Ryan Ten Doeschate

ভরাডুবির মধ্যেই টিম ইন্ডিয়ার সঙ্গ ছাড়লেন গম্ভীরের ‘ডানহাত’, কেকেআরের কোচ হচ্ছেন দুশখাতে!

গম্ভীরের দাবিমতোই তাঁকে সহকারী কোচের পদে নিয়োগ করেছিল বিসিসিআই।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৮, ২০২৬, ২০:২৮

options
link
ভরাডুবির মধ্যেই টিম ইন্ডিয়ার সঙ্গ ছাড়লেন গম্ভীরের ‘ডানহাত’, কেকেআরের কোচ হচ্ছেন দুশখাতে!
গৌতম গম্ভীর ও রায়ান টেন দুশখাতে। ফাইল ছবি

ইংল্যান্ড-আয়ারল্যান্ডে ভরাডুবির পর কোচ গৌতম গম্ভীরের সঙ্গ ছাড়ছেন তাঁর ডানহাত! সূত্রের খবর, টিম ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে সহকারী কোচ রায়ান টেন দুশখাতে (Ryan Ten Doeschate)। তবে ফের ভারতেই কোচিং করাতে দেখা যাবে নেদারল্যান্ডসের প্রাক্তন ক্রিকেটারকে। আরও ভালো করে বললে কলকাতাতেই দেখা যাবে। কারণ ফের কলকাতা নাইট রাইডার্সের কোচিং দলে ঢুকতে চলেছেন দুশখাতে।

Advertisement

গম্ভীরের অধীনে পরপর দুই সিরিজে হোয়াইটওয়াশ। সার্বিকভাবে টিমের নাজেহাল দশা। এবার টিম ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে গম্ভীরের সবচেয়ে ‘আস্থার পাত্রে’র। গম্ভীরের দাবিমতোই তাঁকে সহকারী কোচের পদে নিয়োগ করেছিল বিসিসিআই। ২০২৬-র জুলাইয়ে বিসিসিআইয়ের সঙ্গে তাঁর চুক্তি শেষ হচ্ছে। নতুন করে আর চুক্তি করতে চান না তিনি। ইংল্যান্ডে থাকাকালীনই নাকি দুশখাতে এই সিদ্ধান্তের কথা বিসিসিআইকে জানিয়ে দিয়েছেন।

Advertisement

একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের মতে, ফের কেকেআরে আসতে চলেছেন দুশখাতে। ২০২২ সালে নাইট রাইডার্সের ফিল্ডিং কোচ হিসেবে নিযুক্ত করা হয় তাঁকে। পরে গৌতম গম্ভীর নাইটদের মেন্টর হন। ২০২৪-এ আইপিএল জেতার পর গম্ভীর ভারতীয় দলের কোচ হন। সেই সময় দুশখাতেও টিম ইন্ডিয়ার সহকারী কোচ হন। এই দায়িত্বে ছিলেন অভিষেক নায়ারও। যিনি পরে কেকেআরের প্রধান কোচ হন। এবার সেখানেই ফিরে এলেন দুশখাতে।

Advertisement

গম্ভীর মেন্টরশিপ ছাড়ার পর কেকেআর আইপিএলে কোনও সাফল্য পায়নি। অন্যদিকে লাল বলের পর এবার সাদা বলেও টিম ইন্ডিয়ার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠছে। শোনা যাচ্ছে, ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সিরিজের হারের ময়নাতদন্ত করবে বোর্ড। তাতে ক্রিকেটারদের পারফরম্যান্স যেমন খতিয়ে দেখা হবে, তেমনই খতিয়ে দেখা হবে কোচিং স্টাফের পারফরম্যান্সও। এমনকী হেড কোচ গৌতম গম্ভীরও নিরাপদ নন। এরই মধ্যে দুশখাতে চাকরি ছাড়ার কথা জানিয়ে দিলেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.