Women Cricket World Cup

বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠান মাতাবেন সুনিধি, মাঠে ঝুলন, থাকবেন শচীন-রোহিতও!

মহিলা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মেতেছিল শ্রেয়া ঘোষালের সুরে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২, ২০২৫, ১৩:২৪

options
link
বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠান মাতাবেন সুনিধি, মাঠে ঝুলন, থাকবেন শচীন-রোহিতও!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মেতেছিল শ্রেয়া ঘোষালের সুরে। এবার বিশ্বকাপে সমাপ্তি অনুষ্ঠানে থাকছে সুনিধি চৌহানের ছন্দ। জানা গিয়েছে, রবিবার ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে ভারতের জাতীয় সংগীত গাইবেন বিখ্যাত গায়িকা। ফাইনাল দেখতে মাঠে থাকবেন কিংবদন্তি পেসার ঝুলন গোস্বামী। এছাড়াও রবিবার গ্যালারিতে দেখা যেতে পারে শচীন তেণ্ডুলকর-রোহিত শর্মাদের।

Advertisement

গত ৩০ সেপ্টেম্বর অসমের বর্ষাপাড়া স্টেডিয়ামে মহিলা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে একেবারে বাঙালি কন্যার সাজে সেজেছিলেন শ্রেয়া। বিশ্বকাপের অফিশিয়াল অ্যান্থেমটিও তাঁর গাওয়া। ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীত গেয়েছিলেন শ্রেয়া। এবার সেই একই ভূমিকা নেবেন সুনিধি। ম্যাচ শুরুর আগে তাঁর কণ্ঠে শোনা যাবে ভারতের জাতীয় সংগীত। দক্ষিণ আফ্রিকার জাতীয় সংগীত গাইতে স্টেডিয়ামে থাকবেন বিখ্যাত প্রোটিয়া গায়িকা টারিন ব্যাঙ্ক।

Advertisement

প্রথম ইনিংস শেষ হয়ে যাওয়ার পর ডি ওয়াই পাটিল স্টেডিয়ামেই শুরু হবে বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠান। সেখানকার মূল আকর্ষণ সুনিধি। ৬০ জন নৃত্যশিল্পীকে সঙ্গে নিয়ে পারফর্ম করবেন তিনি। ওই পারফরম্যান্সের সঙ্গেই চলবে আতশবাজি এবং লেজার শো প্রদর্শনী। থাকবে ড্রোন শো। অন্তত ৩৫০ জনের হাত ধরে এই লেজার শো প্রদর্শিত হবে। ভারত ফাইনালে খেলছে, সেই ফাইনালে পারফর্ম করার সুযোগ পেয়ে আপ্লুত সুনিধি।

Advertisement

ফাইনালের দর্শকাসনেও বেশ কিছু হেভিওয়েট মুখকে দেখা যাবে। থাকবেন ঝুলন গোস্বামী। ২০১৭ সালে ভারত যখন শেষবার মহিলা বিশ্বকাপের ফাইনালে খেলেছিল, সেবার বল হাতে দেখা গিয়েছিল চাকদহ এক্সপ্রেসকে। এবার তিনি দর্শকাসন থেকে সমর্থন করবেন উইমেন ইন ব্লুকে। এছাড়াও শচীন তেণ্ডুলকর, রোহিত শর্মাদের মতো তারকারা থাকবেন বলে শোনা যাচ্ছে। আমন্ত্রণ জানানো হয়েছে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনোকেও।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.