Mohammed Shami

জাতীয় দলে ব্রাত্য, সেই শামিকেই এবার সম্মান দেবে সৌরভের সিএবি, আর কে পুরস্কার পাবেন?

সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে নিয়ে আসা হচ্ছে ভারতের প্রাক্তন তারকা পেসার আশিস নেহরাকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৭, ২০২৬, ১৩:৩৩

options
link
জাতীয় দলে ব্রাত্য, সেই শামিকেই এবার সম্মান দেবে সৌরভের সিএবি, আর কে পুরস্কার পাবেন?
মহম্মদ শামি। ফাইল ছবি।

জাতীয় দলের জার্সিতে তিনি অনেকদিনই ব্রাত্য। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো পারফর্ম করার পরও তিনি নির্বাচকদের মন জয় করে উঠতে পারেননি। এখনও তিনি বল হাতে আগুন ঝরাতে পারেন। রনজিতে বা আইপিএলে অনায়াসে উইকেট তোলেন। তবে জাতীয় দলের নির্বাচকরা স্বীকৃতি না দিলেও মহম্মদ শামি এবার স্বীকৃতি পাবেন বঙ্গ ক্রিকেট সংস্থার তরফে। সিএবির বর্ষসেরা পেস বোলারের সম্মান পেতে চলেছেন তিনি।

Advertisement

আগামী ৭ সেপ্টেম্বর সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। সেখানেই সম্মানিত করা হবে মহম্মদ শামিকে। গত মরশুমে বাংলার হয়ে সবচেয়ে বেশি উইকেট পাওয়া পেসার হিসাবে এই সম্মান পাবেন তিনি। আপাতত ওই সম্মানই সান্ত্বনা শামির। ২০২৭-র ওয়ানডে বিশ্বকাপে ডাক পাওয়ার সম্ভাবনা বেশ ক্ষীণ।

Advertisement

এ ছাড়া জীবনকৃতি সম্মান দেওয়া হচ্ছে উৎপল চট্টোপাধ্যায় আর পূর্ণিমা চৌধুরীকে। বর্ষসেরার পুরস্কার পাচ্ছেন সুদীপ ঘরামি। গতবার বাংলার হয়ে দুর্ধর্ষ পারফর্ম করেছিলেন সুদীপ। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে রনজি কোয়ার্টার ফাইনালে ২৯৯ রানের দুরন্ত ইনিংস উপহার দেন তিনি। এছাড়াও ওই অনুষ্ঠানে আরও পুরস্কার দেওয়া হবে।

Advertisement

সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে নিয়ে আসা হচ্ছে ভারতের প্রাক্তন তারকা পেসার আশিস নেহরাকে। একইসঙ্গে ক্লাব ক্রিকেটে চ্যাম্পিয়ন-রানার্স টিমদের ট্রফি তুলে দেওয়া হবে। বছর দু’য়েক আগে এই অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে নিয়ে আসা হয়েছিল অজয় জাদেজাকে। এবার আসছেন নেহরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঙ্গে বিনোদনও থাকবে। গান গাইবেন অনুপম রায়।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.