Vaibhav Suryavanshi

বিশ্বকাপে রেকর্ডের ফুলঝুরি, বৈভবকে মোটা অঙ্কের আর্থিক পুরস্কার দিল বিহার সরকার

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করতে অন্যতম প্রধান ভূমিকা ছিল তার। ক্রিকেটে সাফল্যের পাশাপাশি আর্থিক 'বৈভব'ও পাল্লা দিয়ে বাড়ছে তরুণ তুর্কির।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১৯:৪৮

options
link
বিশ্বকাপে রেকর্ডের ফুলঝুরি, বৈভবকে মোটা অঙ্কের আর্থিক পুরস্কার দিল বিহার সরকার
বৈভব সূর্যবংশী। ফাইল ছবি।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করতে অন্যতম প্রধান ভূমিকা ছিল তার। এবার সেই বৈভব সূর্যবংশীকে বিরাট পুরস্কার দিল তার রাজ্য বিহার। রবিবার তরুণ ক্রিকেটারের হাতে ৫০ লক্ষ টাকার চেক তুলে দেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। রাজ্যের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরি এবং ক্রীড়ামন্ত্রী শ্রেয়সী সিংও উপস্থিত ছিলেন সঙ্গে। কিশোর ক্রিকেটারকে কার্যত অর্থ দিয়ে মুড়ে দিয়েছে বিহার সরকার।

Advertisement

বিশ্বকাপ ফাইনালে ৮০ বলে ১৭৫ রানের বিস্ফোরক ইনিংস খেলে বৈভব। সেঞ্চুরি পূর্ণ করে মাত্র ৫৫ বলে। সেই ইনিংসে ভর করেই ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জেতে ভারতের অনূর্ধ্ব ১৯ দল। জানা গিয়েছিল, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন করানোর পর বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায় বসবে বৈভব। তার জন্য জোরকদমে পড়াশোনাও শুরু করেছিল বিহারের কিশোর। কিন্তু শেষ পর্যন্ত তার পরীক্ষায় বসা হয়নি। ক্রিকেটের ব্যস্ততার কারণেই এবারের মতো তার পরীক্ষায় বসা হয়নি। সম্ভবত পরের বছর দশম শ্রেণির পরীক্ষা দেবে সে।

Advertisement

বিশ্বকাপের পর থেকেই আইপিএলের প্রস্তুতি শুরু করে দেবেন ক্রিকেটাররা। রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলতে নামবে বৈভব। গতবারের নিলামে ১.১ কোটি টাকা দর পেয়েছিল সে। প্রথমবার আইপিএল খেলতে নেমে সেঞ্চুরিও হাঁকিয়েছিল বৈভব। তখনও তরুণ তুর্কির কীর্তিকে কুর্নিশ জানিয়েছিল বিহার সরকার। বৈভবকে ১০ লক্ষ টাকা পুরস্কার দিয়েছিলেন নীতীশ। এবার বিশ্বকাপ জিতে আসা বৈভবকে তিনি পুরস্কার দিলেন ৫০ লক্ষ টাকা। অর্থাৎ ক্রিকেটে সাফল্যের পাশাপাশি আর্থিক ‘বৈভব’ও পাল্লা দিয়ে বাড়ছে তরুণ তুর্কির।

Advertisement

প্রসঙ্গত, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালের মতো মঞ্চে বৈভব বুঝিয়ে দিয়েছে, বিশ্ব ক্রিকেটে রাজত্ব করতেই তার আবির্ভাব। একটার পর একটা রেকর্ড– অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ রান। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে দ্রুততম সেঞ্চুরি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয়। যুব ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা। প্রথম প্লেয়ার হিসাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং তার ফাইনাল- দু’য়েই সেরার পুরস্কার। খুব তাড়াতাড়ি সিনিয়র জাতীয় দলে ডাক পাবে বৈভব, এমনটাই মনে করছে ক্রিকেটমহল।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.