Asia Cup

পাক ম্যাচের কথা ভেবেই দল নির্বাচনে বিশেষ স্ট্র্যাটেজি? এশিয়া কাপের স্কোয়াড বাছতে চাপে কমিটি

পাকিস্তানের সঙ্গে তিন-তিন বার সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০২৫, ১০:০৫

options
link
পাক ম্যাচের কথা ভেবেই দল নির্বাচনে বিশেষ স্ট্র্যাটেজি? এশিয়া কাপের স্কোয়াড বাছতে চাপে কমিটি
ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: মঙ্গলবার এশিয়া কাপের দল নির্বাচনের আগে ভারতীয় ক্রিকেটমহলে আলোচনা শুধু একজনকে নিয়েই। শুভমান গিল। এশিয়া কাপের স্কোয়াডে গিল থাকবেন? নাকি থাকবেন না? দল নির্বাচনের আর কয়েক ঘণ্টা বাকি। কিন্তু এশিয়া কাপের দল নির্বাচনকে ভালোরকম জটিল দেখাচ্ছে। নির্বাচকদের সামনে হাজারো একটা সমস্যা। শুধু গিল নন, জশপ্রীত বুমরাহ থেকে শুরু করে মহম্মদ সিরাজ, শ্রেয়স আইয়ার-প্রত্যেকেই এশিয়া কাপ খেলতে ইচ্ছুক।

Advertisement

এখন অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি কী করবেন? কারণ এঁদের কেউই সাম্প্রতিক সময়ে ভারতের হয়ে টি-টোয়েন্টি খুব একটা খেলেননি। বরং শেষ কয়েকটা সিরিজে তারুণ্য আমদানি করা হয়েছিল টিমে। সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মাকে দিয়ে ওপেন করানো হয়েছে। তিন নম্বরে তিলক ভার্মা। তারপর সূর্যকুমার যাদব। এখন শুভমানের স্কোয়াডে থাকা মানে তিনি খেলবেনই। সেক্ষেত্রে ওপেনিং জুটি বদলাতে হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

একইসঙ্গে এটাও বলা হচ্ছে, দ্বিপাক্ষিক সিরিজ আর এশিয়া কাপ এক নয়। এশিয়া কাপ এমন একটা টুর্নামেন্ট, যেখানে এক নয়, দুই নয়, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে তিন-তিন বার সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। ‘অপারেশন সিঁদুর’ এর পর পাকিস্তানের সঙ্গে খেলা কোনও অংশে ‘জঙ্গ’-এর কম হবে না। দেশবাসী যেনতেন প্রকারেণ পাকিস্তানের হার দেখতে চাইবে। তাই জাতীয় নির্বাচকদের উপর চাপটা দ্বিগুণ। কারণ, তাঁদের নির্বাচিত এশিয়া কাপের দলে কোনও ফাঁকফোঁকর থাকা চলবে না।

Advertisement

তাছাড়া ইংল্যান্ড সফরের পর গিলকে নিয়ে আরও বেশি চর্চা চলছে। টেস্ট সিরিজে সাড়ে সাতশোর উপর রান করেছেন। একইসঙ্গে আলোচনা মহম্মদ সিরাজকে নিয়েও। ইংল্যান্ড সফরে সিরাজ দুর্ধর্ষ পারফরম্যান্স করেছেন। যা শোনা যাচ্ছে, তাতে বুমরাহকে হয়তো এশিয়া কাপের টিমে রাখা হতে পারে। কারণ এশিয়া কাপের পর দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে। ওই সিরিজে বুমরাহকে ছাড়া ভারতের খুব একটা অসুবিধে হবে না বলেই মনে করা হচ্ছে। ফলে তখন বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে। তিনজন পেসারের সঙ্গে পেসার অলরাউন্ডার হিসেবে হার্দিক পাণ্ডিয়া থাকবেন। সঙ্গে শিবম দুবেকেও স্কোয়াডে রাখা হতে পারে বলেই খবর।

দুবাইয়ের উইকেটের কথা মাথায় রেখে তিন থেকে চারজন স্পিনার নিয়ে যাওয়া হতে পারে। অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব আর বরুণ চক্রবর্তীকে নিয়ে খুব একটা আলোচনার কিছু নেই। বরং চতুর্থ স্পটের জন্য লড়াই হবে ওয়াশিংটন সুন্দর আর রবি বিষ্ণোইয়ের মধ্যে। দ্বিতীয় উইকেটকিপার হিসেবে লড়াইটা ধ্রুব জুরেল আর জিতেশ শর্মার মধ্যে। তবে কিছুটা হলেও পাল্লা ভারী জিতেশের দিকেই। আইপিএলে আরসিবির হয়ে বেশ কিছু দুর্দান্ত ইনিংস খেলেছেন। তাছাড়া লোয়ার অর্ডারে জুরেলের থেকে জিতেশ অনেক বেশি কার্যকরী। সবমিলিয়ে যা পরিস্থিতি, তাতে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে কঠিন দল নির্বাচনের কাজটা করতে হবে আগরকরদের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.