যত গর্জায় তত বর্ষায় না। বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে ভারতীয় ব্যাটিংকে এভাবেই ব্যাখ্যা করা যায়। ঈশান কিষান এবং সঞ্জু স্যামসনের দাপটে পাওয়ার প্লে’তেই ৮৬ রান তুলে ফেলে ভারত। সেসময়ে মনে হচ্ছিল আড়াইশোর গণ্ডি পেরিয়ে যাবে মেন ইন ব্লু। কিন্তু শেষ পর্যন্ত রানের গতিতে লাগাম পরাল নামিবিয়া। সূর্যকুমার যাদবদের ইনিংস থামল ২০৯ রানে। ৯টি উইকেটও হারাল ভারতীয় দল।
বৃহস্পতিবারের ম্যাচটা পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে ভারতের ড্রেস রিহার্সাল ছিল। সেই ম্যাচে টস হারেন সূর্য। প্রথমে ব্যাট করতে নামে ভারত। অভিষেক শর্মার পরিবর্তে এদিন ওপেন করতে নামেন সঞ্জু স্যামসন। মাত্র ৮ বলে ২২ রান করেন তিনি। অপর প্রান্তে ঝোড়ো ব্যাটিং দুরন্ত ফর্মে থাকা ঈশান কিষানেরও। মাত্র ২৪ বলে ৬১ রান করেন তিনি। ছয়টি বাউন্ডারি এবং পাঁচটি ছক্কা মারেন। অতি আগ্রাসী ব্যাটিং করতে গিয়েই শেষ পর্যন্ত উইকেট খোয়ান।
ঈশানের উইকেট পড়ার পরেই আচমকা ছন্দ হারিয়ে ফেলে ভারতীয় ব্যাটিং লাইন আপ। ২১ বলে ২৫ রান করে আউট হয়ে যান তিলক বর্মা। আগের দিন ম্যাচ জেতানো ইনিংস খেললেও ভারত অধিনায়ক সূর্য এদিন মাত্র ১২ রান করেন, খেলেন ১৩ বল। শেষদিক হার্দিকের তাণ্ডবে ফের ম্যাচে ফেরে ভারত। ২৮ বলে ৫২ রানের ইনিংস খেলে ভারতকে ২০০ রানের গণ্ডি পার করান হার্দিক। কিন্তু তারপরেও ভারতীয় ব্যাটিং লাইন আপ বেশ নড়বড়ে দেখিয়েছে। শেষের দুই ওভারে রান তোলার তাড়াহুড়োয় রান আউট হয়ে যান শিবম দুবে। প্রথম বলে আউট অক্ষর প্যাটেলও।
ম্যাচের শুরুতে বেধড়ক মার খেলেও দারুণভাবে ঘুরে দাঁড়ান নামিবিয়া বোলাররা। চার ওভারে মাত্র ২০ রান দিয়ে চার উইকেট তুলে নিয়েছেন গেরহার্ড এরাসমাস। ঈশান, তিলক-প্রত্যেকের উইকেটই গিয়েছে তাঁর ঝুলিতে। একটি করে উইকেট পেয়েছেন বেন শিকোঙ্গো, জে স্মিট, বার্নার্ড শোলৎজ। ২০০ রানের গণ্ডি পেরিয়ে গেলেও ভারতের ব্যাটিং লাইন আপ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আমেরিকা এবং নামিবিয়া-দুই দলের বিরুদ্ধেই বেশ নড়বড়ে দেখিয়েছে ভারতীয় ব্যাটিংকে।
সর্বশেষ খবর
-
২০২০ সালে ধর্মীয় সভার নামে হাজির আইএসআই কর্তারা! সমাবেশের আড়ালেই পাক চর নিয়োগ নেপালে?
-
‘এবার তলোয়ার চালাব’, শ্রীলঙ্কা ক্রিকেটারদের খোঁচা পন্থের, ‘ভাগ করে খাওয়ার’ পরামর্শ সরফরাজের
-
স্টান্টের সময় মাথায় আঘাতে স্মৃতি উধাও জ্যাসমিনের! কনকাশন কী, কেন এমন হয়?
-
ইমরান ম্যাজিকে ফিকে ‘বাটোয়ারা ১৯৪৭’, তবুও সানিকেই সমর্থন, ভূয়সী প্রশংসা হেমার
-
ফাঁসি না প্রাণঘাতী ইঞ্জেকশন! ‘মানবিক’ মৃত্যুদণ্ডের আর্জিতে কী বলল সুপ্রিম কোর্ট?