IPL 2026

প্রথম একাদশ থেকেই বাদ হার্দিক, কেন জায়গা হারালেন তারকা অলরাউন্ডার?

শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে রোহিত শর্মাদের। কিন্তু ম্যাচের শুরুতে টস করতে নামলেন না হার্দিক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৪, ২০২৬, ১৮:০৩

options
link
প্রথম একাদশ থেকেই বাদ হার্দিক, কেন জায়গা হারালেন তারকা অলরাউন্ডার?

হার্দিক পাণ্ডিয়াকে ছাড়াই আইপিএলে খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স! শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে রোহিত শর্মাদের। কিন্তু ম্যাচের শুরুতে টস করতে নামলেন না হার্দিক (Hardik Pandya)। তাঁর পরিবর্তে এদিন মুম্বইয়ের নেতৃত্বভার পড়েছে বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবের কাঁধে। ক্রিকেটভক্তদের প্রশ্ন, কেন প্রথম একাদশে নেই হার্দিক? অন্যদিকে, শনিবারের ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল। 

Advertisement

শনিবার মরশুমে প্রথমবার অ্যাওয়ে ম্যাচ খেলতে নামছে মুম্বই। কিন্তু সেই ম্যাচের আগে দু’দিন অনুশীলনে দেখা যায়নি হার্দিককে। তখন থেকেই সংশয় ছিল, দিল্লির বিরুদ্ধে হয়তো অধিনায়ককে ছাড়াই নামতে হবে মুম্বই শিবিরকে। সেই আশঙ্কাই সত্যি হল শনিবার দুপুরে। টস করতে নামলেন সূর্য। হার্দিক নিয়ে প্রশ্নের জবাবে জানালেন, “হার্দিক পুরোপুরি সুস্থ নয়। ফিটনেস নিয়েও সমস্যা রয়েছে। তাই আজ খেলছে না। আমি ওর পরিবর্তে আজ ক্যাপ্টেন্সি করব।”

Advertisement

প্রথম ম্যাচে কেকেআরের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সকে জিতিয়েছে দুরন্ত ব্যাটিং। বিপুল রান তাড়া করতে নেমে দুই ওপেনার রোহিত শর্মা আর রায়ান রিকেলটন যে ব্যাটিংটা করেন, তাতে কাজ অনেকটা সহজ হয়ে যায় পাঁচবারের চ্যাম্পিয়নদের। অন্যদিকে, প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়েছে দিল্লি। তবে সেই ম্যাচে তাদের টপ অর্ডার ধসে পড়েছিল। হার্দিক না থাকায় দিল্লির টপ অর্ডার কিছুটা স্বস্তি পেতে পারে।

Advertisement

প্রথম ম্যাচে জিতলেও সেই উইনিং কম্বিনেশন ধরে রাখেনি মুম্বই। এদিন হার্দিক না থাকায় করবিন বশকে খেলিয়েছে তারা। এছাড়াও প্রথম একাদশে সুযোগ পেয়েছেন দীপক চাহার এবং মিচেল স্যান্টনার। এই তিনজন খেলায় মুম্বইয়ের ব্যাটিং গভীরতা অনেকটাই বাড়বে। অন্যদিকে দিল্লি অবশ্য প্রথম একাদশে কোনও বদল করেনি। আজকে জিতলে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে যাওয়ার সুযোগ রয়েছে মুম্বইয়ের সামনে। বড় ব্যবধানে জিততে পারলে শীর্ষস্থান পেতে পারে দিল্লিও।

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.