T20 World Cup

চোট-আঘাতে ঘেঁটে ঘ কম্বিনেশন! মুম্বইয়ে বোধনেই খোঁজ মিলবে বিশ্বকাপে ভারতের প্রথম একাদশের

হর্ষিত রানার চোটে দু'বছর টি-টোয়েন্টি দলের বাইরে থাকা মহম্মদ সিরাজ ফিরলেন। দারুণ ফর্মে আছেন বলা যাবে না। ব্যাটিংয়ে পারদর্শী নন। ফলে গম্ভীর-সূর্যদের আবার অনেক কিছু নতুন করে ভাবতে হবে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১০:১৬

options
link
চোট-আঘাতে ঘেঁটে ঘ কম্বিনেশন! মুম্বইয়ে বোধনেই খোঁজ মিলবে বিশ্বকাপে ভারতের প্রথম একাদশের
বিশ্বকাপ অভিযান শুরুর আগে অনুশীলনে টিম ইন্ডিয়া। ছবি: বিসিসিআই

বিশ্বকাপে ভারতের প্রথম একাদশ কীরকম হবে? সূর্যকুমার যাদব, গৌতম গম্ভীররা নিশ্চয়ই ভেবে ফেলেছেন। তবে সেটা সম্ভবত খুব প্রসন্ন চিত্তে নয়। কারণ গত কয়েকমাস ধরে যে টিমটাকে তিল তিল করে গড়ে তুলেছে অধিনায়ক-কোচ জুটি, বিশ্বকাপের আগে ছিদ্র থেকে তার মধ্যে ঢুকে পড়েছে চোটের নাগপাশ। ফলে কেঁচে গণ্ডুষ। তবে একটা বিষয় মোটামুটি পরিষ্কার। ওয়াংখেড়েতে শনিবার আমেরিকার বিরুদ্ধে যে প্রথম একাদশ মাঠে নামবে, সেটাই পরবর্তী ম্যাচগুলোয় খেলবে। খুব বেশি এদিক-ওদিক হবে না।

Advertisement

ওয়াশিংটন সুন্দর প্রথম ম্যাচে খেলতে পারবেন না। কিছুদিনের মধ্যে পুরো ফিট হয়ে যাবেন। তারপর ভারতীয় টিমের সঙ্গে যোগ দেবেন। সেটা খুব সম্ভবত দিল্লি থেকেই। বিশ্বকাপ শুরু হয়ে গেল, অথচ দলের গুরুত্বপূর্ণ সদস্য এখনও দলেই যোগ দিতে পারছেন না। সমস্যা তো বটেই। এর মধ্যে ভারতের বিশ্বকাপ অভিযান শুরুর চব্বিশ ঘন্টা আগে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন পেসার হর্ষিত রানা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচ খেলতে গিয়ে যাঁর হাঁটুতে চোট লেগেছিল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

হর্ষিতের জন্য যে কোনও ক্রিকেটভক্তের খারাপ লাগা উচিত। এমনিতে গম্ভীরের ‘ফেভারিট’ বলে কটাক্ষ শুনতে হয়। তা সত্ত্বেও জায়গা প্রায় পাকা করে ফেলেছিলেন। বোলিং ঠিকঠাক, ব্যাটটা ভালোই চলে। সেটাই অ্যাডভান্টেজ ছিল। অর্থাৎ পিচ বুঝে অর্শদীপ সিংয়ের বদলে হর্ষিতই গম্ভীরের প্রথম পছন্দ হতেন। কিন্তু ক্রিকেট বিধাতার লিখন! দু’বছর টি-টোয়েন্টি দলের বাইরে থাকা মহম্মদ সিরাজ ফিরলেন। দারুণ ফর্মে আছেন বলা যাবে না। ব্যাটিংয়ে পারদর্শী নয়। ফলে গম্ভীর-সূর্যদের আবার অনেক কিছু নতুন করে ভাবতে হবে।

