ঐতিহ্যবাহী সেন্টার কোর্টের রয়্যাল বক্স। পাশে বসে সস্ত্রীক ক্রিকেট ঈশ্বর। প্রথমবার উইম্বলডন দেখতে এসে হইচই ফেলে দিলেন শুভমান গিল। শুক্রবার পুরুষদের সেমিফাইনালে আলেকজান্ডার জেরেভ বনাম আর্থার ফেরি দ্বৈরথ দেখতে হাজির ছিলেন ভারতের টেস্ট এবং ওয়ানডে অধিনায়ক। চতুর্থ ভারতীয় ক্রিকেট অধিনায়ক হিসাবে তিনি আমন্ত্রণ পেয়েছেন উইম্বলডনের রয়্যাল বক্সে। শচীন তেণ্ডুলকরের সঙ্গে বসে শুভমান উইম্বলডন দেখছেন, সেই ছবি নেটদুনিয়ায় ভাইরাল।
আরও পড়ুন:
কয়েকদিন পরেই বিলেতভূমে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। সেই সিরিজের প্রস্তুতি নিতে ইংল্যান্ড পৌঁছে গিয়েছেন গিল। দিনকয়েক আগে তাঁকে দেখা গিয়েছিল ফর্মুলা ওয়ানের গ্যালারিতে। ব্রিটিশ গ্রাঁ পি’তেও ভিআইপি অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন। এবার আরেক ঐতিহ্যবাহী মঞ্চেও জায়গা পেলেন বিশেষ অতিথি হিসাবে। রাজনীতি থেকে বিনোদন, বিখ্যাত ব্যক্তিত্বদের সবসময় আমন্ত্রণ জানানো হয়ে থাকে উইম্বলডনের রয়্যাল বক্সে। এবার সেই অনন্য সম্মান পেলেন শুভমান। রয়্যাল বক্সে বসে দেখলেন উইম্বলডন সেমিফাইনাল।
প্রথম ভারত অধিনায়ক হিসাবে সেন্টার কোর্টের রয়্যাল বক্সে আমন্ত্রণ পেয়েছিলেন শচীন। তারপর দেখা গিয়েছে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে। ঐতিহ্যের সেই ব্যাটন এবার উঠল শুভমানের হাতে। পরনে সাহেবি কেতার স্যুট-টাই, চোখে সানগ্লাস-ভারত অধিনায়কের ছবি ভাইরাল হতে মোটেই দেরি হয়নি। ভারতীয় ক্রিকেটের দুই প্রজন্মকে এক ফ্রেমে দেখে উচ্ছ্বসিত ভক্তকুলও। একইসঙ্গে নেটিজেনদের অনেকে আবার মনে করিয়ে দিচ্ছেন দীর্ঘদিনের পুরনো গুঞ্জন- শচীনকন্যা সারাকে নাকি মন দিয়েছেন শুভমান। আজ একই ফ্রেমে শুভমান-শচীনকে দেখে তাঁদের প্রশ্ন, তাহলে কি দ্রুতই চারহাত এক হচ্ছে?
এদিন অবশ্য উইম্বলডনে শুভমান ছাড়াও বসেছিল চাঁদের হাট। টেনিস কিংবদন্তি রজার ফেডেরার স্বয়ং উপস্থিত ছিলেন প্রিয় ঘাসের কোর্টে খেলা দেখতে। শচীন ছাড়াও ক্রিকেটের আরেক কিংবদন্তি ব্রায়ান লারা ছিলেন এদিন। ফেডেরার-লারার সঙ্গে তোলা শচীনের ছবিও ভাইরাল নেটদুনিয়ায়। তবে এদিনের ম্যাচে খানিকটা একপেশেভাবেই জিতে যান জেরেভ। প্রথম সেট টাইব্রেকারে গেলেও শেষ হাসি হাসেন জার্মান তারকা। স্ট্রেট সেটে উড়িয়ে দেন প্রতিপক্ষকে। ফাইনালে ইয়ানিক সিনারের বিরুদ্ধে নামবেন জেরেভ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হিন্দু পাত্রের সঙ্গে বাগদান ইদার, মেয়ে জামাইয়ের ছবি শেয়ার করে সুখবর দিলেন ইমতিয়াজ
-
জেলেই ভোট কাটবে নন্দীগ্রামের কং প্রার্থীর, ৭ অক্টোবর পর্যন্ত জেল হেফাজত মিলন প্রধানের
-
জন্মসালের সঙ্গে শিক্ষাগত যোগ্যতায় গরমিল! হাসিরানির হলফনামা নিয়ে হাই কোর্টে মামলা কংগ্রেসের
-
সম্পদ সৃষ্টির থেকে সম্পদ বণ্টন, কীভাবে বদলে যাচ্ছে অবসর পরিকল্পনা নিয়ে আলোচনা
-
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে লক্ষ্মীবারে কলকাতায় গৌতম আদানি, বাংলায় বিপুল বিনিয়োগের সম্ভাবনা