Vaibhav Sooryavanshi

‘চলবে না…’, বৈভবকে নিয়ে বিস্ফোরক রাজস্থান কোচ সঙ্গকারা

ইতিমধ্যেই একটি সেঞ্চুরি ও দু'টি হাফসেঞ্চুরি করে নজর কেড়েছে বৈভব। তবে এত কিছু করেও তার উপর পুরোপুরি সন্তুষ্ট নন দলের কোচ কুমার সঙ্গকারা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৮, ২০২৬, ১৪:৩১

options
link
‘চলবে না…’, বৈভবকে নিয়ে বিস্ফোরক রাজস্থান কোচ সঙ্গকারা
বাঁদিকে কুমার সঙ্গকারা, ডানে বৈভব সূর্যবংশী। ফাইল ছবি।

চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে ১৫ বছরের প্রতিভা বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। ওপেন করতে নেমে প্রায় প্রতি ম্যাচেই দলকে ভালো শুরু এনে দিয়েছে সে। ইতিমধ্যেই একটি সেঞ্চুরি ও দু’টি হাফসেঞ্চুরি করে নজর কেড়েছে এই তরুণ ব্যাটার। তবে এত কিছু করেও তার উপর পুরোপুরি সন্তুষ্ট নন দলের কোচ কুমার সঙ্গকারা।  

Advertisement

দিল্লির বিরুদ্ধে ২১ বলে ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেললেও সঙ্গকারা মনে করেন, এখনও ঘাটতি রয়েছে বৈভবের খেলায়। তাঁর মতে, দ্রুত ৩০-৪০ রান করলেই কেবল চলবে না, ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে বড় ইনিংস খেলতে হবে। রাজস্থান রয়্যালস কোচ বলেন, “বৈভব কয়েক ওভার ক্রিজে থাকলেই ৩০-৪০ রান করে দিতে পারে। কিন্তু আমরা ওর কাছে আরও বড় কিছু চাই। শুধু দ্রুত রান করলেই হবে না। উইকেটে বেশি সময় কাটিয়ে বড় ইনিংস গড়তে হবে।”

Advertisement

সঙ্গকারার সংযোজন, “চার-ছক্কা মারার ক্ষমতা ওর আছে। কিন্তু প্রতি বলে বড় শট খেলা যায় না। কীভাবে ইনিংস তৈরি করতে হয়, সেটা শিখতে হবে। তবেই দলকে জেতানো সম্ভব।” কোচের মতে, বৈভব যদি ওপেনার হিসাবে পুরো ২০ ওভার ব্যাট করতে পারে, তাহলে সেটাই ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট হবে। অর্থাৎ, তিনি বুঝিয়ে দিলেন, আগ্রাসী ক্রিকেটের সঙ্গে দায়িত্ব নেওয়াও শিখতে হবে বৈভবকে।

Advertisement

তবে তরুণ ক্রিকেটারের উপর বাড়তি চাপ দিতে চান না সঙ্গকারা। তিনি চান, বৈভব যেন খেলাটা উপভোগ করে। এই প্রসঙ্গে সঙ্গকারা বলেন, “ও এখনও ১৫ বছরের ছেলে। ওর এখন ক্রিকেটটা উপভোগ করা উচিত। আমি চাই না ও বেশি ভেবে খেলুক। তাই ওর সঙ্গে ক্রিকেটের বাইরে নানা বিষয় নিয়েই বেশি কথা বলি।” নেটে অনুশীলনের সময় অবশ্য একটি গুরুত্বপূর্ণ পরামর্শও দিয়েছেন তিনি, “যে শটই খেলবে, ১০০ শতাংশ আত্মবিশ্বাস নিয়ে খেলবে। মনে কোনও সন্দেহ রাখবে না।” উল্লেখ্য, প্রথমে ব্যাটিং করে রাজস্থান ১৯৪ রানের লক্ষ্য রাখে দিল্লি ক্যাপিটালসের সামনে। চার বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় অক্ষর প্যাটেলের দল। দুই দলের সামনে এখনও পর্যন্ত প্লেঅফে যাওয়ার সুযোগ রয়েছে। তবে পরের ম্যাচগুলো দুই দলের কাছেই বাঁচামরার।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.