Advertisement

তবে টিম ইন্ডিয়াকে ভরসা দেবে ব্যাটিং লাইন-আপ। ওপেনে ঈশান ও অভিষেককেই দেখা যাবে। সেটা সূর্য পরিষ্কার করে দিয়েছেন, “গত কয়েকটা ম্যাচে দূরত্ব পারফর্ম করেছে ঈশান। আন্তর্জাতিক ম্যাচ বলে বাপারটা আরও বেশি চোখে পড়েছে। কিন্তু তার আগে ঘরোয়া ক্রিকেটেও একইরকম ব্যাটিং করেছিল। আশা করছি বিশ্বকাপেও ঈশান একইভাবে ব্যাটিং করে যাবে।” এরপর তিলক বর্মা। প্রায় তিন সপ্তাহ দলের বাইরে ছিলেন। অস্ত্রোপচারও হয়েছে। কিন্তু প্রস্তুতি ম্যাচে যেভাবে ব্যাট করেছেন, তাতে অন্তত মনে হল না তিনি মাঠের বাইরে ছিলেন। ঠিক সময়ে ফর্মে ফিরেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। এরপর ঝড়ের গতিতে রান তুলবেন অক্ষর প্যাটেল, হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং, শিবম দুবেরা। প্রয়োজন বুঝে ব্যাটিং অর্ডার বদলাবে।

তিলক বর্মা প্রায় তিন সপ্তাহ দলের বাইরে ছিলেন। অস্ত্রোপচারও হয়েছে। কিন্তু প্রস্তুতি ম্যাচে যেভাবে ব্যাট করেছেন, তাতে অন্তত মনে হল না তিনি মাঠের বাইরে ছিলেন। ঠিক সময়ে ফর্মে ফিরেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব।

দুই পেসার জশপ্রীত বুমরার সঙ্গে অর্শদীপ সিংয়ের খেলা নিশ্চিত। শিশির ফ্যাক্টরের কথা মাথা রেখে দুই স্পিনারের বেশি খেলানো হয়তো হবে না। সেটা হলে বরুণ চক্রবর্তীর সঙ্গে খেলবেন অক্ষর প্যাটেল। কুলদীপ যাদবকে বাইরে থাকতে হবে। পেসার অলরাউন্ডার হিসাবে থাকছেন হার্দিক আর শিবম দুবে। বিশ্বকাপে দু’জনেরই স্লোয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

শক্তির দিক থেকে ভারতের থেকে অনেক পিছিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে প্রতিপক্ষকে সামান্যও হালকাভাবে নিচ্ছে না ভারত। শুক্রবার দুপুর দু’টোয় প্র্যাকটিসে নামল টিম। ঘণ্টা দুয়েকের সেশনে বিশ্বকাপ বোধনের মহড়া সেরে রাখলেন অভিষেক শর্মা, হার্দিক পাণ্ডিয়ারা। যেভাবে ‘রেঞ্জ হিটিং’ চলছিল, তাতে একটা জিনিস পরিষ্কার ওয়াংখেড়েতে রানের বন্যা হতে চলেছে। এমনিতে ওয়াংখেড়ের উইকেট বরাবরই ব্যাটিং-সহায়ক। ঈশান কিষানরা এদিন অনুশীলনে শুধু বল গ্যালারিতে পাঠানোর প্র্যাকটিস চালিয়ে গেলেন। ওয়াংখেড়েতে শিশির প্রভাব ফেলবে। ফলে নজর থাকবে টসের দিকে। রাতের দিকে তাপমাত্রা ২৭ ডিগ্রি। তবে উত্তেজনার পারদ চড়ছে। সবমিলিয়ে প্রস্তুতি সারা। এখন শুধু জয় দিয়ে কাপ-বোধনের অপেক্ষা।

সম্ভাব্য প্রথম একাদশ: ঈশান কিষান, অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল, রিঙ্কু সিং, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, জশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.