিন মাঠে নামছে। পারফর্ম করছে। ক্রিকেটজীবনে ও অনেক কিছুই পেয়েছে।” তবে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে শামিকে ফের ভারতীয় জার্সিতে দেখা যাবে কিনা, সেই প্রশ্নের উত্তর এখনই দিতে চাননি সৌরভ। তাঁর মতে, বিশ্বকাপ এখনও অনেকটা দেরি আছে। সময়ের সঙ্গে পরিস্থিতি বদলাতে পারে। তাই এখনই কোনও ভবিষ্যদ্বাণী করা ঠিক হবে না।

Advertisement

তাঁর কথায়, “আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান করার পরেও আমাকে এক বছর ওয়ানডে দল থেকে বাইরে থাকতে হয়েছিল। তখন আমাকেই লড়াই করে নিজের জায়গা ফেরত নিতে হয়েছিল। বয়স বাড়ার সঙ্গে এমন পরিস্থিতি আসতেই পারে। এবং শেষ পর্যন্ত এটা প্রত্যেক ক্রিকেটারের জীবনেই ঘটে।” অর্থাৎ, জাতীয় দল থেকে বাদ পড়া মানেই যে দরজা চিরতরে বন্ধ হয়ে যাওয়া নয়। শামির ক্ষেত্রেও সেই কথাটিই মনে করিয়ে দিলেন মহারাজ।

শামির পাশাপাশি পূর্বাঞ্চল অধিনায়ক ঈশান কিষানের প্রশংসা করেছেন সিএবি সভাপতি। বিজয় হাজারে, সৈয়দ মুস্তাক আলি থেকে দলীপ ট্রফির ফাইনালে কথা বলেছে ঈশানের ব্যাট। সৌরভ জানান, বৃহস্পতিবার দুপুরেও তিনি ঈশানের সঙ্গে কথা বলেছেন। ২০২৩ সালের পর থেকে টেস্ট দলের বাইরে থাকা ঈশানকে লাল বলের ক্রিকেটে ফের ভারতীয় দলে দেখতে চান প্রাক্তন ভারতীয় অধিনায়ক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.