Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৫ আগস্ট ২০২৬
India vs Ireland

আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?

ভারতীয় বংশোদ্ভূত জয় মুন্দ্রার সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের তারকাখচিত ব্যাটিং।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৮, ২০২৬, ২৩:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৮, ২০২৬, ২৩:৪৫

options
link
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে? zoom
অল্প রান তাড়া করতে গিয়েও ভেঙে পড়ল টপ অর্ডার।
Advertisement

আয়ারল্যান্ড: ১৫৪/৮ (টেক্টর ৫৩, প্রিন্স ২২/৩)
ভারত: ১৫৩/৯ (তিলক ৫৫, জয় ৩২/৩)
ভারত ১ রানে পরাজিত

আয়ারল্যান্ডের কাছে দ্বিতীয় ম্যাচেও হার টিম ইন্ডিয়ার। অধিনায়ক হিসেবে অভিযানটা একেবারেই সুখের হল না শ্রেয়স আইয়ারের। বেলফাস্টে ০-২ ব্যবধানে হেরে চুনকাম হয়ে ইংল্যান্ডে যাচ্ছে ভারত। বোলিংয়ে প্রিন্স যাদব ভরসা দিলেও ব্যাটিংয়ে দুর্দশা অব্যাহত। ভারতীয় বংশোদ্ভূত জয় মুন্দ্রার সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল তারকাখচিত ব্যাটিং। কাজে এল না তিলক বর্মার লড়াই। ১০৫০ দিন পর টানা ১৬টা টি-টোয়েন্টি সিরিজ জেতার পর পচা শামুকে পা কাটল ভারতের। ১ রানে ম্যাচ জিতে নিল আয়ারল্যান্ড। অল্প রান তাড়া করতেও যেভাবে টপ অর্ডার ভেঙে পড়ল, তাতে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন, এরপরও কি বৈভব সূর্যবংশীর অভিষেক হবে না? ঠিক কী ভাবছেন কোচ গৌতম গম্ভীর?

Advertisement

এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন শ্রেয়স। আগের ম্যাচে প্রসিদ্ধ কৃষ্ণকে খেলিয়েছিল ভারত। সেখানে ৪ ওভারে ৫৭ রান দেন ভারতীয় বোলার। ব্যর্থ হন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। দু’জনকেই এই ম্যাচে বাদ দেওয়া হয়। তার জায়গায় টি-টোয়েন্টিতে অভিষেক হয় প্রিন্স যাদব ও সূর্যাংশ শেডগের। প্রথমজন বল হাতে বুঝিয়ে দিলেন, তাঁকে বাদ দেওয়া কঠিন। অভিষেক ম্যাচেই ২২ রান দিয়ে প্রিন্সের ঝুলিতে ৩ উইকেট। প্রসিদ্ধর মতো ‘গা-জোয়ারি’ করলেন না, আবহাওয়া বুঝে বলের সুইংকে ব্যবহার করলেন। যোগ্য সঙ্গ দিলেন শিবম দুবে (২৫/২)। অর্শদীপ বেশি রান দিলেও ২ উইকেট পান। হর্ষিত রানার ঝুলিতে ১ উইকেট। তবে এদিন অভিষেক হওয়া সূর্যাংশ শেডগেও দেদার রান বিলোন। আয়ারল্যান্ডের হয়ে হাফসেঞ্চুরি হ্যারি টেক্টরের (৫৩)। বেন কালিটজ ৩৭ রান করেন। ভারতের জন্য লক্ষ্য ছিল মাত্র ১৫৫।

কিন্তু সেই রান তুলতে গিয়ে টিম ইন্ডিয়ার তারকাখচিত ব্যাটিং লাইনআপের ঘুম ছুটবে কে জানত? সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা, দুই ওপেনার শূন্য রানে ফেরেন। অভিষেক গত ১৪ ম্যাচে ৬টি শূন্য করেছেন। সঞ্জুর ধারাবাহিকতা নিয়ে চিরকালই প্রশ্ন ছিল। এরপরও কি বৈভব সূর্যবংশীর অভিষেক হবে না? নাকি এরপর ইংল্যান্ডের কঠিন পিচে পরীক্ষায় বসতে হবে ১৫ বছরের এক ব্যাটারকে? একটা সময় ভারতের রান ছিল ১ রানে ২ উইকেট। দুই ওপেনারের পথ ধরে প্যাভিলিয়নে ফেরেন শ্রেয়স আইয়ার (১০)। ভারতের পিচে আইপিএলে রান করা আর ইউরোপের মাটিতে রান করায় তফাৎ আছে। এদিন বলের বাউন্স না বুঝে অন্ধের মতো ব্যাট বাড়ালেন। বল ব্যাটে লেগে উইকেটে। সূর্যকুমার যাদবকে কি একটু তাড়াতাড়ি বাদ দিল ভারত। তিনজনেরই উইকেট তুললেন ‘ভারতীয়’ জয় মুন্দ্রা। ঈশান কিষান (১২) ফিরলেন রান আউট হয়ে।

তারপর বেশি কিছুক্ষণ বৃষ্টির জন্য ম্যাচ বন্ধ থাকে। প্রায় আধঘণ্টা পর যখন ম্যাচ শুরু হল, তখন কিছুটা জমিয়ে বসেছিলেন অক্ষর প্যাটেল ও তিলক বর্মা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই খোঁচা মেরে ফেরেন অক্ষর। ১৫ বলে ২০ করে আউট হন শিবম দুবে। তিলক অবশ্য লড়াই চালিয়ে যান। ৪৬ বলে ৫৫ করেন। তিলক ফিরতেই ভারতের জয়ের আশা কার্যত শেষ হয়ে যায়। ভরসা দিতে পারলেন না সূর্যাংশ। তবু শেষের দিকে হর্ষিত ১০ বলে ২১ করে একটা শেষ চেষ্টা করেছিলেন। প্রিন্স শেষ বলে ছক্কা হাঁকিয়েও ভারতকে জেতাতে পারেননি। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৫৩ রানে থামে ভারতের ইনিংস। ১ রানে ম্যাচ জিতে নিল আয়ারল্যান্ড। ১০৫০ দিন পর প্রথম কোনও টি-টোয়েন্টি সিরিজ হারল ভারত। যার মাঝে দুটো বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। অবশেষে শ্রেয়সের নেতৃত্বে প্রথম সিরিজেই সেই রেকর্ড ভাঙল।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.