Cricket Match

২২ গজে রাজনীতির গুন্ডামি! ফাইনাল ম্যাচে ট্র্যাক্টর নিয়ে খুঁড়ে ফেলা হল পিচ, তারপর?

ফাইনাল ম্যাচ চলাকালীন এক যুবক ট্র্যাক্টর নিয়ে মাঠে ঢুকে পিচ খুঁড়ে ফেলে। ঘটনায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২৬, ১৪:৩৭

options
link
২২ গজে রাজনীতির গুন্ডামি! ফাইনাল ম্যাচে ট্র্যাক্টর নিয়ে খুঁড়ে ফেলা হল পিচ, তারপর?
ছবি এক্স।

মহারাষ্ট্রের জলগাঁও জেলায় স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা সামনে এল। জলগাঁও রুরাল এমএলএ কাপের ফাইনাল ম্যাচ চলাকালীন এক যুবক ট্র্যাক্টর নিয়ে মাঠে ঢুকে পিচ খুঁড়ে ফেলে। ঘটনায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাধ্য হয়ে ম্যাচ বাতিল ঘোষণা করেন আয়োজকরা। ঘটনার দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল।

Advertisement

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, খেলা যখন পুরোদমে চলছে, তখনই আচমকা এক যুবক ট্র্যাক্টর নিয়ে মাঠে প্রবেশ করে সরাসরি পিচের দিকে এগিয়ে যায়। তাতে স্টাম্পগুলো ভেঙে যায়। পুরো পিচ খুঁড়ে দেয়। উপস্থিত ক্রিকেটার ও দর্শকরা হতভম্ব হয়ে পড়েন। চরম বিশৃঙ্খলার মধ্যেও অবশ্য ভয়ডরহীন ছিল ওই ট্র্যাক্টরচালক। একেবারে ভাবলেশহীন হয়ে মাঠ ছাড়তে দেখা যায় তাকে। এই ঘটনায় খেলোয়াড় ও আয়োজকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু ক্রিকেট ম্যাচে কেন এমন ‘গুন্ডামি’ চলল? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক প্রভাবশালী ব্যক্তিকে আমন্ত্রণ না জানানোকে কেন্দ্র করেই এমন ঘটনা ঘটেছে। অভিযোগ, প্রভাবশালী ওই ব্যক্তিরই কোনও সমর্থক ‘বদলা’ নিতে ক্ষোভের বশে ট্র্যাক্টর হামলা চালিয়েছে। ট্র্যাক্টর মাঠে ঢুকে পড়ায় পিচটি ক্ষতিগ্রস্ত হয়। ফলে খেলা চালানো অসম্ভব হয়ে পড়ে। এই পরিস্থিতিতে কর্তৃপক্ষ ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেয়। যদিও শেষ পাওয়া খবর পাওয়া অনুযায়ী, পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে স্থানীয় বাসিন্দারা রীতিমতো ক্ষুব্ধ।

Advertisement

নেটিজেনরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখছেন, ‘এটা ক্রিকেট নাকি গুন্ডামি!’ কেউ বলছেন, ‘গ্রামের টুর্নামেন্টেও যদি এভাবে রাজনীতি ঢুকে পড়ে, তাহলে খেলাধুলার ভবিষ্যৎ কোথায়?’ অন্য জনের কথায়, ‘যে মানুষ ট্র্যাক্টর নিয়ে পিচ খুঁড়ে ফেলতে পারে, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত।’ আরেক ইউজারের মন্তব্য, ‘এটা শুধু ম্যাচ নষ্ট নয়, পুরো স্পোর্টসম্যানশিপের অপমান।’ স্থানীয় পর্যায়ের টুর্নামেন্টগুলিতে ব্যক্তিগত বিরোধ ও রাজনীতির প্রভাব পড়লে পরিস্থিতি কত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, তারই প্রকৃষ্ট উদাহরণ এটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.