Sachin Tendulkar

১৪ বছর আগে ওডিআই-তে প্রথম ডবল সেঞ্চুরি! আজকের দিনেই ইতিহাস গড়েছিলেন শচীন

ফিরে দেখা শচীনের সেই মহাকাব্যিক ইনিংস।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৪, ১৪:২৫

options
link
১৪ বছর আগে ওডিআই-তে প্রথম ডবল সেঞ্চুরি! আজকের দিনেই ইতিহাস গড়েছিলেন শচীন
ডবল সেঞ্চুরির পর এভাবেই সেলিব্রেশন করেছিলেন শচীন তেণ্ডুলকর। ফাইল চিত্র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা (South Africa)। ভেন্যু গোয়ালিয়রের রুপ সিং স্টেডিয়াম। প্রোটিয়াদের বিরুদ্ধে সেই সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে ঘটেছিল ঐতিহাসিক ঘটনা। পুরুষদের একদিনের ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ডবল সেঞ্চুরি করেছিলেন শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar)। দেখতে দেখতে সেই ঐতিহাসিক ঘটনা ১৪ বছরে পা দিল। সেই ম্যাচে ১৪৭ বলে ২০০ রানে অপরাজিত ছিলেন ‘গড অফ ক্রিকেট’। ১৩৬.০৫ স্ট্রাইক রেট বজায় রেখে ২৫টি চার ও ৩টি ছক্কা মেরেছিলেন শচীন। তাঁর মহাকাব্যিক ইনিংসের সৌজন্যে ১৫৩ রানে জিতেছিল টিম ইন্ডিয়া (Team India)।

Advertisement

মাস্টার ব্লাস্টার সেই কীর্তি গড়ার সময় মাইক হাতে ছিলেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। শচীন ডবল সেঞ্চুরি সেরে ফেলতেই তিনি বলে ওঠেন, “এই গ্রহের প্রথম মানুষ যিনি একদিনের ক্রিকেটে প্রথম ডবল সেঞ্চুরি করলেন। এবং এই কীর্তি গড়লেন ভারতের সুপারম্যান। তিনি এক ও অদ্বিতীয় শচীন তেণ্ডুলকর। আপনাকে কুর্নিশ জানাই মাস্টার।” সেই ঘটনার ১৪ বছরের পূর্তি উপলক্ষে বিসিসিআই (BCCI) নিজেদের X হ্যান্ডেলে সেই ইনিংসের ভিডিও পোস্ট করেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘আমিও ভয় পাই!’, কেন মহিলা অনুরাগীকে এমন কথা বললেন যশস্বী? দেখুন ভাইরাল ভিডিও]

 

Advertisement

সেই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ ব্যক্তিগত ৯ রানে ফিরে গিয়েছিলেন। তবে দলকে বেগ পেতে হয়নি। দ্বিতীয় উইকেটে দীনেশ কার্তিকের সঙ্গে ১৯৪ রান যোগ করেন শচীন। কার্তিক ৭৯ রানে আউট হলেও, মাস্টার ব্লাস্টারকে বিপক্ষের বোলাররা আটকে রাখতে পারেনি। তাঁর সঙ্গে মারমুখী মেজাজে ছিলেন ইউসুফ পাঠান। তিনি ২৩ বলে ৩৬ রানে ফিরে যান। ফলে ৩০০ রানে ৩ উইকেট ভারত।

Sachin Tendulkar
‘গড অফ ক্রিকেট’-কে ভক্তের প্রণাম। ফাইল চিত্র

ব্যস সেখানেই শেষ। চতুর্থ উইকেটে শচীনের সঙ্গে জুটি গড়েন ধোনি। চোখের নিমেষে চতুর্থ উইকেটে ১০১ রান যোগ করেন দুজন। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেটে ৪০১ রান তুলে নেয় ভারত। ধোনি মাত্র ৩৫ বলে ৬৮ রানে অপরাজিত ছিলেন। ১৯৪.২৮ স্ট্রাইক রেট বজায় রেখে মেরেছিলেন ৭টি চার ও ৪টি ছক্কা।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২৪৮ রানে অলআউট হয়ে যায় জ্যাক কালিসের দক্ষিণ আফ্রিকা। এবি ডিভিলিয়ার্স ১১৪ রানে অপরাজিত থাকলেও, দলের হার বাঁচাতে পারেননি। ৪৯ রানে ৩ উইকেট নিয়েছিলেন শ্রীসন্থ। আশিস নেহরা, ইউসুফ ও রবীন্দ্র জাদেজার ঝুলিতে এসেছিল ২টি করে উইকেট। স্বভাবতই ডবল সেঞ্চুরি করার জন্য ম্যাচের সেরার পুরস্কার পেয়েছিলেন শচীন।

[আরও পড়ুন: ক্রিকেটীয় মানসিকতাই ছিল না পরিবারের, তবু কীভাবে ভারতীয় দলে? জানালেন আকাশের মা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.