টি-২০ বিশ্বকাপ ২০২৬
Arshdeep Singh

‘প্রচণ্ড গালিগালাজ করছিল’, জিম্বাবোয়ে ম্যাচের আগে কেন রেগে গিয়েছিলেন অর্শদীপের বাবা?

রবিবার ওয়েস্ট ইন্ডিজকে হারালেই সেমিফাইনালে উঠবে সূর্যকুমার যাদবের দল। তার আগে অর্শদীপ সিং জানালেন, কীভাবে উইন্ডিজ বনাম প্রোটিয়াদের ম্যাচ মন দিয়ে দেখেছেন তাঁর বাবা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ২০:৫১

options
link
‘প্রচণ্ড গালিগালাজ করছিল’, জিম্বাবোয়ে ম্যাচের আগে কেন রেগে গিয়েছিলেন অর্শদীপের বাবা?
অর্শদীপ ও দর্শন সিং। ফাইল ছবি।

জিম্বাবোয়ের বিরুদ্ধে অতি কাঙ্ক্ষিত জয় পেয়েছে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার কাছে ওয়েস্ট ইন্ডিজ হেরে যাওয়ার পর সেমির সমীকরণ সহজ হয়েছে ভারতের সামনে। রান রেটের কোনও যোগ-বিয়োগ নেই। রবিবার ওয়েস্ট ইন্ডিজকে হারালেই সেমিফাইনালে উঠবে সূর্যকুমার যাদবের দল। তার আগে অর্শদীপ সিং (Arshdeep Singh) জানালেন, কীভাবে উইন্ডিজ বনাম প্রোটিয়াদের ম্যাচ মন দিয়ে দেখেছেন তাঁর বাবা। এমনকী ম্যাচ দেখতে দেখতে কখনও কখনও গালিগালাজও করে উঠেছিলেন দর্শন সিং।

Advertisement

জিম্বাবোয়েকে হারানোয় অসাধারণ অবদান রেখেছেন ‘পাঞ্জাব দা পুত্তর’। ৪ ওভার বল করে ২৪ রান দিয়ে গুরুত্বপূর্ণ ৩ উইকেট শিকার করেন তিনি। অর্শদীপ জানালেন, তাঁর পরিবারের সদস্যরা প্রবল আগ্রহভরে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটি দেখেছিলেন। ম্যাচটি জেসন হোল্ডাররা জিতে গেলে ভারতের সেমিফাইনালে পৌঁছনোর অঙ্কে জটিলতা বাড়ত। সেই কারণে ক্যারিবিয়ান দল যখন চার-ছক্কা হাঁকাচ্ছিল, তখন বাঁহাতি পেসারের বাবা রেগেমেগে চিৎকার করছিলেন। অর্শদীপ তাঁকে শান্ত করে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য প্রার্থনা করতে বলেন।

Advertisement

জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচের পর মিক্স জোনে অর্শদীপ বলেন, “পুরো ম্যাচ আমরা দেখিনি। তবে হোটেল কক্ষে আমার সঙ্গেই ছিল পরিবার। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা যখনই মারছিল, পাপা গালি দেতে থে…, তখনই আমার বাবা গালাগাল দিয়ে উঠছিলেন। চরম রেগে গিয়েছিল বাবা। উত্তেজিত হয়ে বলছিল, ক্যায়া কর রাহা হ্যায়? (তোমরা কী করছ?)।” তিনি আরও বলেন, “বাবা রাগের মাথায় অনেক কথাই বলছিলেন। ওনাকে বুঝিয়ে বলি, শান্ত থাকো। রাগ কোরো না। ম্যাচটি উপভোগ করো। আশা করি দক্ষিণ আফ্রিকা জিতবে। তুমি ওদের জয়ের জন্য প্রার্থনা করো। আমরাও আমাদের বাকি ম্যাচগুলো জিতব।”

Advertisement

আহমেদাবাদে সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। টস জিতে ক্যারিবীয়দের ব্যাট করতে পাঠান প্রোটিয়া অধিনায়ক এডেন মার্করাম। প্রথম ওভারে ১৭ রান তুলে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু আগ্রাসী ব্যাটিংকে বোতলবন্দি করে ফেলতে দেরি হয়নি লুনগি এনগিডিদের। তৃতীয় ওভার থেকেই ক্যারিবীয় উইকেট পড়তে শুরু করে। ১০ ওভারেই তাদের ৭ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে জেসন হোল্ডার এবং রোমারিও শেফার্ডের দাপটে ১৭৬ পর্যন্ত পৌঁছয় ওয়েস্ট ইন্ডিজ। সেই লক্ষ্য সহজেই পূর্ণ করে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ যে ভারতীয় দলও নজরে রেখেছিল, তা জানিয়েছেন হার্দিক পাণ্ডিয়া।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.